দেশে ভুট্টার চাহিদা বর্তমান প্রায় ৭০ লাখ টন থেকে ২০৫০ সালে ১ কোটি ৭০ লাখ টনে পৌঁছাতে পারে। উচ্চ চাহিদার পরিস্থিতিতে এমন সম্ভাবনার কথা বলেছেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) বাজার গবেষণা বিশেষজ্ঞ পিটার রুটসার্ট। রোববার ঢাকায় বার্ক মিলনায়তনে সিমিটের জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
রুটসার্টের ভাষ্য, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণে কৃষিপণ্যের চাহিদা বাড়বে। ভুট্টার ব্যবহার বাড়বে মূলত পশুখাদ্য হিসেবে। দেশে ভুট্টার চাহিদা বাড়লে বাড়তি অংশ আমদানিতে মেটাতে গেলে চ্যালেঞ্জ বাড়বে, কারণ বড় রপ্তানিকারক দেশগুলোতে নিজস্ব ভোগ বাড়ছে। ফলে রপ্তানিযোগ্য উদ্বৃত্ত কমতে পারে। ভারতেও অভ্যন্তরীণ চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশে ভুট্টার চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা তাই ঝুঁকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে আমদানি কমায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র দেশের ক্রমবর্ধমান পশুখাদ্য শিল্পের বড় সরবরাহকারী হয়ে উঠেছে। ২০২৫-২৬ বিপণন বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ প্রায় ১৫ লাখ টন ভুট্টা আমদানি করেছে। এর ৭৮ শতাংশ এসেছে ব্রাজিল থেকে। যুক্তরাষ্ট্র ও ভারত থেকে এসেছে ১১ শতাংশ করে। রুটসার্ট উন্নত জাত তৈরি এবং নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। গম ও ভুট্টার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, জার্মানওয়াচের ২০২৩ সালের প্রতিবেদনে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ১৩তম। ২১০০ সালের মধ্যে তাপমাত্রা ১ থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, মাটির লবণাক্ততা বাড়তে পারে ১৭ থেকে ২৪ শতাংশ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যে লবণাক্ত এলাকা ১৯৭২-৭৩ সালের ৮ লাখ ৩০ হাজার হেক্টর থেকে ২০২৪ সালে ১১ লাখ ৫৬ হাজার হেক্টরে পৌঁছেছে। কমে আসা জমিতে বাড়তি মানুষের খাদ্য জোগানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মাহফুজ বাজ্জাজ বলেন, গমের উৎপাদনশীলতা বাড়লেও চাষের জমি কমেছে। ভুট্টার আবাদ বাড়ছে বেশি ফলন ও লাভের কারণে। তবে আমদানি করা ভুট্টার বীজের ওপর নির্ভরতা উদ্বেগের। জলবায়ু সহনশীল জাত, শক্তিশালী বীজ ব্যবস্থা, টেকসই উৎপাদন ও গবেষণা সহযোগিতাকে তিনি অগ্রাধিকার বলেছেন। কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবির মাটির উর্বরতা কমে যাওয়া, জৈব পদার্থের ঘাটতি ও অণুপুষ্টির অভাবকে উৎপাদনশীলতার বাধা বলেন। সার খরচ বাড়া ও বাজার ব্যবস্থার দুর্বলতাও চাপ বাড়াচ্ছে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিকেএম মুস্তাফিজুর রহমান বলেন, ধানের পর ভুট্টা এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দানা ফসল। কৃষকের জীবিকা ও প্রাণিসম্পদ খাতে এর ভূমিকা বাড়ছে। তিনি সিমিটকে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং দানা ও গো-খাদ্য, দুই কাজেই ব্যবহারযোগ্য ভুট্টার জাত পেতে সহায়তা করতে অনুরোধ করেন। সিমিট বাংলাদেশের প্রতিনিধি দ্যুতিমান চৌধুরী জানান, সংস্থাটি এখন একক ফসলের বাইরে গিয়ে পুরো কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তরে কাজ করছে। বক্তাদের কথায় একটি বার্তাই স্পষ্ট, আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশে ভুট্টার উৎপাদন ও বীজ ব্যবস্থা শক্ত করা দরকার।












