যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেন, যিনি প্রতিটি আলোচনায় নিজের দেশের স্বার্থকে সবার ওপরে রাখেন। তাঁর রাজনৈতিক দর্শনে আন্তর্জাতিক সম্পর্কও অনেকটা ব্যবসায়িক লেনদেনের মতো—ছাড় দিলে বিনিময়ে কিছু পেতে হবে, চুক্তি হতে হবে লাভজনক। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর প্রশাসনের আচরণ এই পরিচিত ধারণার সঙ্গে মেলে না। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে মস্কোকে একের পর এক সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের হাতে আসেনি দৃশ্যমান কোনো কূটনৈতিক সাফল্য।
এই ছাড়গুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামরিক সহায়তা সীমিত করা, গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ রাখা, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা নাকচ করা এবং রাশিয়ার সঙ্গে আলোচনার কাঠামো মস্কোর পছন্দ অনুযায়ী সাজানো—সব মিলিয়ে একটি ধারাবাহিক প্রবণতা তৈরি হয়েছে। সর্বশেষ ঘটনা ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত স্যাটেলাইট প্রযুক্তির সক্ষমতা কমিয়ে দেওয়া। এতে রুশ ড্রোন ঠেকানোর ইউক্রেনীয় প্রচেষ্টা দুর্বল হয়েছে।
প্রতিটি সিদ্ধান্তের পেছনে আলাদা ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু সবগুলো একসঙ্গে বিবেচনা করলে প্রশ্ন ওঠে: যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দাবি করা ট্রাম্প প্রশাসন কেন এমন একটি শক্তিকে সুবিধা দিচ্ছে, যে শক্তি ইউরোপের নিরাপত্তাব্যবস্থা বদলে দিতে চায় এবং একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড দখলের যুদ্ধ চালিয়ে যাচ্ছে?
যুদ্ধের শুরুতেই বদলে গেল যুক্তরাষ্ট্রের অবস্থান
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার আগেই পুতিনের জন্য সবচেয়ে বড় সুবিধাটি তৈরি হয়েছিল—যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন। জার্মানির কিল ইনস্টিটিউটের ইউক্রেন সহায়তা পর্যবেক্ষণ প্রকল্পের হিসাব অনুযায়ী, জো বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে প্রায় ১১৫ বিলিয়ন ইউরো সহায়তা বরাদ্দ করেছিল। কিন্তু ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর সেই সহায়তার পরিমাণ আর বাড়েনি।
এই পরিবর্তনের তাৎপর্য শুধু অর্থের অঙ্কে সীমাবদ্ধ নয়। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরোধক্ষমতা অনেকাংশে নির্ভর করে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ওপর। যুক্তরাষ্ট্রের সহায়তা স্থবির হয়ে পড়ায় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোকে বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়েছে। মিত্রদের উদ্যোগে কিছু মার্কিন অস্ত্র কেনা এবং গোয়েন্দা সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা হয়েছে। কিন্তু তা আগের সহায়তার ঘাটতি পূরণ করতে পারেনি।
ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ট্রাম্প ও তাঁর প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। অথচ ন্যাটোর সদস্যপদই ছিল রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তার অন্যতম প্রত্যাশা। যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার আগেই এই সম্ভাবনা বাতিল করে ওয়াশিংটন কার্যত মস্কোর অন্যতম প্রধান দাবিকে স্বীকৃতি দেয়।
এতে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে মার্কিন প্রতিনিধিরা ডনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব দিয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। কিন্তু যে প্রশাসন শুরুতেই সদস্যপদের সম্ভাবনা নাকচ করেছে, তাদের কাছ থেকে এমন নিশ্চয়তার বাস্তব মূল্য কতটা—সে প্রশ্ন থেকেই যায়।
গোয়েন্দা সহযোগিতা বন্ধের মূল্য দিয়েছে ইউক্রেন
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন রাশিয়া কুরস্ক অঞ্চলে ইউক্রেনের দখলে থাকা একটি এলাকা পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছিল। ইউক্রেনের সামরিক নেতৃত্বের লক্ষ্য ছিল ওই এলাকায় রুশ বাহিনীকে ব্যস্ত রাখা এবং যুদ্ধবিরতির আলোচনায় ব্যবহারের মতো একটি অবস্থান ধরে রাখা।
গোয়েন্দা সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনীয় বাহিনী কার্যত অন্ধকারে পড়ে যায়। শেষ পর্যন্ত তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে পিছু হটতে হয়। হারাতে হয় কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য দর-কষাকষির একটি গুরুত্বপূর্ণ উপকরণ।
একই সময়ে ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে রুশ বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করেন। তিনি রাশিয়ার আগ্রাসনের দায় ইউক্রেনের ওপর চাপান, হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ান এবং যুদ্ধের মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজনের কথা বলেন। বাস্তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন নির্বাচন আয়োজনের নানা বাধা থাকলেও এ ধরনের বক্তব্য দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
এরপর ২০২৫ সালের আগস্টে ট্রাম্প পুতিনকে আলাস্কায় লালগালিচা সংবর্ধনা দিয়ে বৈঠকে আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবু তাঁকে এমন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, যা রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি করে।
বৈঠকের আগে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ পক্ষের আলোচনায় সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু আলাস্কার বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি আসেনি। বরং রাশিয়া পরবর্তী সময়ে এমন একটি সমঝোতার ইঙ্গিত দিয়েছে, যার বাস্তব অস্তিত্বই স্পষ্ট নয়। এতে পুতিনের কূটনৈতিক লাভ হয়েছে, কিন্তু ইউক্রেনের যুদ্ধ থামেনি।
ইরান যুদ্ধেও সুবিধা পেয়েছে মস্কো
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইউক্রেনকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়নি। কিন্তু এর পরিণতি রাশিয়ার জন্য লাভজনক হয়েছে। যুদ্ধের প্রভাবে রুশ তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগ তৈরি হয়, বিশেষ করে ডিজেল রপ্তানির ক্ষেত্রে।
আরও গুরুত্বপূর্ণ হলো, ট্রাম্প জেলেনস্কির ওপর রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার চাপ দেন। ইউক্রেনের হাতে রাশিয়ার যুদ্ধ পরিচালনার ব্যয় বাড়ানোর যে কয়েকটি কার্যকর উপায় রয়েছে, তেল শোধনাগার লক্ষ্য করে হামলা তার অন্যতম। এসব স্থাপনায় আঘাত রাশিয়ার জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ সৃষ্টি করতে পারে।
অন্যদিকে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট প্রতিরোধব্যবস্থার মজুতেও চাপ তৈরি করেছে। ফলে ইউক্রেনের জন্য এসব অস্ত্র পাওয়ার সুযোগ আরও সীমিত হয়েছে।
স্যাটেলাইট প্রযুক্তি নিয়েও একই ধরনের সমস্যা দেখা গেছে। স্পেসএক্সের স্টারশিল্ড ব্যবস্থার গতি কমিয়ে দেওয়ায় ইউক্রেনের নিয়ন্ত্রিত প্রতিরোধী ড্রোনের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ড্রোন রাশিয়ার জেটচালিত ড্রোন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে গোয়েন্দা তথ্য সরবরাহে বাধা দেওয়ার আরেকটি ঘটনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগ কমে যায়। এতে বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি বেড়েছে এবং বিদ্যুৎ, পানি ও নগরীর তাপ সরবরাহব্যবস্থার ওপর রাশিয়ার হামলা আরও কার্যকর হয়েছে।
আলোচনার ক্রমও নির্ধারণ করছে মস্কো
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের আরেকটি অবস্থান রাশিয়াকে সুবিধা দিয়েছে। ওয়াশিংটনের আলোচকেরা ইউক্রেনে যুদ্ধবিরতির আগে ইউরোপের জন্য নতুন নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনা করার রুশ দাবিতে সম্মতি দিয়েছেন।
ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৃহত্তর আলোচনা প্রয়োজন হতে পারে। কিন্তু যুদ্ধবিরতির আগে সেই আলোচনা শুরু হলে ইউক্রেনের তাৎক্ষণিক নিরাপত্তা ও যুদ্ধ বন্ধের প্রশ্ন পেছনে পড়ে যায়। রুশ যুদ্ধপন্থী ব্লগার আলেক্সান্ডার কোটসও এই আলোচনার ক্রমকে মস্কোর সাফল্য হিসেবে দেখেছেন। তাঁর যুক্তি, নতুন নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনা চলার সময় যুদ্ধ অব্যাহত থাকলে বসন্তে ইউক্রেনকে আরও খারাপ অবস্থান থেকে নতুন করে আলোচনায় বসতে হতে পারে।
এর সঙ্গে যুক্ত হয়েছে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে ট্রাম্পের অনিশ্চিত বক্তব্য। এতে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়াতে এবং অস্ত্রের মজুত গড়ে তুলতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তার আর্থিক দায়ও তাদের ওপর আরও বেশি করে পড়ছে।
পুতিনের লক্ষ্য বড়, ছাড়ের বিনিময়ে নেই শান্তির উদ্যোগ
এই ধারাবাহিক ছাড়ের পরও পুতিন যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য কোনো সমঝোতার প্রস্তাব দেননি। বরং রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পক্ষে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। চীনের শেনজেনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠককে মস্কো আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারণের সুযোগ হিসেবে দেখছে।
পুতিনের লক্ষ্য শুধু ইউক্রেন নিয়ে সমঝোতা নয়। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সমকক্ষ বৈশ্বিক শক্তি হিসেবে স্বীকৃতি চান। পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলকে প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার ধারণাও তাঁর কূটনৈতিক আকাঙ্ক্ষার অংশ। ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে জোসেফ স্ট্যালিন, উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন রুজভেল্টের মধ্যে যে ধরনের ক্ষমতার সমঝোতা হয়েছিল, তার সঙ্গে এই আকাঙ্ক্ষার মিল রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য ১২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হলেও তার কোনো বাস্তব ফল এখনো দেখা যায়নি। ফলে পুতিনের জন্য সুবিধার তালিকা দীর্ঘ হলেও যুক্তরাষ্ট্রের প্রাপ্তি প্রায় শূন্য।
হোয়াইট হাউসের যুক্তি, সফল মধ্যস্থতাকারী হতে হলে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার মানসিকতা রাখতে হয়। কিন্তু সমঝোতা আর একতরফা ছাড় এক বিষয় নয়। কোনো পক্ষকে আলোচনায় আনতে নমনীয়তা প্রয়োজন হতে পারে, কিন্তু সেই নমনীয়তা যদি প্রতিপক্ষের সামরিক ও কূটনৈতিক অবস্থান শক্তিশালী করে এবং মিত্রের নিরাপত্তা দুর্বল করে, তাহলে তাকে কার্যকর কূটনীতি বলা কঠিন।
ট্রাম্পের সামনে এখনো সুযোগ রয়েছে ইউক্রেনের নিরাপত্তা, ইউরোপের স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অঙ্গীকারকে আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনার। কিন্তু বর্তমান ধারার পরিবর্তন না হলে এর পরিণতি হবে আরও ভয়াবহ। পুতিন যে লক্ষ্য সামরিক শক্তি প্রয়োগ করেও অর্জন করতে পারেননি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ছাড় শেষ পর্যন্ত তাঁকে সেই লক্ষ্য অর্জনের পথ করে দিতে পারে।













