বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান জার্মানির ডয়েচে ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্যাংকটির ১ কোটি ৫৬ লাখ গোপন নথি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অনুসন্ধানে উঠে এসেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের, অর্থ পাচারকারী, যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইন এবং বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তির সঙ্গে ব্যাংকটির আর্থিক সম্পর্ক ছিল।
নথিগুলোতে দেখা গেছে, বিপুল মুনাফার স্বার্থে ব্যাংকটি একাধিকবার নিজেদের অর্থপাচারবিরোধী সতর্কতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ নীতিমালা উপেক্ষা করেছে। ২০১০ সালের শুরুর দিক থেকে ব্যাংকটির কর্মকাণ্ডের তথ্য রয়েছে এসব নথিতে। এখন পর্যন্ত ব্যাংকিং খাতের সবচেয়ে বড় তথ্য ফাঁস হিসেবে বিবেচিত এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে নথি সরবরাহ করেছেন দুইজন তথ্যদাতা।
দক্ষিণ আফ্রিকার অনুসন্ধানী সাংবাদিক খাদিজা শারিফ ও ভারতের সাংবাদিক জোসি জোসেফ এসব নথি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি জোটের সঙ্গে ভাগ করেন। ৫০টির বেশি সংবাদমাধ্যমের অংশগ্রহণে পরিচালিত অনুসন্ধানে এসব তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেও রুশ ধনকুবেরদের অর্থ স্থানান্তর
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ডয়েচে ব্যাংক রুশ গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে।
অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকটির মস্কো ও লন্ডন শাখার কর্মকর্তারা ‘মিরর ট্রেডিং’ নামে একটি পদ্ধতির মাধ্যমে রাশিয়া থেকে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ স্থানান্তরের ব্যবস্থায় যুক্ত ছিলেন। এই পদ্ধতিতে অর্থের প্রকৃত উৎস ও মালিকানা আড়াল করে রাশিয়ার বাইরে সম্পদ সরিয়ে নেওয়া হতো। এর সুবিধাভোগীদের মধ্যে ক্রেমলিনঘনিষ্ঠ কয়েকজন ধনকুবেরও ছিলেন।
২০১৫ সালের ডিসেম্বরে ব্যাংকটির রাশিয়া ও পূর্ব ইউরোপের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ নতুন কৌশল গ্রহণ করে। অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে ওই বাজারে বার্ষিক আয়ের ৬১ শতাংশ পর্যন্ত হারানোর আশঙ্কা ছিল। রোমান আব্রামোভিচ, সুলেইমান কেরিমভ ও ওলেগ দেরিপাস্কার মতো ধনকুবেরদের অর্থ ধরে রাখতে বিকল্প পদ্ধতিতে গ্রাহকসেবা চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়।
২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যাংকটিকে ৬৩০ মিলিয়ন ডলার জরিমানা করলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
এপস্টেইনের সন্দেহজনক লেনদেন ৫৮০ মিলিয়ন ডলারের বেশি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শাখায় ২০১৩ সাল থেকে জেফরি এপস্টেইনের ব্যাংক হিসাব পরিচালনা করত ডয়েচে ব্যাংক। অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণের অভিযোগে আগে থেকেই দণ্ডিত এপস্টেইনের হিসাব নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ সতর্কতা থাকলেও কর্মকর্তারা সেগুলো যথাযথভাবে আমলে নেননি।
২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে এপস্টেইনের হিসাব ব্যবহার করে ৫৮০ মিলিয়ন ডলারের বেশি সন্দেহজনক চেক ও ব্যাংক লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটের আগের এক প্রতিবেদনে প্রকাশিত অঙ্কের তুলনায় এই পরিমাণ প্রায় দ্বিগুণ।
২০১৭ সালে রুশ মডেলদের কাছে সন্দেহজনক অর্থ পাঠানোর বিষয়েও ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে সতর্কতার উল্লেখ ছিল। কিন্তু সংশ্লিষ্ট সতর্কতা বন্ধ করে দেওয়া হয়।
২০১৯ সালে এপস্টেইনের হিসাব বন্ধ করার সময় ব্যাংকের একজন কর্মকর্তা তাঁর পক্ষে সুপারিশপত্রও লিখেছিলেন। এপস্টেইন ওই বছরের ১০ আগস্ট কারাগারে আত্মহত্যা করার পর ব্যাংকটি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠায়।
অস্ত্র চুক্তিতেও নীতিমালা এড়ানোর অভিযোগ
ব্যাংকটির অভ্যন্তরীণ নীতিতে সংঘাতপূর্ণ অঞ্চলে আক্রমণাত্মক অস্ত্র রপ্তানিতে অর্থায়ন না করার কথা থাকলেও বাস্তবে এর ব্যতিক্রম ঘটেছে।
২০১৭ সালের ডিসেম্বরে কাতারের ওপর প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর অবরোধ চলাকালে ফ্রান্সের নেক্সটার প্রতিষ্ঠানের তৈরি ৪৯০টি সাঁজোয়া যান সরবরাহে দুই বিলিয়ন ইউরোর আর্থিক নিশ্চয়তা অনুমোদন করে ব্যাংকটির ঝুঁকি পর্যালোচনা কমিটি।
গাড়িগুলোকে কেবল বর্মযুক্ত কাঠামো বা চেসিস হিসেবে দেখানো হয়। অস্ত্রের টারেট ও গোলাবারুদের চুক্তি আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়ায় ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার বাধা এড়ানো সম্ভব হয়।
এ ছাড়া রুশ ধনকুবের ওলেগ দেরিপাস্কার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ১ দশমিক ৭ বিলিয়ন ইউরো এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের অর্থের ৭৭ মিলিয়ন ইউরোর বেশি স্থানান্তরের তথ্যও উঠে এসেছে।
পরিবেশবান্ধব ভাবমূর্তির আড়ালে তেল প্রকল্পে অর্থায়ন
পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন উঠেছে ব্যাংকটির বিরুদ্ধে। ২০২০ সালের জুলাইয়ে আর্কটিক অঞ্চলে নতুন তেল প্রকল্পে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় ডয়েচে ব্যাংক।
কিন্তু একই বছরের ডিসেম্বরে ট্রেডিং প্রতিষ্ঠান ট্রাফিগুরাকে ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো স্থানান্তরের অনুমোদন দেয় ব্যাংকটি। ওই অর্থ রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসনেফটের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন ভস্তক অয়েল প্রকল্পে শেয়ার কেনার কাজে ব্যবহারের কথা ছিল।
ব্যাংকের আর্থিক অপরাধবিষয়ক বিভাগ প্রকল্পটিকে নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চঝুঁকির কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছিল। তারপরও লেনদেনটি অনুমোদিত হয়।
নথিতে আরও উঠে এসেছে, ২০১৮ সালে ব্যাংকের একজন কর্মকর্তা অভ্যন্তরীণ বার্তায় লিখেছিলেন, প্রায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ব্যাংকটির সম্পৃক্ততা নেই।
২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সেভিং ব্যাংককে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ১ কোটি ৫৬ লাখ নথির অনুসন্ধান সেই সংস্কার উদ্যোগের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।












