বিশ্বের প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাপ্লাই-চেইন সাইবার হামলার শিকার হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর চালানো এ হামলায় বিবিসি, সিএনএন, আইকিয়া, জুম ও সেলসফোর্সের মতো বহুল ব্যবহৃত ওয়েবসাইটও আক্রান্ত হয়েছে। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের ব্যবহৃত তৃতীয় পক্ষের ডিজিটাল সেবায় অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের আর্থিক তথ্য ও ক্রিপ্টোকারেন্সি চুরির চেষ্টা করেছে।
সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমে প্রথম এ হামলার বিষয়টি শনাক্ত করেন। তাঁর তথ্য অনুযায়ী, অন্তত ১৭৮টি লক্ষ্যবস্তু ওয়েবসাইটে ব্যবহৃত তৃতীয় পক্ষের প্রযুক্তি আক্রান্ত হয়েছে।
আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে এয়ার ফ্রান্স-কেএলএম, এইচএসবিসি ইউএই, গিটল্যাব, ইকুইফ্যাক্স, লেজার ও পিকক।
তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করে হামলা
হামলাকারীরা অপটিমাইজলি নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহৃত টুলসের মধ্যে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড প্রবেশ করায়। বিভিন্ন প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ওয়েবসাইটে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও অনলাইন সেবা উন্নত করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সাপ্লাই-চেইন সাইবার হামলার বিশেষ ঝুঁকি হলো, হ্যাকাররা সরাসরি কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে প্রবেশ না করেও তাদের ব্যবহৃত তৃতীয় পক্ষের সফটওয়্যারকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে দিতে পারে।
আক্রান্ত কোডের উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ এবং ক্রিপ্টোকারেন্সি চুরি করা। পাশাপাশি অ্যাপলের ডিভাইসে সরাসরি ক্ষতিকর কোড পাঠানোর চেষ্টাও করা হয়েছে। এতে পরবর্তী সময়ে ডিভাইসগুলো আরও বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারত।
কয়েক ঘণ্টায় ৭ হাজার ডলারের বেশি ক্রিপ্টো জমা
স্কট হেলমের তথ্য অনুযায়ী, হামলাকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রায় ৭ হাজার ৪০ ডলার জমা হয়েছিল। ১৬ নভেম্বর প্রায় নয় ঘণ্টার মধ্যে এই অর্থ জমা হয়।
হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর সাইবার নিরাপত্তা গবেষক এবং অপটিমাইজলি কর্তৃপক্ষ ক্ষতিকর কোডের বিস্তার বন্ধে পদক্ষেপ নেয়। হেলমে জানান, বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে অধিকাংশ ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়।
হামলার কথা স্বীকার করেছে অপটিমাইজলি
অপটিমাইজলি এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাদের ওয়েব এক্সপেরিমেন্টেশন সেবা ব্যবহারকারী কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া আরেক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নিরাপত্তা দুর্বলতার সুযোগ বন্ধ করা হয়েছে, অনুপ্রবেশ করা ক্ষতিকর কোড সরানো হয়েছে এবং আক্রান্ত গ্রাহকদের সরাসরি বিষয়টি জানানো হয়েছে।
তবে এই সাপ্লাই-চেইন সাইবার হামলায় কতজন ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি।












