যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় তিনি এই হত্যার পরিকল্পনা করেছিলেন বলে আদালতে উঠে এসেছে।
নিউইয়র্কের ফেডারেল বিচারক এরিক রস কমিটি মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন। এর আগে গত মার্চে একটি জুরি বোর্ড তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করে।
লক্ষ্য ছিলেন ট্রাম্প, বাইডেন ও নিকি হ্যালি
মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকেও হত্যার সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করেছিলেন মার্চেন্ট। তবে মূল পরিকল্পনা ছিল ট্রাম্পকে হত্যা করা।
২০২০ সালে ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল বলে আদালতে জানান মার্চেন্ট। ওই হামলার নির্দেশ দেওয়ার কথা ট্রাম্প নিজেও প্রকাশ্যে স্বীকার করেছিলেন।
সোলাইমানি হত্যার পর ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
১৫ বার ইরান সফর, গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে প্রথমে ইরান সফর করেন মার্চেন্ট। পরে সেখানে আইআরজিসির একজন কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি মোট ১৫ বার ইরান সফর করেন এবং ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে কয়েকজন ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে যাঁদের তিনি হত্যাকারী হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন, তাঁরা আসলে ছিলেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট।
কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক অর্থ হিসেবে তাঁদের পাঁচ হাজার ডলার দিয়েছিলেন মার্চেন্ট। ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে টেক্সাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের নিরাপত্তার ভয় দেখানোর দাবি
আদালতে মার্চেন্ট দাবি করেন, ইরানি যোগাযোগকারী তাঁর ইরানে থাকা আত্মীয়স্বজনের পরিচয় ও ঠিকানা জানেন বলে তাঁকে ভয় দেখিয়েছিলেন। এ কারণে ষড়যন্ত্রে অংশ নেওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ ছিল না বলে যুক্তি দেন তিনি।
মার্চেন্ট আরও দাবি করেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই তিনি গ্রেপ্তার হবেন বলে ধারণা করেছিলেন। পরে মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা করে গ্রিন কার্ড পাওয়ার আশাও করেছিলেন বলে জানা গেছে।
জুরি বোর্ড দুই ঘণ্টারও কম সময় আলোচনা করে তাঁকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়।
বিদেশি হত্যার ষড়যন্ত্র বরদাশত করবে না যুক্তরাষ্ট্র
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র সমন্বয় করতে যুক্তরাষ্ট্রে আসা ইরানি এজেন্টকে তাঁর অপরাধের জন্য যথাযথ সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করবে না বিচার বিভাগ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত ব্যবস্থা অব্যাহত থাকবে।












