যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে বড় আকার নিয়েছে। দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। শিশুদের টিকাদানের হার কমে যাওয়া, জনস্বাস্থ্য খাতে সরকারি অর্থায়ন সংকোচন এবং টিকা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের টিকাবিষয়ক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
উটাহ অঙ্গরাজ্যে ২০২৫ সালের জুনে একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাবের সূচনা হয়। ওই সম্প্রদায়ের অনেকেই দীর্ঘদিন ধরে টিকাদান কর্মসূচি থেকে দূরে ছিলেন। পরবর্তী সময়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে বিভিন্ন শহর ও জনসমাগমস্থলে। স্কুলের অনুষ্ঠান, বাস্কেটবল খেলা, গির্জার চলচ্চিত্র প্রদর্শনী, সুপারমার্কেট, শিশুযত্ন কেন্দ্র এমনকি বিভিন্ন বিনোদনকেন্দ্রেও সংক্রমণের ঘটনা ঘটে।
একসময় যুক্তরাষ্ট্রে হাম নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ এবং ব্যাপক টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হতো। ২০০০ সালে দেশটিতে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক প্রাদুর্ভাব সেই অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছে। ১৮ নভেম্বর প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র হামের সংক্রমণমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে।
টিকাদানে বড় ধরনের পতন
২০২৫ সালে উটাহে সাতটি সুপারিশকৃত টিকার আওতায় আসা শিশুদের হার কমেছে ২ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট। নেমে এসেছে ৬৯ দশমিক ৬ শতাংশে। ২০১৯ সালের পর এটি অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় বার্ষিক পতন।
হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমএমআর টিকার প্রথম ডোজ নেওয়ার হারও কমেছে। ২০২৫ সালে উটাহে এই হার ৮৬ দশমিক ৬ শতাংশে নেমে আসে। অথচ ব্যাপক জনগোষ্ঠীকে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে দুই ডোজ এমএমআর টিকার আওতায় অন্তত ৯৫ শতাংশ মানুষকে আনার প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।
যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ও নিউইয়র্ক শহরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালে ছোট শিশুদের নিয়মিত টিকাদানের হার গড়ে ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। গত ছয় বছরের মধ্যে এটি সবচেয়ে বড় পতন। মহামারির সময় ২০২০ সালে যে হারে টিকাদান কমেছিল, সাম্প্রতিক পতন তার প্রায় দ্বিগুণ।
কলোরাডোতে টিকাদানের হার ৩ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট কমে ৭১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। নিউইয়র্ক শহরে কমেছে ৩ শতাংশীয় পয়েন্ট, নেমে এসেছে ৬১ শতাংশে। ২০২৬ সালেও সাতটি অঞ্চলের মধ্যে পাঁচটিতে টিকাদানের হার আরও কমেছে।
কেনেডির অবস্থান নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরেই টিকা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। তাঁর বিভিন্ন বক্তব্যে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমনকি হামের মতো রোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
বিশেষজ্ঞরা অবশ্য এই ধারণার বিরোধিতা করছেন। তাঁদের মতে, হাম অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। টিকা না নেওয়া একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এমন শিশু ও দুর্বল রোগপ্রতিরোধক্ষমতার মানুষও সংক্রমিত হতে পারেন, যাঁদের বয়স বা শারীরিক অবস্থার কারণে টিকা নেওয়া সম্ভব নয়।
কেনেডি কখনো কখনো এমএমআর টিকাকে হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করলেও তাঁর অন্যান্য বক্তব্য ও নীতিগত পদক্ষেপ সেই বার্তার সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচনা রয়েছে।
২০২৫ সালের আগস্টে ট্রাম্প ও কেনেডি এমএমআর টিকাকে তিনটি পৃথক টিকায় ভাগ করার উদ্যোগ ঘোষণা করেন। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মতে, এ ধরনের পরিবর্তনে কয়েক বছর সময় লাগতে পারে এবং শিশুদের প্রচলিত টিকাদান সূচিতেও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হবে।
জনস্বাস্থ্য খাতে অর্থায়ন কমায় সংকট
হামের সংক্রমণ বাড়ার সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের জনস্বাস্থ্য খাতে ১১ বিলিয়ন ডলারের অনুদান কমিয়ে দেয়। এর ফলে বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি, পরীক্ষাগার কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে যায়।
স্থানীয় ৪৪টি স্বাস্থ্য বিভাগের মধ্যে ৩১টি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় অর্থায়নে মোট ৬৭ মিলিয়ন ডলারের কাটছাঁট হয়েছে। অনেক বিভাগকে কর্মী ছাঁটাই, টিকাদান কর্মসূচি সংকোচন এবং নতুন নিয়োগ বন্ধ করতে হয়েছে।
উটাহে সংক্রমণ মোকাবিলায় জরুরি সহায়তার জন্য রোগতত্ত্ববিদদের একটি দল পাঠানোর পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত অঙ্গরাজ্যটি আনুষ্ঠানিকভাবে সেই সহায়তা চায়নি। এর মধ্যে স্বাস্থ্য বিভাগগুলোকে তিন ডজনের বেশি নার্স, রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যকর্মী হারাতে হয়েছে।
শিশুদের ঝুঁকি বাড়ছে
উটাহে ৭২৫ জন আক্রান্তের মধ্যে প্রায় ৬৫ শতাংশই টিকা না নেওয়া শিশু। কয়েক ডজন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একটি উচ্চবিদ্যালয়ের কুস্তি দলের কয়েকজন সদস্যের মাধ্যমে নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে।
বিশেষজ্ঞদের সতর্কতা, হাম শুধু কয়েক দিনের জ্বর বা শরীরে ফুসকুড়ির রোগ নয়। এর জটিলতায় নিউমোনিয়া, অন্ধত্ব, বধিরতা এবং দীর্ঘ সময় পর স্নায়ুতন্ত্রের প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে। বিশ্বজুড়ে প্রতিবছর এ রোগে প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়, যাঁদের বড় অংশই শিশু।
যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, টিকাদানে আস্থা ফিরিয়ে আনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন করতে কয়েক বছর লেগে যেতে পারে। রাজনৈতিক বক্তব্য, অর্থায়নের সংকোচন এবং টিকাদান নিয়ে বিভ্রান্তি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।












