ভারতের কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। এ ঘটনায় দায়ের করা একটি ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশকে পদক্ষেপের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এ নির্দেশ দেন।
অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশি দিল্লি পুলিশকে অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন। আগামী ২৭ নভেম্বর মামলাটি পরবর্তী শুনানি ও পুলিশের প্রতিবেদন বিবেচনার জন্য দিন ধার্য করা হয়েছে।
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগটি করেছেন বিকাশ ত্রিপাঠী। তিনি রাউস অ্যাভিনিউ আদালতের সেন্ট্রাল দিল্লি কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
১৯৮০ সালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ
অভিযোগকারীর দাবি, সোনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালে ভারতের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। অথচ তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালের ৩০ এপ্রিল। অভিযোগে বলা হয়েছে, ১৯৮২ সালে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয় এবং পরে ১৯৮৩ সালের ১ জানুয়ারি আবার অন্তর্ভুক্ত করা হয়।
এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা করার আবেদন জানিয়েছেন ত্রিপাঠী। তাঁর দাবি, নাগরিকত্ব অর্জনের আগেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
আগের খারিজের আদেশ বাতিল হয়েছিল
এই অভিযোগের আইনি প্রক্রিয়ায় এর আগে কয়েক দফা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। গত ১১ সেপ্টেম্বর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া অভিযোগটি খারিজ করে দিয়েছিলেন।
ওই আদেশে আদালত বলেছিলেন, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে জাল নথি ব্যবহারের অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট ও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি। শুধু সাধারণ অভিযোগের ভিত্তিতে প্রতারণা বা জালিয়াতির মতো অপরাধ প্রতিষ্ঠা করা যায় না বলেও পর্যবেক্ষণ ছিল।
তবে ২১ সেপ্টেম্বর বিশেষ বিচারক বিশাল গগনে ওই আদেশ বাতিল করেন। তাঁর যুক্তি ছিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) বিধান অনুযায়ী, এ ধরনের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাজিস্ট্রেটের পুলিশি প্রতিবেদন চাওয়া এবং তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনা প্রয়োজন ছিল।
বিশেষ বিচারক বলেন, আগের আদেশে প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে সেটি বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন সোনিয়া
অভিযোগের বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছেন সোনিয়া গান্ধী। জ্যেষ্ঠ আইনজীবী আর এস চিমার মাধ্যমে তিনি বলেছেন, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিচারিক প্রক্রিয়ার অপব্যবহারের চেষ্টা।
তাঁর আইনজীবীর দাবি, অভিযোগকারী এমন কোনো প্রামাণ্য নথি দিতে পারেননি, যা দিয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় জালিয়াতি বা নথি পরিবর্তনের অভিযোগ প্রতিষ্ঠা করা সম্ভব।
সোনিয়া গান্ধীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, নাগরিকত্ব-সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। অন্যদিকে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের। এসব বিষয়ে ফৌজদারি আদালত ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণ করতে পারে না।
তাঁর আইনজীবীরা আরও যুক্তি দিয়েছেন, অভিযোগটি নতুন কোনো তথ্যের ভিত্তিতে করা হয়নি। বরং দুই দশকেরও বেশি আগে সংবাদমাধ্যমে আলোচিত একটি বিতর্ক আবার সামনে আনা হয়েছে।
২৭ নভেম্বর পুলিশের প্রতিবেদন আদালতে জমা পড়ার পর অভিযোগটির পরবর্তী আইনি গতিপথ স্পষ্ট হতে পারে।












