একটি গ্রামের নাম ছিল জামোনা। মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে ছোট ছোট জনপদ নিয়ে গড়ে ওঠা গ্রামটিতে ছিল মাছের ঘের, দোকানপাট, মসজিদ, কৃষিজমি আর মানুষের স্বাভাবিক জীবনযাপন। সেখানকার বাসিন্দা মোস্তফা কামাল ছিলেন ব্যবসায়ী। পরিবার নিয়ে তাঁর জীবনও ছিল স্বচ্ছল। কিন্তু ২০১৭ সালের আগস্টে সেই পরিচিত পৃথিবী মুহূর্তের মধ্যে বদলে যায়। সামরিক অভিযানে পুড়িয়ে দেওয়া হয় গ্রাম, হত্যা করা হয় বাসিন্দাদের, আর যারা প্রাণে বেঁচে যান, তাঁদের পালাতে হয় সীমান্তের ওপারে।
প্রায় নয় বছর পরও সেই নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যরা। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে তাঁদের বর্তমান ঠিকানা। একসময় যে মানুষটির নিজের বাড়ি, ব্যবসা ও জমিজমা ছিল, এখন তাঁর বসবাস সীমিত জায়গার একটি অস্থায়ী আশ্রয়ে। তাঁর ১৮ বছর বয়সী ছেলেকে চলতি বছরের মে মাসে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হত্যা করেছে। তাঁর এক মেয়েকেও অপহরণের পর জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয়েছে।
জামোনার গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রোহিঙ্গাদের ওপর কয়েক দশক ধরে চলা নিপীড়ন, নাগরিকত্বহীনতা, সহিংসতা ও বাস্তুচ্যুতির ইতিহাসের একটি অংশ এটি। ২০১৭ সালে সেই নির্যাতন ভয়াবহ রূপ নেয়। এখন আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচার সেই ইতিহাসকে আবার সামনে নিয়ে এসেছে।
নাগরিকত্ব কেড়ে নেওয়া দিয়ে শুরু বঞ্চনার অধ্যায়
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের শিকড় বহু পুরোনো। মিয়ানমারের সামরিক শাসনামলে ১৯৮০-এর দশকে তাঁদের আইনি স্বীকৃতি ও নাগরিকত্ব কার্যত কেড়ে নেওয়া হয়। অনেক শিশুর জন্মনিবন্ধন করা হতো না। ফলে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা, চলাচল, কাজ এবং রাষ্ট্রীয় সেবা পাওয়ার পথ ক্রমেই সংকুচিত হয়ে পড়ে।
একসময় রোহিঙ্গারা মিয়ানমারের সংসদে নির্বাচিত হয়েছেন, দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং নিজস্ব ভাষায় সরকারি বেতার সম্প্রচারও শুনেছেন। কিন্তু ধীরে ধীরে তাঁদের দেশটির নাগরিক সমাজের বাইরে ঠেলে দেওয়া হয়। সামরিক প্রচারণায় তাঁদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিত্রিত করা হয়। ২০১৫ সালের নির্বাচনে তাঁরা ভোটাধিকারও হারান।
২০১২ সালে রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়। পাঁচজনের বেশি রোহিঙ্গার একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়, অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়। রোহিঙ্গা শিশুদের সরকারি বিদ্যালয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। মোস্তফা কামালের বাবা নাতি-নাতনিদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গোপনে বাড়িতে তাঁদের শিক্ষা দিতেন।
পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও রোহিঙ্গাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মোস্তফা কামালের মেয়ে রেহানা বিবিকে বিয়ের সময় একজন মিয়ানমার কর্মকর্তা দুইয়ের বেশি সন্তান না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
নিরাপত্তা অভিযানের নামে নির্যাতন
২০১৬ সালের ৯ অক্টোবর রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলায় মিয়ানমারের নয়জন পুলিশ সদস্য নিহত হন। এরপর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। কিন্তু অভিযানের লক্ষ্য শুধু হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তরুণ ও শারীরিকভাবে সক্ষম রোহিঙ্গা পুরুষদের ধরে নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে সশস্ত্র হামলায় অংশ নেওয়ার অভিযোগ আনা হলেও আটক ব্যক্তিরা তা অস্বীকার করেন।
আটক ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের চিত্র। আবদুল রহিম ও অন্য বন্দীরা জানিয়েছেন, তাঁদের হাত পেছনে বেঁধে মাটিতে ফেলে মারধর করা হতো। খাবার দেওয়া হলে পশুর মতো জিহ্বা দিয়ে খেতে বাধ্য করা হতো। পানি চাইলে প্রস্রাব দেওয়া হতো বলেও তাঁদের অভিযোগ। কয়েকজনকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়।
জাতিসংঘ সে সময় জানিয়েছিল, ওই অভিযানে কয়েক শ রোহিঙ্গা নিহত হয়েছেন। সংস্থাটির মূল্যায়নে, অভিযানটি সম্ভবত মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়েছিল।
২০১৭: আগুন, হত্যা ও পালানোর দীর্ঘ পথ
২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আবারও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এতে এক ডজনের বেশি নিরাপত্তাকর্মী নিহত হন। এরপর সামরিক বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ।
মোস্তফা কামাল পরিবারের সদস্যদের নিয়ে পালানোর সময় পরিচিত মানুষের মরদেহ দেখতে পান। ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ারও সময় পাননি। সঙ্গে নিয়েছিলেন কেবল কয়েকটি কাগজ, যা মিয়ানমারে তাঁদের অস্তিত্বের প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।
জামোনার দোকানমালিক মোহাম্মদ ইউনুসও বাড়ি ছেড়েছিলেন ফিরে আসার আশায়। তাঁর দোতলা বাড়ি, বাগান ও আশপাশের জমি ছিল। কিন্তু ফিরে এসে তিনি আর নিজের গ্রাম চিনতে পারেননি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১৭ সালের অভিযানের পরপরই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও রাখাইন জনগোষ্ঠীর কিছু সদস্যের সহিংসতায় অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। এক সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রায় সাড়ে সাত লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের পাশাপাশি ছিলেন ব্যবসায়ী, শিক্ষক, কৃষক ও শিক্ষার্থী।
নির্যাতনের ভয়াবহতা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না। পালানোর পথে ১১ বছর বয়সী সুকুরা বেগমকে এক মিয়ানমার সেনা ধর্ষণ করে বলে তাঁর পরিবারের অভিযোগ। জাতিসংঘের তদন্তকারীরা ওই সময় যৌন সহিংসতাকে পরিকল্পিত ও পদ্ধতিগত বলে বর্ণনা করেছিলেন। নয় বছর বয়সী এক শিশুর মরদেহও পাওয়া যায় ধানখেতে, তার হৃদপিণ্ডে ছিল গুলির ক্ষত।
জামোনা গ্রামটি পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। পরে ওই জমিতে সারি সারি পূর্বনির্মিত ঘর তৈরি করা হয়। গ্রামের পুরোনো অস্তিত্বের চিহ্ন হিসেবে টিকে ছিল একটি বোধিবৃক্ষ।
আশ্রয় মিলেছে, নিরাপত্তা ও স্বাভাবিক জীবন ফেরেনি
বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর রোহিঙ্গাদের দুর্ভোগ শেষ হয়নি। কক্সবাজারের শিবিরে তাঁরা অস্থায়ী তাঁবু ও সীমিত জায়গায় বসবাস করছেন। শিবিরের বাইরে যেতে অনুমতির প্রয়োজন হয়। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খাদ্যসংকট ও রোগব্যাধির ঝুঁকি বেড়েছে। একজন শরণার্থীর মাসিক খাদ্যসহায়তা ১২ ডলার থেকে কমে ১০ ডলারে নেমেছে।
শিবিরের ভেতরেও নতুন ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভয়ভীতি, অপহরণ ও মানব পাচারের অভিযোগ রয়েছে। মোস্তফা কামালের নাতি-নাতনিদের একজনকে সশস্ত্র ব্যক্তিরা আটক করে ভয় দেখিয়েছিল। তাঁর মেয়েকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয়।
২০১৭ সালে ধর্ষণের শিকার হওয়া সুকুরা বেগমের মতো নারীদের অনেকেই দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। আরেক পরিবারের ক্ষেত্রে নির্যাতনের শিকার এক নারীর খিঁচুনির সমস্যা দেখা দিয়েছে। কারাগারে নির্যাতনের শিকার হয়ে মুক্তি পাওয়া সোয়াদুল আমিনের কিডনি প্রায় অকার্যকর। তাঁর স্ত্রী ফাতেমা খাতুন জানিয়েছেন, স্বামীর শরীরে নির্যাতনের ক্ষত এখনো রয়ে গেছে; চিকিৎসা ও ব্যথানাশক কেনার সামর্থ্যও তাঁদের নেই।
ন্যায়বিচারের অপেক্ষায় একটি জনগোষ্ঠী
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম পোড়ানো ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনাগুলো গণহত্যা কি না, তা নিয়ে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় দেওয়ার কথা। আদালতের সিদ্ধান্তে মিয়ানমার রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে আদালতের রায়ই শরণার্থীদের জীবনের সব সংকটের অবসান ঘটাবে না। তাঁদের সামনে রয়েছে নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং নিজ দেশে মর্যাদার সঙ্গে ফেরার অনিশ্চয়তা। মোস্তফা কামালের মতো মানুষের কাছে বিচার মানে শুধু অপরাধের আইনি স্বীকৃতি নয়; নিজের হারিয়ে যাওয়া গ্রাম, নিহত স্বজন এবং কেড়ে নেওয়া জীবনের স্বীকৃতিও।
একসময় মোস্তফা কামালের নাতনি নিজের পরিচয় দিতে গিয়ে শরণার্থী শিবিরের ব্লক নম্বর বলেছিল। পরে মায়ের সহায়তায় সে বলেছে, “আমি রোহিঙ্গা। আমি মিয়ানমার থেকে এসেছি।” এই পরিচয়টুকু ধরে রাখার লড়াইও রোহিঙ্গাদের দীর্ঘ নির্যাতনের ইতিহাসের অংশ।












