দেশের বাজারে প্রবৃদ্ধির গতি কমছে, বাড়ছে প্রতিযোগিতা। নতুন ক্রেতা ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুঁজতে এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে ভিয়েতনামের ভোক্তাপণ্য ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। খাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, প্রসাধনী, চকলেট ও ফ্যাশন—বিভিন্ন খাতের পরিচিত ব্র্যান্ডগুলো একের পর এক বিদেশে নিজস্ব বিক্রয়কেন্দ্র খুলছে।
সম্প্রতি ভিয়েতনামের তিনটি পরিচিত প্রতিষ্ঠান প্রথমবারের মতো বিদেশে নিজস্ব দোকান চালু করেছে। দেশটির ৫০ বছরের পুরোনো দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিনামিল্ক কম্বোডিয়ার রাজধানী নমপেনে দুটি দোকান খুলেছে। প্রসাধনী ও সৌন্দর্যপণ্য বিক্রেতা হাসাকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি বিক্রয়কেন্দ্র চালু করেছে। আর ভিয়েতনামের কোকোয়া থেকে চকলেট তৈরি করা প্রতিষ্ঠান মেজঁ মারু সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নিজেদের প্রথম আন্তর্জাতিক দোকান খুলেছে।
এগুলো বিচ্ছিন্ন ব্যবসায়িক উদ্যোগ নয়। বরং ভিয়েতনামের ভোক্তাপণ্য ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্রমবর্ধমান প্রবণতার প্রতিফলন।
দেশের বাজারে প্রবৃদ্ধির সীমাবদ্ধতা
গত কয়েক বছরে ভিয়েতনামের অভ্যন্তরীণ খুচরা বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে। ২০১৫ সালের তুলনায় দেশটির খুচরা বাজারের আকার দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০২৫ সালে এ খাতের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৩০০ কোটি ডলার।
তবে বাজারের এই সম্প্রসারণের মধ্যেই নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিশেষ করে খাদ্য ও পানীয় খাতে নতুন নতুন দোকান ও বিক্রয়কেন্দ্র বাড়লেও বিক্রির প্রবৃদ্ধি একই গতিতে বাড়ছে না। ফলে প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজার খুঁজতে হচ্ছে।
বেইন অ্যান্ড কোম্পানির সহযোগী অংশীদার বিন দাংয়ের মতে, ভিয়েতনামের ব্র্যান্ডগুলোর বিদেশমুখী হওয়ার পেছনে একই সঙ্গে দুটি বিষয় কাজ করছে। একদিকে দেশের বাজারে প্রতিযোগিতা ও ব্যবসা সম্প্রসারণের সীমাবদ্ধতা, অন্যদিকে বিদেশে ভিয়েতনামি পণ্যের প্রতি বাড়তে থাকা আগ্রহ।
২০২৫ সালে ভিয়েতনামের বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির বিদেশি বিনিয়োগের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৩১ শতাংশ।
দেরিতে শুরু, কিন্তু বাড়ছে আন্তর্জাতিক উপস্থিতি
ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন নিজেদের অভ্যন্তরীণ বাজারকেই প্রধান ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছে। অন্যদিকে থাইল্যান্ডের সিপি গ্রুপ ও ফিলিপাইনের জোলিবি গ্রুপের মতো প্রতিষ্ঠান কয়েক দশক আগেই আন্তর্জাতিক বাজারে বিস্তার শুরু করে।
ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তর্জাতিক সম্প্রসারণের উল্লেখযোগ্য উদাহরণ ভিনফাস্ট। ২০২২ সালে বিদেশে গাড়ির শোরুম চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি বড় পরিসরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। মাত্র চার বছরে তিনটি মহাদেশে তাদের আন্তর্জাতিক শোরুমের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। ভারত ও ইন্দোনেশিয়ায় উৎপাদন কারখানাও স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
খাদ্য ও পানীয় খাতেও আন্তর্জাতিক উপস্থিতি বাড়ছে। হাইল্যান্ডস কফি ২০১২ সালে ফিলিপাইনে ব্যবসা শুরু করলেও পরবর্তী সময়ে আর নতুন দেশে বিস্তার ঘটায়নি। অন্যদিকে ট্রুং নুয়েন লেজেন্ড ও কং ক্যাফে ২০১৭ ও ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক শাখা চালু করতে শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে তাদের প্রায় দুই ডজন করে আন্তর্জাতিক বিক্রয়কেন্দ্র রয়েছে।
বিদেশে পরিচিতি তৈরির সুযোগ
ভিয়েতনামের ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক সম্প্রসারণে প্রবাসী জনগোষ্ঠী ও পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশটির প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬৫ লাখ। পাশাপাশি ২০২৫ সালে ২ কোটি ১০ লাখের বেশি পর্যটক ভিয়েতনাম সফর করেন। ২০২৬ সালের প্রথম নয় মাসের পর্যটন প্রবণতা বিবেচনায় বছর শেষে পর্যটকের সংখ্যা ২ কোটি ৫০ লাখ ছাড়ানোর প্রত্যাশা রয়েছে।
এই পর্যটক ও প্রবাসী জনগোষ্ঠীর মাধ্যমে বিদেশে ভিয়েতনামের পণ্য ও ব্র্যান্ড সম্পর্কে পরিচিতি বাড়ছে। ফলে নতুন বাজারে প্রবেশের আগে প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রেতাদের আগ্রহ সম্পর্কে ধারণা পাচ্ছে।
ফ্যাশন ব্র্যান্ড চৌফিফথের প্রতিষ্ঠাতা চাউ ট্রানের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। সিঙ্গাপুরে তাদের প্রথম আন্তর্জাতিক দোকান চালুর আগে ভিয়েতনামের নিজস্ব দোকানগুলোতে সিঙ্গাপুরের ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেই অভিজ্ঞতা থেকেই দেশটিতে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন তিনি।
আন্তর্জাতিক বাজারে বড় চ্যালেঞ্জ
বিদেশে দোকান খোলা সহজ হলেও সেখানে লাভজনক ব্যবসা গড়ে তোলা কঠিন। ভিন্ন দেশের ভাড়া, শ্রমিকের মজুরি, সরবরাহব্যবস্থা, ক্রেতার পছন্দ এবং পরিচালন ব্যয় প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে।
মেকং ক্যাপিটালের অংশীদার চ্যাড ওভেলের মতে, বিদেশে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান স্থানীয় বাজারের ব্যয় ও আয়ের হিসাব সঠিকভাবে বুঝতে পারে না। আবার স্থানীয় বাজার সম্পর্কে অভিজ্ঞ ব্যবস্থাপনা দল গড়ে না তুলে নিজ দেশের কর্মকর্তাদের ওপর নির্ভর করাও ব্যর্থতার কারণ হতে পারে।
মেজঁ মারু এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সংস্কৃতির সঙ্গে পণ্যের সমন্বয় ঘটিয়েছে। প্রতিষ্ঠানটি ভিয়েতনামের নিজস্ব কোকোয়া ব্যবহারের পরিচিতি ধরে রাখার পাশাপাশি সিঙ্গাপুরের ক্রেতাদের জন্য পানদান ও কায়া টোস্টের স্বাদযুক্ত চকলেট তৈরি করেছে।
আন্তর্জাতিক ব্র্যান্ড হওয়ার প্রস্তুতি
বিদেশে সফল হতে শুধু নিজ দেশের পরিচিতি যথেষ্ট নয়। স্থানীয় ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিপণন, পণ্যের মান, মূল্য নির্ধারণ এবং বহুজাতিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন জরুরি।
ভিয়েতনাম সরকারও এ ক্ষেত্রে সহায়তা বাড়াচ্ছে। ২০২৫ সালে বেসরকারি খাতের ব্যবসা সহজ করতে বিনিয়োগ আইনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হয়। সরকারের গো গ্লোবাল কর্মসূচির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অন্তত ১০০টি ভিয়েতনামি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করা। এর মধ্যে অন্তত ১০টি প্রতিষ্ঠানের অনলাইন রপ্তানি আয় ১ কোটি ডলার ছাড়ানোর লক্ষ্য রয়েছে।
ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলোর সামনে এখন মূল পরীক্ষা হলো নিজেদের পণ্যের স্বকীয়তা বজায় রেখে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা। অভ্যন্তরীণ বাজারে প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি তৈরির এই প্রচেষ্টা সফল হলে দেশটির ভোক্তাপণ্য শিল্পের জন্য নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি হতে পারে।












