চীনের বৈদ্যুতিক গাড়ির (ইভি) শিল্পের অন্যতম কেন্দ্র শেনঝেনে বুধবার পৌঁছাচ্ছে ট্রাম্পের দ্য বিস্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত সাঁজোয়া গাড়ি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের সফর ঘিরে এবার একই শহরে দেখা যাবে প্রযুক্তি ও পরিবেশগত দৃষ্টিভঙ্গির এক অদ্ভুত বৈপরীত্য।
মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক গাড়ি হিসেবে পরিচিত ‘দ্য বিস্ট’-এর প্রকৃত নাম ক্যাডিলাক ওয়ান। ট্রাম্পের দ্য বিস্ট এবার ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনে যাচ্ছে। তবে শেনঝেনে পৌঁছে গাড়িটি এমন এক পরিবেশে চলবে, যেখানে সরকারি উদ্যোগে কয়েক শ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি ব্যবহার করা হচ্ছে।
এপেক সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের যাতায়াতের জন্য এসব পরিবেশবান্ধব গাড়ির ব্যবস্থা করেছে চীন। এর মাধ্যমে দেশটি নিজেদের দ্রুত সম্প্রসারিত বৈদ্যুতিক গাড়িশিল্পের সক্ষমতা তুলে ধরতে চায়।
অন্যদিকে, ট্রাম্পের দ্য বিস্ট তার বিশাল জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণের জন্য আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটিতে ভি৮ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রতি গ্যালনে এটি মাত্র ৩ দশমিক ৭ মাইল চলতে পারে বলে দাবি করা হয়। অর্থাৎ প্রতি ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৬৪ লিটার জ্বালানি প্রয়োজন হতে পারে।
গাড়িটির কার্বন নিঃসরণের পরিমাণ প্রতি ১০০ কিলোমিটারে প্রায় ১৭০ কেজি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যা সাধারণ একটি যাত্রীবাহী গাড়ির তুলনায় প্রায় ১০ থেকে ১২ গুণ বেশি।
ফলে শেনঝেনের সড়কে একদিকে চলবে শত শত বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি, অন্যদিকে থাকবে বিশ্বের অন্যতম শক্তিশালী সুরক্ষাব্যবস্থাসম্পন্ন এই মার্কিন প্রেসিডেনশিয়াল লিমুজিন।
এই দৃশ্য কেবল দুই দেশের গাড়ি প্রযুক্তির পার্থক্যই তুলে ধরছে না, বরং পরিবহনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থানের প্রতীকী চিত্রও হয়ে উঠতে পারে।












