গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত ট্যাংক, যুদ্ধজাহাজ ও বোমা তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অর্থায়নে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংকের বিরুদ্ধে। অভ্যন্তরীণ নথি, আর্থিক লেনদেন এবং অস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে করা এক অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকটির দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রেঙ্ক, লিওনার্দো, বোয়িং, লকহিড মার্টিন ও রোলস-রয়েস।
অনুসন্ধানে উঠে এসেছে, ২০২২ সালে ডয়েচে ব্যাংক জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেঙ্ক জিএমবিএইচের জন্য ১ কোটি ১৪ লাখ ইউরোর একটি অগ্রিম অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তিতে অর্থায়নের পথ তৈরি হয়। চুক্তির আওতায় ইসরায়েলের মেরকাভা-৪ যুদ্ধট্যাংকের জন্য গিয়ারবক্স তৈরির কথা ছিল। প্রথম চালান সরবরাহের নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর।
গাজায় বেসামরিক মানুষের ওপর হামলায় মেরকাভা ট্যাংকের ব্যবহার
২০২১ সালের ডিসেম্বর থেকেই রেঙ্কের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ডয়েচে ব্যাংকের অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছিল। ব্যাংকের ঝুঁকি পর্যালোচনা কমিটি চুক্তিটির সম্ভাব্য সুনামগত ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেষ পর্যন্ত অর্থায়নের পক্ষে মত দেয়।
ব্যাংকের একজন আইনবিষয়ক কর্মকর্তা যুক্তি দিয়েছিলেন, গিয়ারবক্সকে জার্মানির সামরিক অস্ত্র আইনের আওতায় সরাসরি অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় না। ফলে যথাযথ রপ্তানি অনুমোদন নিয়ে সরঞ্জাম সরবরাহ করা সম্ভব।
কিন্তু পরবর্তী সময়ে গাজায় মেরকাভা-৪ ট্যাংকের ব্যবহারের সঙ্গে বেসামরিক মানুষের প্রাণহানির একাধিক ঘটনা যুক্ত হয়।
২০২৪ সালের জানুয়ারিতে ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব পরিবারের সদস্যদের সঙ্গে ইসরায়েলি হামলা থেকে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। পরিবারের অন্য সদস্যরা নিহত হওয়ার পরও সে জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিল। তাকে উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সকেও বাধার মুখে পড়তে হয়। পরে গাড়িটিতে ৩৩৫টি গুলির চিহ্ন পাওয়া যায়।
২০২৬ সালের ১৯ আগস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করে, তাদের সেনারা হিন্দ রজবের ব্যবহৃত গাড়ি এবং তাকে উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছিল। তবে ঘটনাটির জন্য তারা অ্যাম্বুলেন্স চলাচলের সমন্বয়গত ব্যর্থতাকে দায়ী করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে।
২০২৫ সালের জুনে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-তাহলিয়া মোড়ে খাদ্যসহায়তার অপেক্ষায় থাকা মানুষের ওপর ট্যাংক থেকে গোলা নিক্ষেপের ঘটনাও অনুসন্ধানে উঠে এসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ওই ঘটনায় অন্তত ৫৯ জন নিহত হন।
আহতদের একজন সুফিয়ান কাওয়ারেহের একটি পা পরে কেটে ফেলতে হয়। হামলায় আহত আরেক ব্যক্তি খালেদ ওয়ালিদ জানান, তিনি মেরকাভা-৪ ট্যাংক থেকে জনতার ওপর গুলি চালাতে দেখেছেন।
হাসপাতালেও ট্যাংকের গোলাবর্ষণ
২০২৫ সালের ২৫ আগস্ট গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ট্যাংকের গোলাবর্ষণে রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি নিহত হন। হামলার পর উদ্ধারকর্মী ও সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছালে একই ট্যাংক থেকে আবার গোলা নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দ্বিতীয় হামলায় সাংবাদিক, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীসহ মোট ২২ জন ফিলিস্তিনি নিহত হন। পরদিন ইসরায়েলি বাহিনী জানায়, তারা হামাসের ব্যবহৃত একটি ক্যামেরাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে রয়টার্স নিশ্চিত করে, ক্যামেরাটি সংবাদ সংস্থাটির নিজস্ব ছিল।
বিস্ফোরক বিশেষজ্ঞদের বিশ্লেষণে হামলায় ব্যবহৃত গোলার সঙ্গে মেরকাভা ট্যাংকের ১২০ মিলিমিটার কামানের গোলার মিল পাওয়া যায়।
অনুসন্ধানে বলা হয়েছে, এসব ঘটনার কয়েকটি রেঙ্কের সরঞ্জাম সরবরাহের নির্ধারিত সময়ের আগেই ঘটেছিল। তবে গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির এসব ঘটনা ডয়েচে ব্যাংক ও রেঙ্কের আর্থিক সম্পর্কের ওপর কোনো দৃশ্যমান প্রভাব ফেলেনি।
যুদ্ধজাহাজ ও বোমা তৈরিতেও অর্থায়নের সম্পর্ক
ডয়েচে ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকা আরেকটি প্রতিষ্ঠান ইতালির অস্ত্র প্রস্তুতকারী লিওনার্দো। প্রতিষ্ঠানটি ইসরায়েলের সার-৬ শ্রেণির যুদ্ধজাহাজের জন্য ৭৬ মিলিমিটার নৌকামানের ব্যবস্থা তৈরি করেছে। এসব যুদ্ধজাহাজ ২০২৩ সাল থেকে সমুদ্রপথে গাজায় গোলাবর্ষণে ব্যবহৃত হয়েছে বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া লিওনার্দোর একটি সহযোগী প্রতিষ্ঠান মেরকাভা-৪ ট্যাংকে ব্যবহৃত ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেমের স্বয়ংক্রিয় গোলাবারুদ সরবরাহব্যবস্থা তৈরি করে।
২০২৪ সালে ব্যাংকট্র্যাকসহ ১৯টি নাগরিক সংগঠনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ডয়েচে ব্যাংক বোয়িং, লিওনার্দো, লকহিড মার্টিন, রোলস-রয়েস, আরটিএক্স করপোরেশন ও জেনারেল ডায়নামিকসের মতো প্রতিরক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কোটি ইউরোর ঋণ ও আর্থিক নিশ্চয়তা দিয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের সব পণ্য গাজায় ব্যবহৃত হয়েছে—এমন দাবি করা হয়নি।
বোয়িংয়ের তৈরি জিবিইউ-৩৯ ধরনের ছোট আকারের নির্ভুল নিশানার বোমার ধ্বংসাবশেষ গাজার খান ইউনিসের আল-মুতানাব্বি স্কুলে ২০২৪ সালের জুলাইয়ে হামলার পর পাওয়া যায়। ওই হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ১৩ জুলাই খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে জিবিইউ-৩১ বোমা নিক্ষেপ করা হয়। এতে ৯১ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।
২০২৬ সালের ১২ নভেম্বর নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি ২৫০ পাউন্ড ওজনের জিবিইউ-৩৯/বি বোমা ব্যবহারের অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে। ওই হামলায় একজন শিশুসহ অন্তত ছয়জন নিহত এবং ৫২ জন আহত হন। ইসরায়েলি বাহিনী দাবি করে, হাসপাতালে আশ্রয় নেওয়া হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। হামাস এ দাবি অস্বীকার করেছে।
বিতর্কিত অস্ত্র নিয়ে নিজস্ব নীতিতেই প্রশ্ন
ডয়েচে ব্যাংক ২০১৯ সালে তাদের প্রতিরক্ষা খাতের নীতিমালা সম্প্রসারণ করে। এতে বিতর্কিত অস্ত্র উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে—এমন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এড়িয়ে চলার কথা বলা হয়েছিল।
কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকটি ইসরায়েলের সাদা ফসফরাস সরবরাহকারী হিসেবে চিহ্নিত আইসিএল গ্রুপের শেয়ারেও বিনিয়োগ করেছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ০.১৪ শতাংশ শেয়ারের মালিক ছিল ডয়েচে ব্যাংক। এসব শেয়ারের মূল্য ছিল প্রায় ৮৯ লাখ ৮০ হাজার ডলার।
প্রকাশিত মার্কিন সামরিক চুক্তি অনুযায়ী, আইসিএলের দুটি সহযোগী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের আরকানসাসে অবস্থিত একটি সামরিক কারখানায় সাদা ফসফরাস সরবরাহ করেছে। ওই কারখানায় কামানের গোলা তৈরি করা হয়। ওয়াশিংটন পোস্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সেখানকার তৈরি গোলা ইসরায়েলে রপ্তানি করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী একাধিকবার সাদা ফসফরাসযুক্ত গোলা ব্যবহার করেছে।
ব্যাংকের অভ্যন্তরীণ যোগাযোগেও বিতর্কিত অস্ত্রের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের মূল কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করে ঝুঁকি মূল্যায়নের ইঙ্গিত পাওয়া গেছে। এতে প্রশ্ন উঠেছে, করপোরেট কাঠামোর পার্থক্য ব্যবহার করে ব্যাংকটি নিজেদের নীতিমালার সীমাবদ্ধতা এড়িয়ে গেছে কি না।
মুনাফা ও সুনামের হিসাব
অস্ত্র বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা অ্যান্ড্রু ফেইনস্টেইনের মতে, প্রতিরক্ষা খাতের আর্থিক লেনদেনে ব্যাংকগুলোর প্রধান বিবেচনা হয়ে ওঠে মুনাফা ও নিজেদের সুনাম রক্ষা।
তার বক্তব্য, কোনো অস্ত্র কোম্পানির সঙ্গে সম্পর্কের কারণে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি না হলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অনেক সময় আর্থিক সিদ্ধান্তে যথেষ্ট গুরুত্ব পায় না।
ব্যাংকট্র্যাকের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা রায়ান ব্রাইটওয়েল বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানেরও মানবাধিকার রক্ষার দায়িত্ব রয়েছে। কোনো গ্রাহক প্রতিষ্ঠান মানবাধিকার ক্ষতিতে ভূমিকা রাখলে ব্যাংকের উচিত তার ওপর প্রভাব প্রয়োগ করা এবং প্রয়োজন হলে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা।
ডয়েচে ব্যাংকের নিজস্ব নীতিতেও মানবাধিকারের গুরুতর ক্ষতির ঝুঁকি এড়ানো এবং যথাযথভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
তবে অনুসন্ধানে উঠে আসা বিভিন্ন আর্থিক লেনদেন, অস্ত্র সরবরাহের সম্পর্ক এবং গাজায় ব্যবহৃত সামরিক সরঞ্জামের তথ্য ব্যাংকটির নীতিমালা বাস্তবায়ন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানে অর্থায়নের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের দায় কতটুকু এবং তাদের মানবাধিকারসংক্রান্ত নীতিমালা কতটা কার্যকর—তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।












