‘মৃত্যু ঘনিয়ে আসছে’—এমন আতঙ্ক ছড়ানো ই-মেইলে গত এক মাস ধরে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের স্কুল, বিমানবন্দর, গণমাধ্যম ও ব্যবসাপ্রতিষ্ঠান। শুধু গত এক মাসেই ইউরোপজুড়ে ৮ হাজারের বেশি ভুয়া বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। এসব হুমকির কারণে হাজারো শিক্ষার্থীকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, একাধিক উড়োজাহাজের যাত্রাপথ পরিবর্তন ও ফ্লাইট বাতিল করতে হয়েছে। কয়েকটি টেলিভিশন সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
সবচেয়ে বেশি হুমকি পেয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে বিমান সংস্থা, বিমানবন্দর, সংবাদমাধ্যম, দাতব্য প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ই-মেইল ঠিকানাও এই প্রচারণার লক্ষ্যবস্তু হয়েছে।
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট প্রাথমিক বিদ্যালয়ে গত ১৯ অক্টোবর একটি ই-মেইল আসে। তাতে দাবি করা হয়, বিদ্যালয় ভবনে বোমা রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রিস ডনেলি বার্তাটিকে সন্দেহজনক মনে করলেও ঝুঁকি নেননি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভেতরে রেখে পুরো ভবনে তল্লাশি চালানো হয়। পরে পুলিশ জানায়, একই বার্তা উত্তর আয়ারল্যান্ডের প্রায় ৩০০টি বিদ্যালয়ে পাঠানো হয়েছিল। ঘটনাটিকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে হুমকিটি ভুয়া মনে হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে তা উপেক্ষা করার সুযোগ ছিল না। কারণ, একটি ভুল সিদ্ধান্তের পরিণতি হতে পারত ভয়াবহ।
অক্টোবরের পর নভেম্বরেও নতুন করে হুমকি
গত ১৯ অক্টোবরের হুমকির পর কয়েক দিন প্রচারণাটি অনেকটা স্তিমিত ছিল। কিন্তু নভেম্বরের শুরুতে নতুন করে তৎপর হয়ে ওঠে হুমকিদাতারা।
২ নভেম্বর লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি উড়োজাহাজে বোমা থাকার খবর পাওয়ার পর সেটিকে হাঙ্গেরির বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। পরদিন আরও সাতটি উড়োজাহাজ এবং গ্রিসের উপকূলে থাকা একটি প্রমোদতরিতে একই ধরনের হুমকি দেওয়া হয়। ৫ নভেম্বর ইউরোপের বিভিন্ন দেশের বিমান চলাচলে আবারও বিঘ্ন ঘটে।
উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এয়ারনাভ রাডারের তথ্য অনুযায়ী, ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে প্রায় ১৫টি বিমান সংস্থার ৫০টির বেশি ফ্লাইট ভুয়া বোমা-হুমকির মুখে পড়ে।
এবারের ই-মেইলগুলোতে রাশিয়ার একটি অপরিচিত নারীবিদ্বেষী গোষ্ঠী ‘মেল স্টেট’-এর নাম ব্যবহার করা হয়। তবে গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা এসব হুমকির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। ই-মেইলগুলোতে বোমা বিস্ফোরণ ও রক্তপাতের সাধারণ হুমকি দেওয়া হয়েছিল। একটি বার্তায় লেখা ছিল, ‘আজ তোমাদের আকাশ লাল হয়ে যাবে।’
৬ নভেম্বর ফ্রান্সের টিএফ১, বুলগেরিয়ার নোভা এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিইসহ অন্তত ১২টি গণমাধ্যম প্রতিষ্ঠান হুমকি পায়। আরটিইর কার্যালয় থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার সময় কয়েকটি অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ইতালির ৬ হাজারের বেশি স্কুলেও হুমকি
১১ নভেম্বর আরও বড় আকারে ভুয়া বোমা-হুমকি ছড়িয়ে পড়ে। ওই দিন ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে বোমা থাকার বার্তা পাঠানো হয়। এর ফলে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
একই দিনে স্কটল্যান্ডের প্রায় এক হাজার এবং উত্তর আয়ারল্যান্ডের ৩০০টি বিদ্যালয়ও হুমকি পায়। আয়ারল্যান্ডের গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির প্রায় ৩০০টি বিদ্যালয়েও একই ধরনের বার্তা পাঠানো হয়েছিল।
অক্টোবরের হুমকির শিকার হওয়া অনেক বিদ্যালয় আবারও একই প্রচারণার লক্ষ্যবস্তু হয়। তবে দ্বিতীয় দফায় আগের তুলনায় সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
বিদেশি হস্তক্ষেপের সন্দেহ
সব হুমকি একই ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে এসেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। তবে ই-মেইলের ভাষা, পাঠানোর ধরন এবং লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানের মিল দেখে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, অধিকাংশ ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে দেখা গেছে, অন্তত চারটি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে হুমকিগুলো পাঠানো হয়েছিল। এসব অ্যাকাউন্ট অন্যদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাই প্রকৃত প্রেরকদের পরিচয় শনাক্ত করাও তদন্তের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ইউরোপের কয়েকজন কর্মকর্তা এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ রাশিয়া বা অন্য কোনো দেশের সম্পৃক্ততার সম্ভাবনা উড়িয়ে দেননি। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলও হুমকিগুলোর উৎস শনাক্তের চেষ্টা করছে।
এর আগে রুশ ভাড়াটে হ্যাকারগোষ্ঠী হিসেবে পরিচিত দা ভিঞ্চি গ্রুপের বিরুদ্ধে পশ্চিমা সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভুয়া বোমা-হুমকি পাঠানোর অভিযোগ উঠেছিল। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে ওই গোষ্ঠীর সংশ্লিষ্টতার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
ইউরোপজুড়ে এসব ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা বিস্ফোরণের ঘটনা না ঘটলেও নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। প্রতিটি হুমকিকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কারণ, কোনো বার্তা ভুয়া বলে মনে হলেও তার আড়ালে প্রকৃত বিপদের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।












