জার্মানির আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প প্রকাশিত হয়েছে। ব্যাংকটির ২০১০ সালের শুরুর দিক থেকে পরিচালিত কার্যক্রমের ওপর ভিত্তি করে ফাঁস হওয়া ১ কোটি ৫০ লাখের বেশি গোপন নথি বিশ্লেষণ করেছেন বিশ্বের ৫০টির বেশি সংবাদমাধ্যমের ২৩০ জনেরও বেশি সাংবাদিক। ‘ইনসাইড ডয়েচে ব্যাংক’ নামের এই অনুসন্ধানে উঠে এসেছে ব্যাংকটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড, আর্থিক লেনদেন এবং বিভিন্ন সন্দেহজনক কার্যক্রমের গুরুত্বপূর্ণ তথ্য।
মঙ্গলবার ১৭ নভেম্বর থেকে ফরাসি সংবাদমাধ্যম লা মঁদে এই অনুসন্ধান প্রকাশ শুরু করেছে। প্রকল্পটি ব্যাংকিং খাতের কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাংবাদিকতামূলক অনুসন্ধান হিসেবে বিবেচিত হচ্ছে।
১ কোটি ৫০ লাখ নথি, ৯০ লাখ ইমেইল
অনুসন্ধানের ভিত্তি ডয়েচে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি গোপন নথি। এর মধ্যে রয়েছে প্রায় ৯০ লাখ ইমেইল। এসব নথিতে ব্যাংকটির অভ্যন্তরীণ যোগাযোগ, গ্রাহক যাচাইসংক্রান্ত প্রতিবেদন, আর্থিক অপরাধবিষয়ক তদন্ত এবং বিভিন্ন লেনদেনের তথ্য রয়েছে।
২০১০ সালের শুরুর দিক থেকে ব্যাংকটির কার্যক্রমের বিভিন্ন দিক এসব নথিতে উঠে এসেছে। অনেক নথি ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তের অংশ হিসেবে তৈরি হয়েছিল। ফলে প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি মূল্যায়ন এবং আর্থিক অপরাধ মোকাবিলার অভ্যন্তরীণ ব্যবস্থার তথ্য বিশ্লেষণের সুযোগ পেয়েছেন সাংবাদিকেরা।
ভারতের সাংবাদিক ও লেখক জোসি জোসেফ এবং দক্ষিণ আফ্রিকার অনুসন্ধানী সাংবাদিক খাদিজা শারিফ প্রথম এসব তথ্য সংগ্রহ করেন। পরে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে নথিগুলো ভাগ করে নেন।
দুই তথ্যদাতার কাছ থেকে নথি
ডয়েচে ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট দুইজন তথ্যদাতা এসব গোপন নথি সরবরাহ করেছেন। তাঁদের পরিচয় এবং ব্যাংকের সঙ্গে সম্পর্ক প্রকাশ করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তথ্য ফাঁসের সুনির্দিষ্ট তারিখও গোপন রাখা হয়েছে।
তথ্যদাতাদের বক্তব্য অনুযায়ী, তাঁদের বিশ্বাস ছিল ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিষয়গুলো জনস্বার্থে প্রকাশ করা জরুরি। এ কারণেই তাঁরা সাংবাদিকদের কাছে নথিগুলো হস্তান্তর করেন।
তথ্যদাতারা একই তথ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং দেশটির অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের কাছেও সরবরাহ করেছেন। এসব নথির ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার যদি ডয়েচে ব্যাংকের বিরুদ্ধে মামলা করে, তাহলে তথ্যদাতা ও তাঁদের আইনজীবীরা আর্থিক পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন।
অনুসন্ধানী সাংবাদিকেরা স্পষ্ট করেছেন, তথ্য সংগ্রহের জন্য তাঁরা তথ্যদাতাদের কোনো অর্থ দেননি বা অন্য কোনো সুবিধার প্রতিশ্রুতিও দেননি। তথ্যদাতা কিংবা তাঁদের আইনজীবীরা অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণেও কোনো শর্ত আরোপ করেননি।
৫০টির বেশি সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সহযোগিতা
এই অনুসন্ধানের সমন্বয় করেছে দক্ষিণ আফ্রিকাভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিডিয়া এনপিসি। তথ্য বিশ্লেষণে কারিগরি সহায়তা দিয়েছে জার্মানির ডেটা অ্যান্ড রিসার্চ সেন্টার।
লা মঁদের পাশাপাশি পাকিস্তানের ডন, জাপানের কিয়োদো নিউজ, জার্মানির ডের স্পিগেল, যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, অস্ট্রেলিয়ার ক্রিকি, ভারতের নিউজলন্ড্রি ও দ্য নিউজ মিনিটসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এতে অংশ নিয়েছে।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংবাদিকেরা নিজ নিজ দেশের প্রেক্ষাপটে নথিগুলো বিশ্লেষণ করেছেন। বাংলাদেশ থেকেও নেট্রা এই আন্তর্জাতিক অনুসন্ধানে অংশ নিয়েছে।
অর্থায়নকারীদের ছিল না সম্পাদকীয় নিয়ন্ত্রণ
অনুসন্ধানটি পরিচালনাকারী ব্যারাকুডা মিডিয়া আন্তর্জাতিক ফান্ড ফর পাবলিক ইন্টারেস্ট মিডিয়া এবং মিলেনিয়াম ট্রাস্টের অনুদান পেয়েছে। এসব তহবিলে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে।
তবে অনুসন্ধানের আয়োজকেরা জানিয়েছেন, অর্থায়নকারীদের কেউ ফাঁস হওয়া নথিতে প্রবেশাধিকার পাননি। অনুসন্ধানের বিষয় নির্বাচন কিংবা সম্পাদকীয় সিদ্ধান্তেও তাঁদের কোনো ভূমিকা ছিল না।












