বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালে জাতীয় মসজিদের খতিব নিয়োগ
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি।
সরকার পতনের পর আত্মগোপনে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।
ওই বছরের ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান। সেদিন জুমার খুতবার মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর দুই দিন পর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।












