শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য আন্দোলনের আশঙ্কায় গাজীপুরে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকার আরও ১০টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য জানা গেছে। সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা।
১০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সম্ভাব্য শ্রমিক আন্দোলন ও কারখানার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ছুটি ঘোষণার পর কোনো কোনো স্থানে শ্রমিকেরা সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। ফলে সড়কে শ্রমিকদের অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি।
অনির্দিষ্টকালের বন্ধ ৫০ কারখানা
শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসব কারখানার কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন কোন কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তালিকা দেওয়া হয়নি।
শ্রমিক অসন্তোষের কারণে একদিকে কারখানা বন্ধ রাখা হচ্ছে, অন্যদিকে সম্ভাব্য আন্দোলন ঠেকাতে বিভিন্ন শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মহাসড়কে কমেছে মানুষের চলাচল
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের যাতায়াত তুলনামূলক কমে গেছে। স্বাভাবিক কর্মব্যস্ততা না থাকায় সড়কের আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও তেমন খোলেনি।
শিল্পাঞ্চলে কারখানার কার্যক্রম সীমিত হয়ে পড়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্যও কম দেখা গেছে।












