দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজধানীগুলো যেখানে আধুনিক ভবন, যানজট আর দ্রুত নগরায়ণের প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে লাওসের রাজধানী ভিয়েনতিয়ান যেন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। মেকং নদীর তীরে গড়ে ওঠা এই শহরে সময় চলে ধীরগতিতে। আকাশচুম্বী ভবনের আধিপত্য নেই, নেই বড় শহরের চেনা কোলাহল। বরং সোনালি বৌদ্ধ মন্দির, পুরোনো স্থাপত্য, নদীর পাড়ের খাবারের দোকান আর সন্ধ্যার বাজার মিলিয়ে শহরটি ধরে রেখেছে ছোট শহরের স্বতন্ত্র আকর্ষণ।
একটি ভ্রমণে মাত্র দুই দিনেই শহরটির প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা সম্ভব। তবে ভিয়েনতিয়ানের আসল সৌন্দর্য শুধু দর্শনীয় স্থানে নয়, বরং এর শান্ত পরিবেশ ও ইতিহাসের স্তরে স্তরে লুকিয়ে থাকা গল্পে।
ইতিহাসের পথ ধরে আধুনিক লাওসকে চেনা
ষোড়শ শতকে রাজা সেটথাথিরাত লুয়াং প্রাবাং থেকে রাজদরবার সরিয়ে আনলে ভিয়েনতিয়ান লাও রাজ্যের রাজধানী হয়ে ওঠে। পরবর্তী সময়ে সিয়ামের আক্রমণ, ফরাসি ঔপনিবেশিক শাসন এবং শীতল যুদ্ধের রাজনৈতিক সংঘাত শহরটির ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে।
১৯৬০ ও ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের ব্যাপক গোপন বোমা হামলায় লাওস বিপর্যস্ত হলেও রাজধানী ভিয়েনতিয়ান তুলনামূলকভাবে বড় ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়। ১৯৭৫ সালে কমিউনিস্ট পাথেট লাও ক্ষমতায় আসার পর দেশটি দীর্ঘ সময় অর্থনৈতিক সংকোচন ও কঠোরতার মধ্য দিয়ে যায়।
এই ইতিহাস জানতে প্রথম দিনেই ঘুরে দেখা যেতে পারে লাও ন্যাশনাল মিউজিয়াম। এখানে প্রাচীন লান সাং রাজ্যের নিদর্শন, বৌদ্ধ ভাস্কর্য, যুদ্ধের অস্ত্র এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের নানা দলিল রয়েছে।
জাদুঘরের প্রদর্শনীতে ফরাসি পুলিশের নির্যাতন, মার্কিন বোমা হামলা থেকে বাঁচতে গুহায় পরিচালিত শিক্ষাকার্যক্রম এবং পাথেট লাওর বিপ্লবের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। দেশটির প্রথম প্রধানমন্ত্রী কায়সোন ফোমভিহানের ব্যবহৃত অস্ত্র, ব্রিফকেস ও ব্যক্তিগত সামগ্রীও সেখানে সংরক্ষিত রয়েছে।
প্রাচীন মন্দিরে ইতিহাসের ছাপ
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা ওয়াট সি সাকেত। ১৮১৮ সালে রাজা আনুভংয়ের উদ্যোগে নির্মিত এই মন্দিরটি ভিয়েনতিয়ানের সবচেয়ে পুরোনো টিকে থাকা মন্দির হিসেবে পরিচিত। এর দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো হাজার হাজার বুদ্ধমূর্তি এবং ভেতরের দেয়ালচিত্র দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
এরপর যাওয়া যায় লাওসের জাতীয় প্রতীক ফা থাট লুয়াংয়ে। ষোড়শ শতকের এই সোনালি স্তূপটি দেশটির সবচেয়ে পবিত্র বৌদ্ধ স্থাপনাগুলোর একটি। প্রায় ৪৫ মিটার উঁচু স্থাপনাটিকে ঘিরে রয়েছে ধর্মীয় শিল্পকর্মের সংগ্রহশালা।
বিকেলের শেষ ভাগে দেখা যেতে পারে পাটুসাই বিজয় স্মৃতিস্তম্ভ। ১৯৫৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে নির্মিত এই স্থাপনাটি ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে লাওসের স্বাধীনতার স্মারক। প্যারিসের আর্ক দ্য ত্রিয়ম্ফের আদলে তৈরি হলেও এতে রয়েছে লাওসের নিজস্ব নকশা, পদ্মফুলের অলংকরণ এবং পৌরাণিক চরিত্র কিন্নরীর প্রতিকৃতি। এর ছাদে উঠলে শহরের চারপাশের দৃশ্য দেখা যায়।
মেকংয়ের সূর্যাস্ত আর রাতের বাজার
ভিয়েনতিয়ানের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি মেকং নদীর তীরের রাতের বাজার। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে। পোশাক, বস্ত্র, হস্তশিল্প ও স্মারকসামগ্রীর পাশাপাশি খাবারের দোকানগুলোই বেশি আকর্ষণ করে।
কাঠকয়লায় পোড়ানো মাছ, লাওসের ঐতিহ্যবাহী সসেজ এবং নারকেলের পিঠা পাওয়া যায় এসব দোকানে। নদীর ওপারে থাইল্যান্ডের ভূখণ্ডের দিকে তাকিয়ে সূর্যাস্ত উপভোগ করতে করতে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায়।
দ্বিতীয় দিন শুরু করা যেতে পারে তালাত সাও বা সকালের বাজার দিয়ে। এখানে সোনা, কাপড়, কাঠের তৈরি শিল্পকর্ম ও বিভিন্ন স্মারকসামগ্রী বিক্রি হয়।
এরপর লাও টেক্সটাইল মিউজিয়ামে গেলে দেশটির ঐতিহ্যবাহী তাঁতশিল্প সম্পর্কে জানা যাবে। সেখানে কারিগরদের হাতে তাঁত বোনার কাজ, কাপড় রং করার পদ্ধতি এবং পুরোনো বস্ত্রের সংগ্রহ দেখার সুযোগ রয়েছে।
বুদ্ধ পার্কে ভিন্ন এক অভিজ্ঞতা
শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বুদ্ধ পার্ক বা ওয়াট শিয়েং খুয়ান। ১৯৫০-এর দশকে একজন লাও ধর্মীয় সাধক এটি তৈরি করেন। বিশাল আকারের বৌদ্ধ ও হিন্দু ভাস্কর্যে ভরা এই পার্কটি প্রচলিত মন্দিরের চেয়ে অনেকটাই আলাদা।
এখানে রয়েছে প্রায় ৪০ মিটার দীর্ঘ শায়িত বুদ্ধমূর্তি এবং কুমড়ার আকৃতির একটি অদ্ভুত স্থাপনা, যার ভেতরে প্রবেশ করে ছাদ পর্যন্ত ওঠা যায়। শহর থেকে যাওয়া-আসায় প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। পার্কটি ঘুরে দেখতে আরও প্রায় এক ঘণ্টা প্রয়োজন।
শহরে ফিরে স্থানীয় খাবার চেখে দেখতে পারেন নেমসিহোমে। এখানকার জনপ্রিয় খাবার নাম নুয়াংয়ে থাকে কাঠকয়লায় পোড়ানো শূকরের মাংস, তাজা ভেষজ, চালের পাতলা রুটি এবং বিশেষ সস।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর লাওসে অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদের দীর্ঘস্থায়ী সমস্যার ইতিহাস জানতে রয়েছে ম্যাগ লাওস ভিজিটর সেন্টার। আর ওয়াট হো ফ্রা কেওতে রয়েছে বৌদ্ধশিল্পের সংগ্রহ। একসময় এই মন্দিরেই ছিল বিখ্যাত পান্নার বুদ্ধমূর্তি, যা বর্তমানে ব্যাংককে সংরক্ষিত।
বদলে যাচ্ছে শহর, থাকছে নিজস্ব পরিচয়
ভিয়েনতিয়ানের পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন-লাওস রেলপথ। ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়া এই রেলপথ চীনের কুনমিংয়ের সঙ্গে শহরটির যোগাযোগ বাড়িয়েছে। এর ফলে চীনা বিনিয়োগ, ব্যবসা, রেস্তোরাঁ ও বিপণিবিতানের উপস্থিতিও বেড়েছে।
বিশেষ করে সানজিয়াং এলাকার আশপাশে চীনা ভাষার সাইনবোর্ড, সিচুয়ান ও হুনান অঞ্চলের খাবারের রেস্তোরাঁ এবং চীনা ব্যবসায়ীদের জন্য তৈরি হোটেল চোখে পড়ে। শহরের অন্য অংশের ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে এই এলাকার দৃশ্যমান পার্থক্য রয়েছে।
তবে রেলপথ ও নতুন বিনিয়োগের প্রভাব বাড়লেও ভিয়েনতিয়ান এখনো তার পুরোনো চরিত্র পুরোপুরি হারায়নি। মন্দির, নদীর পাড়, স্থানীয় খাবার এবং ধীরগতির জীবনযাত্রা এখনো শহরটির প্রধান পরিচয়।
থাকার জন্য স্বল্প বাজেটের পর্যটকদের উপযোগী মালি নামফু হোটেল, মাঝারি বাজেটের জন্য সালানা বুটিক হোটেল এবং বিলাসবহুল থাকার জন্য আভানি প্লাস ল্যানেক্সাং ভিয়েনতিয়ান উল্লেখযোগ্য বিকল্প।
যারা আরও একটি দিন সময় দিতে পারবেন, তারা লাও আর্ট মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। ২০২৫ সালের শুরুতে চালু হওয়া এই জাদুঘরে ঐতিহ্যবাহী কাঠের খোদাইয়ের পাশাপাশি আধুনিক চিত্রকর্ম ও ভাস্কর্য রয়েছে।
সব মিলিয়ে ভিয়েনতিয়ান এমন একটি রাজধানী, যেখানে ভ্রমণের আনন্দ শুধু একের পর এক দর্শনীয় স্থান ঘুরে দেখায় সীমাবদ্ধ নয়। বরং ইতিহাস জানা, স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এবং মেকং নদীর তীরে কিছুটা সময় কাটানোর মধ্যেই শহরটির প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে।












