বগুড়ার সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের একজন পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ভিডিও
ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।
জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান
খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি ইব্রাহীম আলী জানান, উপজেলা পরিষদের ভেতরে কোনো বিস্ফোরণ ঘটেনি। সড়ক থেকে দুর্বৃত্তরা পরিষদের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।












