ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর এডেনের দিকে হুথি বিদ্রোহীদের সামরিক অগ্রযাত্রা দেশটির দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আবারও প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ (এসটিসি) এখন এডেন রক্ষার অন্যতম শক্তি হিসেবে সামনে আসছে। বিশ্লেষকদের মতে, হুথিদের ক্রমবর্ধমান হুমকি এসটিসির সামরিক ও রাজনৈতিক গুরুত্ব নতুন করে বাড়িয়ে দিয়েছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে এসটিসি। গোষ্ঠীটি সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট বলে ধারণা করা হয়। বছরের শুরুতে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সামরিক অভিযানের পর এসটিসি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সংগঠনটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা সেই ঘোষণা প্রত্যাখ্যান করে একে অবৈধ বলে দাবি করেন। এরপর কয়েক মাস গোষ্ঠীটি দুর্বল অবস্থায় থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি তাদের আবার সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করেছে।
এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী সম্প্রতি হঠাৎ সরে যাওয়ার পর দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হুথি বাহিনী এখন এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই অগ্রযাত্রা ঠেকাতে এসটিসির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এডেনের প্রতিরক্ষায় এগিয়ে এসেছে।
এসটিসি নেতার বিশেষ প্রতিনিধি আমর আল-বিধের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে নেওয়া সিদ্ধান্তের কারণে হুথিবিরোধী সবচেয়ে কার্যকর শক্তিগুলোর একটি দুর্বল হয়ে পড়ে। তাঁর দাবি, দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরকারি সামরিক অভিযানই পরবর্তী সময়ে লোহিত সাগর উপকূলে সরকারি বাহিনীর অবস্থান ভেঙে পড়া এবং হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার পেছনে ভূমিকা রেখেছে।
এসটিসির নেতা এইদারুস আল-জুবাইদি দক্ষিণাঞ্চলে এডেন, লাহিজ ও আল-দালেয়া রক্ষার প্রস্তুতি নিতে সামরিক ও জনবল সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে ধারণা করা হয় এবং ইয়েমেন সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন।
প্রতিরক্ষায় স্বায়ত্তশাসন চায় এসটিসি
আমর আল-বিধের মতে, হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে হলে দক্ষিণাঞ্চলীয় বাহিনীগুলোকে নিজেদের সামরিক সিদ্ধান্ত নিজেরা নেওয়ার স্বাধীনতা দিতে হবে। তাঁর বক্তব্য, যাঁরা কোনো এলাকা রক্ষা করবেন, প্রতিরক্ষার কৌশল নির্ধারণে তাঁদের মতামত ও নেতৃত্বের সুযোগ না থাকলে দীর্ঘ সময় সেই অবস্থান ধরে রাখা কঠিন।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে রাজনৈতিক সমাধানের অংশ করতে হবে। তাঁদের প্রতিনিধিত্ব ছাড়া অন্য পক্ষের করা কোনো সমঝোতা স্থায়ী সমাধান আনতে পারবে না।
ইন্ডিপেনডেন্ট ডিপ্লোম্যাটের নীতিবিষয়ক পরিচালক আবদি ইয়েগানেহ মনে করেন, সাম্প্রতিক দুর্বলতা সত্ত্বেও এসটিসি এখনো হুথিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধশক্তি হয়ে উঠতে পারে। তাঁর মতে, সংগঠনটিকে প্রান্তিক করার চেষ্টা হলেও দক্ষিণাঞ্চলে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন ও কার্যকর সামরিক সক্ষমতা রয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে প্রতি সপ্তাহে হাজারো মানুষ এসটিসির সমর্থনে সমাবেশ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি সমর্থন ও অভ্যন্তরীণ বিভাজন বড় বাধা
তবে এসটিসির সামরিক সক্ষমতা নিয়ে ভিন্নমতও রয়েছে। সামরিক ও কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলী আল-দাহাবের মতে, সংগঠনটি এখনো রাজনৈতিকভাবে বিভক্ত এবং এর কিছু অংশ সৌদি আরবের আর্থিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাঁর মূল্যায়ন, ইয়েমেন সরকার ও সৌদি আরবের সমর্থন ছাড়া এসটিসির পক্ষে হুথিদের অগ্রযাত্রা ঠেকানো কঠিন। হুথিদের সামরিক সক্ষমতা এখন সরকার ও এসটিসির সম্মিলিত শক্তিকেও ছাড়িয়ে গেছে বলে তিনি মনে করেন।
হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করার পর থেকে এসটিসি ও ইয়েমেনের সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু দুই পক্ষের সম্পর্ক সব সময় সহযোগিতাপূর্ণ ছিল না। এডেনসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষও হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে দক্ষিণ ইয়েমেনে এসটিসির অগ্রযাত্রার পর সৌদি নেতৃত্বাধীন জোট দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাত-সংশ্লিষ্ট একটি চালানের ওপর বিমান হামলা চালায়। এরপর আল-জুবাইদি ইয়েমেন ছেড়ে চলে যান এবং এসটিসির কয়েকটি ইউনিট সৌদি সমর্থিত বাহিনীর অধীনে আসে। সংগঠনটির অন্যতম শক্তিশালী সামরিক শাখা সাউদার্ন জায়ান্টস ব্রিগেডও এখন সৌদি আরবের সঙ্গে যুক্ত।
এদিকে সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার হুথিবিরোধী বাহিনীর কমান্ডার পদে পরিবর্তন এনেছেন। লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানের স্থলে দেশটির সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুয়াইলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল-দাহাবের মতে, সেনাপ্রধানকে এই দায়িত্ব দেওয়ার ফলে যৌথ বাহিনীর সামরিক সিদ্ধান্ত গ্রহণ আরও কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আসবে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুথিদের অগ্রযাত্রা তাই শুধু নতুন সামরিক সংঘাতের আশঙ্কাই তৈরি করছে না; একই সঙ্গে এসটিসির রাজনৈতিক অবস্থান, সৌদি আরবের ভূমিকা এবং দেশটির ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণকেও নতুন করে সামনে নিয়ে আসছে।












