বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।
সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিল থেকে সংঘর্ষ
সকাল ১১টার দিকে আনসার রোড এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে অগ্রসর হন। পথে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণের পর তাঁরা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবস্থান নেন।
পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে পৌঁছালে শ্রমিকেরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের হাতে লাঠিসোঁটা ছিল। আনসার সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাঁরা সামনে এগোতে থাকেন।
একপর্যায়ে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করেন।
মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা
শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে।
পুলিশ ও আনসার সদস্যরা কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের বিভিন্ন স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে মহাসড়কের একাধিক পয়েন্টে অবরোধ অব্যাহত ছিল।
এক জায়গা থেকে সরালে অন্য জায়গায় অবরোধ
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক ও মহাসড়ক অবরোধ করছেন। এক জায়গা থেকে তাঁদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার অবরোধ করছেন।
তিনি বলেন, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবরোধকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। একই দিন সকাল ১১টার দিকে আনসার রোড এলাকায় শ্রমিকেরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে তাঁদের সরাতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।












