বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে দ্রুত স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পেছনের অংশে এ ঘটনা ঘটে।
বাসস্ট্যান্ডে কর্মরত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত কোনো ট্রিপ না থাকায় বিএমএফ পরিবহনের বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়েছিল। বাসের দরজা ও জানালা বন্ধ করে শ্রমিকেরা অন্যত্র চলে যান। এর কিছুক্ষণ পরই বাসটির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান, হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পেয়ে তিনি এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বাসশ্রমিক ও স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।












