রাত ১০টার দিকে ঘুমাতে যান, ভোর সাড়ে ৪টায় ঘুম ভেঙে যায়। এরপর আর বিছানায় পড়ে থাকার প্রয়োজন বোধ করেন না। দিনের শুরুতেই কুকুরকে নিয়ে হাঁটতে বের হন, এক ঘণ্টা শরীরচর্চা করেন। সকাল ৮টার আগেই দেড় ঘণ্টার কাজও শেষ করে ফেলেন। অথচ রাতে তাঁর ঘুম হয় মাত্র সাড়ে ছয় ঘণ্টা, কখনো কখনো পাঁচ ঘণ্টাও নয়। আশ্চর্যের বিষয়, এত কম ঘুমেও ক্লান্তি অনুভব করেন না তিনি।
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির অধ্যাপক অ্যামি পিউ বার্নার্ডের জীবনযাপন অনেকের কাছেই বিস্ময়কর। ছোটবেলা থেকেই তাঁর ঘুমের প্রয়োজন তুলনামূলক কম। শুধু তিনি নন, তাঁর বাবা ও ভাইয়ের মধ্যেও একই বৈশিষ্ট্য রয়েছে।
বিজ্ঞানীদের ধারণা, এর পেছনে রয়েছে বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্য। বিরল কিছু জিনের পরিবর্তনের কারণে কোনো কোনো মানুষ স্বাভাবিকের তুলনায় অনেক কম ঘুমিয়েও শারীরিক ও মানসিকভাবে কর্মক্ষম থাকতে পারেন।
বিবিসি ফিউচারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈশিষ্ট্যকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ বা এফএনএসএস। এটি বংশগতভাবে পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
সবার ঘুমের প্রয়োজন এক নয়
সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি, মস্তিষ্কের কার্যক্রম, রোগ প্রতিরোধক্ষমতা এবং সামগ্রিক শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
কিন্তু সবার ঘুমের প্রয়োজন একই রকম নয়। কেউ আট ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন, আবার কেউ তুলনামূলক কম ঘুমিয়েও স্বাভাবিক কর্মক্ষমতা ধরে রাখতে পারেন।
দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা জানতে চেয়েছেন, মানুষের ঘুমের প্রয়োজনের মধ্যে এত পার্থক্য কেন। সাম্প্রতিক বছরগুলোতে গবেষণায় উঠে এসেছে, এর পেছনে জিনগত বৈশিষ্ট্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বার্নার্ড ২০১৯ সালে জানতে পারেন, তাঁর কম ঘুমের পেছনে রয়েছে একটি বিশেষ জিনগত পরিবর্তন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর গবেষকেরা এর আগে ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত একটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছিলেন। এই পরিবর্তন যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা সাধারণত স্বাভাবিক সময়ে ঘুমাতে গেলেও ভোরে ঘুম থেকে উঠে পড়েন। তাঁদের অনেকের রাতের ঘুম চার থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে।
রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে বার্নার্ডও জানতে পারেন, তিনি এই বিরল জিনগত বৈশিষ্ট্যের অধিকারী।
কম ঘুমেও স্মৃতিশক্তি অক্ষত থাকে?
এই গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, কম ঘুমানো ব্যক্তিরা শুধু বেশি সময় জেগে থাকতে পারেন, এমন নয়। তাঁদের ক্ষেত্রে কম ঘুমের কিছু নেতিবাচক প্রভাবও তুলনামূলক কম দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
গবেষক ইং-হুই ফু এবং তাঁর দলের অনুসন্ধানে দেখা গেছে, এফএনএসএসের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত পরিবর্তন স্মৃতিশক্তির ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে।
২০১৯ সালের একটি পরীক্ষায় ইঁদুরের শরীরে মানুষের এই বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত একটি জিনগত পরিবর্তন যুক্ত করা হয়। এতে দেখা যায়, পরিবর্তিত জিনের অধিকারী ইঁদুরগুলো কম ঘুমালেও স্মৃতিশক্তির ঘাটতির ক্ষেত্রে তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল।
অন্য একটি গবেষণায় দেখা যায়, এ ধরনের কিছু জিনগত বৈশিষ্ট্য থাকা ইঁদুরের মধ্যে আলঝেইমার রোগের অনুরূপ লক্ষণ তৈরির প্রবণতাও কম ছিল।
মানুষের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ২০১৪ সালে আন্তর্জাতিক এক গবেষক দল ভ্রাতৃপ্রতিম যমজ দুই ভাইয়ের ওপর গবেষণা করেন। তাঁদের একজনের মধ্যে কম ঘুমের সঙ্গে সম্পর্কিত জিনগত পরিবর্তন ছিল, অন্যজনের মধ্যে ছিল না।
দেখা যায়, জিনগত বৈশিষ্ট্যধারী ভাইটি নিয়মিতভাবে অন্য ভাইয়ের তুলনায় প্রায় এক ঘণ্টা কম ঘুমাতেন। টানা ৩৮ ঘণ্টা জাগিয়ে রাখার পরীক্ষায় তাঁর কর্মক্ষমতায় ভুলের পরিমাণ অন্য ভাইয়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম ছিল।
গবেষকেরা আরও দেখতে পান, কম ঘুমানো ভাইটির গভীর ঘুমসহ নন-র্যাপিড আই মুভমেন্ট বা নন-রেম ঘুমের পরিমাণ প্রায় সমান ছিল। অর্থাৎ কম সময় ঘুমিয়েও তিনি ঘুমের গুরুত্বপূর্ণ কিছু পর্যায় প্রায় একই মাত্রায় পাচ্ছিলেন।
ওষুধশিল্পের নতুন সম্ভাবনা
জিনগত এই বৈশিষ্ট্য নিয়ে গবেষণা এখন ওষুধশিল্পেরও আগ্রহের বিষয় হয়ে উঠেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এসব জিন কীভাবে কাজ করে তা ভালোভাবে বুঝতে পারলে ভবিষ্যতে ঘুমের সমস্যার চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করা সম্ভব হতে পারে।
এমনকি সামরিক বাহিনীর সদস্যদের কম ঘুমিয়েও কর্মক্ষম রাখার উপায় খুঁজতেও এই গবেষণা কাজে লাগতে পারে।
তবে এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। কম ঘুমের পরও যাঁরা সুস্থ থাকেন, তাঁদের শরীরে ঠিক কী প্রক্রিয়ায় এই সুরক্ষা তৈরি হয়, তা এখনো পুরোপুরি জানা যায়নি।
গবেষক ইং-হুই ফুর মতে, শুধু ঘুমের সময় কমিয়ে দেওয়ার উপায় বের করলেই হবে না। এর দীর্ঘমেয়াদি প্রভাবও বুঝতে হবে। কারণ ঘুম কমানোর কোনো ওষুধ তৈরি করা হলে তা যেন ভবিষ্যতে আলঝেইমার, পারকিনসন বা ক্যানসারের মতো রোগের ঝুঁকি না বাড়ায়, সেটিও নিশ্চিত করা জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষ জিনগত বৈশিষ্ট্য ছাড়া সাধারণ মানুষের কম ঘুমানোর চেষ্টা করা বিপজ্জনক হতে পারে। চার ঘণ্টা ঘুমিয়েও কেউ সতেজ থাকছেন—এমন উদাহরণ দেখে অন্যদের ঘুম কমিয়ে দেওয়া উচিত নয়।
বিজ্ঞানীদের এই অনুসন্ধান তাই শুধু কম ঘুমানোর রহস্য উন্মোচনের চেষ্টা নয়; বরং মানুষের ঘুম, মস্তিষ্ক এবং জিনগত বৈশিষ্ট্যের পারস্পরিক সম্পর্ক বোঝার নতুন একটি পথ খুলে দিচ্ছে।












