আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ছয় মাস আগে প্রাদুর্ভাব ঘোষণার পরও সংক্রমণ ও মৃত্যু থামানো যাচ্ছে না। বরং আগের যেকোনো ইবোলা প্রাদুর্ভাবের তুলনায় দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ হাজার ৫০০ জনেরও বেশি।
বিরল ‘বান্ডিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাসে সৃষ্ট এই প্রাদুর্ভাব ইতিমধ্যে বিশ্বে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণে পরিণত হয়েছে। গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সহায়তা সংস্থা ও বিভিন্ন দেশের পক্ষ থেকে বিপুল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি এলেও প্রয়োজনীয় অর্থ, চিকিৎসাসামগ্রী ও জনবল সময়মতো পৌঁছাচ্ছে না। পাশাপাশি নিরাপত্তাহীনতা, স্থানীয় জনগোষ্ঠীর অবিশ্বাস এবং ত্রাণ ও স্বাস্থ্যসেবার সমন্বয়হীনতা সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
আগের যেকোনো প্রাদুর্ভাবের চেয়ে দ্রুত ছড়াচ্ছে
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কঙ্গোতে ইবোলার বর্তমান সংক্রমণ ও মৃত্যুর গতি আগের যেকোনো প্রাদুর্ভাবের তুলনায় বেশি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইতিহাসের সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
কিন্তু কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবে প্রথম ছয় মাসে সংক্রমণ ও মৃত্যুর হার পশ্চিম আফ্রিকার ওই মহামারির একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
কঙ্গোতে এবারসহ মোট ১৭ বার ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এর আগে সবচেয়ে বড় প্রাদুর্ভাব ছিল ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত। ওই সময়ে ৩ হাজার ৪৮১ জন আক্রান্ত এবং ২ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, বেতন না পেয়ে ধর্মঘট
ইবোলা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাহীনতা। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন এবং রোগী শনাক্তে নিয়োজিত দল হামলার শিকার হচ্ছে। এতে আক্রান্ত এলাকায় চিকিৎসাসেবা ও নজরদারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় জনগোষ্ঠীর একাংশের মধ্যে বাইরের স্বাস্থ্যকর্মীদের প্রতি অবিশ্বাসও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফলে আক্রান্তদের শনাক্ত করা, চিকিৎসাকেন্দ্রে নেওয়া এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের পর্যবেক্ষণে রাখা কঠিন হয়ে পড়ছে।
চিকিৎসা সহায়তাকারী সংস্থা মেডসাঁ সঁ ফ্রন্তিয়ের জানিয়েছে, প্রাদুর্ভাবের প্রাথমিক কেন্দ্র ইটুরি প্রদেশের বাইরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনো প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও সহায়তা পৌঁছাচ্ছে না।
এদিকে বেতন বকেয়া এবং কর্মপরিবেশের অসন্তোষে স্বাস্থ্যকর্মীদের একাংশ ধর্মঘট করেছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কয়েকজন স্বাস্থ্যকর্মী আগস্ট মাসের পর থেকে বেতন পাননি। সমস্যা সমাধানে কঙ্গো সরকার কাজ করছে বলে জানানো হয়েছে।
প্রতিশ্রুত অর্থের অর্ধেকও পৌঁছায়নি
ইবোলা মোকাবিলায় আন্তর্জাতিকভাবে প্রায় ২৯০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিশ্রুত অর্থের অর্ধেকেরও কম এখন পর্যন্ত ছাড় হয়েছে।
অর্থ ছাড়ে বিলম্বের কারণে চিকিৎসাকেন্দ্র পরিচালনা, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সহায়তা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ছয় মাসেও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কঙ্গোর এই প্রাদুর্ভাব এখন শুধু দেশটির স্বাস্থ্যব্যবস্থার জন্য নয়, পুরো অঞ্চলের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। সংক্রমণের গতি কমাতে দ্রুত অর্থ ছাড়, চিকিৎসাসেবার সমন্বয় এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।












