সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান ও চিকিৎসার পাশাপাশি নিরাপদ পানি, উন্নত পয়োনিষ্কাশন এবং বর্জ্যপানি ব্যবস্থাপনাকে জনস্বাস্থ্য অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পানির এসব ব্যবস্থা শুধু রোগের বিস্তার ঠেকাতে নয়, বরং কোনো এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতেও ভূমিকা রাখতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বর্জ্যপানি পর্যবেক্ষণ প্রযুক্তির সমন্বয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
বিশ্বজুড়ে পোলিও নির্মূলের উদ্যোগ জনস্বাস্থ্য খাতে অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত। ১৯৮৮ সালের পর থেকে বন্য পোলিও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ শতাংশের বেশি কমেছে। টিকাদান, রোগ পর্যবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে একসময় ব্যাপক হুমকি তৈরি করা এই রোগকে নির্মূলের কাছাকাছি নিয়ে আসা সম্ভব হয়েছে।
তবে নির্মূলের শেষ পর্যায়ে পৌঁছানোই সবচেয়ে কঠিন। এ সময় টিকাদানের পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ দূর করাও জরুরি। পোলিও দূষিত পানির মাধ্যমে ছড়াতে পারে। ফলে নিরাপদ পানির নিশ্চয়তা এবং কার্যকর পয়োনিষ্কাশনব্যবস্থা রোগটির সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিরাপদ পানির অভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ২১০ কোটি মানুষের নিরাপদ ব্যবস্থাপনায় সরবরাহ করা পানীয়জলের সুবিধা ছিল না। একই সময়ে ৩৪০ কোটি মানুষ নিরাপদ ব্যবস্থাপনায় পয়োনিষ্কাশনসেবা থেকে বঞ্চিত ছিল।
এর স্বাস্থ্যগত পরিণতিও ভয়াবহ। ২০১৯ সালে নিরাপদ পানি, পয়োনিষ্কাশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবে অন্তত ১৪ লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটেছে। এ পরিসংখ্যান দেখায়, পানি ও স্বাস্থ্য খাতকে আলাদা করে দেখার সুযোগ নেই। নিরাপদ পানির অভাব কেবল জীবনযাত্রার মান কমায় না, সংক্রামক রোগের বিস্তারের ঝুঁকিও বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, পানি অবকাঠামোকে শুধু পানি সরবরাহের ব্যবস্থা হিসেবে দেখলে চলবে না। এটিকে প্রতিরোধমূলক স্বাস্থ্য অবকাঠামো হিসেবেও গড়ে তুলতে হবে। বিশুদ্ধ পানি রোগের ঝুঁকি কমাতে পারে, নিরাপদ পয়োনিষ্কাশন সংক্রমণের বিস্তার ঠেকাতে পারে। অন্যদিকে, বর্জ্যপানি বিশ্লেষণ করে কোনো এলাকায় নির্দিষ্ট জীবাণুর উপস্থিতি শনাক্ত করা সম্ভব।
রোগ ছড়ানোর আগেই শনাক্তকরণ
বর্জ্যপানি পর্যবেক্ষণ জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি কার্যকর পদ্ধতি হিসেবে গুরুত্ব পাচ্ছে। কোনো এলাকায় পোলিও আক্রান্ত ব্যক্তির মধ্যে পক্ষাঘাতের লক্ষণ দেখা না গেলেও বর্জ্যপানিতে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হতে পারে। অর্থাৎ, হাসপাতালে রোগী শনাক্ত হওয়ার আগেই সংক্রমণের সম্ভাব্য বিস্তার সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বর্জ্যপানি পর্যবেক্ষণব্যবস্থা সম্ভাব্য জনস্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে আগাম সতর্কতা পাওয়া এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
২০২৫ সালে ইউরোপীয় কমিশনও বর্জ্যপানি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন রোগের বিস্তার অনুসরণের জন্য ইউরোপীয় বর্জ্যপানি পর্যবেক্ষণ ড্যাশবোর্ড চালু করে। এসব উদ্যোগের লক্ষ্য হলো, রোগের প্রাদুর্ভাব ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি শনাক্ত করে প্রস্তুতি নেওয়া।
দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় পোলিও ও অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ নির্মূলে বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে। ‘রিচিং দ্য লাস্ট মাইল’ তহবিলের মাধ্যমে কয়েক ডজন দেশে দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে রোগ প্রতিরোধের সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
এই উদ্যোগের মূল দর্শন হলো, সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের শেষ ধাপেও বাদ রাখা যাবে না। দুর্গম অঞ্চলের শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তাদের নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আনাও প্রয়োজন।
পানি ও স্বাস্থ্যনীতিতে সমন্বয়ের তাগিদ
২০২৬ সালের জাতিসংঘ পানি সম্মেলন আবুধাবিতে আয়োজনের প্রস্তুতির মধ্যে পানি ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে দেখার বিষয়টি নতুন গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ষষ্ঠ লক্ষ্য—সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা এবং এসব সম্পদের টেকসই ব্যবস্থাপনা—বাস্তবায়নে উদ্যোগ জোরদার করা।
এ লক্ষ্য অর্জনে সরকার, উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের সমন্বিত বিনিয়োগ প্রয়োজন। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্যপানি ব্যবস্থাপনা এবং রোগ পর্যবেক্ষণকে একই পরিকল্পনার আওতায় আনা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জলবায়ু ও অন্যান্য দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও বাড়তে পারে।
রোগমুক্ত ভবিষ্যৎ গড়তে শুধু টিকা বা চিকিৎসার ওপর নির্ভর করলেই হবে না। প্রয়োজন এমন অবকাঠামো, যা রোগের বিস্তার ঠেকাবে এবং আগাম ঝুঁকির সংকেত দেবে। নিরাপদ পানি তাই কেবল একটি মৌলিক সম্পদ নয়; এটি মানুষের জীবন রক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম ভিত্তি।












