রাজধানীর কাফরুলে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি শব্দবোমা নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার আশপাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সদস্যদের পাঠানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
পুলিশের তথ্য অনুযায়ী, কাফরুলের ওই দুটি কারখানায় পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদের বাইরে নিয়ে আসেন তাঁরা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজনা কমাতে পুলিশ প্রায় ১০টি শব্দবোমা নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় আন্দোলন
সম্প্রতি ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের একটি বড় অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন।
এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।
এসব দাবিতে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।












