দৈনিক ইত্তেফাকের প্রকাশক পদ থেকে তাঁকে সরিয়ে দিতে ভুয়া আবেদন ও জাল নথি ব্যবহারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন তারিন হোসেন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, পত্রিকার প্রকাশক পরিবর্তনের জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তিনি কোনো আবেদন করেননি, সংশ্লিষ্ট কোনো নথিতে স্বাক্ষরও করেননি। এমন উদ্যোগ নেওয়ার জন্য কাউকে অনুমতিও দেননি।
তারিনের ভাষ্য, তাঁর নামে জমা দেওয়া কথিত আবেদনটি সাজানো ও জাল। এই আবেদনের ভিত্তিতে কোনো অনুমোদন দেওয়া হলে তা আইনগত ও প্রশাসনিকভাবে কার্যকর হওয়ার সুযোগ নেই। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর নামে জমা দেওয়া আবেদনটির সত্যতা এবং উৎস দ্রুত যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পরিচালনা পর্ষদও অবগত ছিল না বলে দাবি
বিবৃতিতে বলা হয়েছে, ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনও কথিত আবেদন বা প্রকাশক পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে জানতেন না। কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের অগোচরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
১৮ নভেম্বর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশক পরিবর্তনের প্রস্তাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনেরও প্রতিবাদ জানিয়েছেন তারিন। তাঁর অভিযোগ, এসব প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে।
রাজনৈতিক পদ ও আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন—এমন দাবি নাকচ করে তারিন বলেন, তিনি কখনো সংগঠনটির ওই পদে ছিলেন না, এমনকি সদস্যও ছিলেন না।
পত্রিকার আয়ের বড় অংশ তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হতো—প্রতিবেদনে এমন যে অভিযোগ করা হয়েছে, সেটিও অস্বীকার করেছেন তিনি। তাঁর বিবৃতি অনুযায়ী, ইত্তেফাকের ডিজিটাল কার্যক্রম থেকে পাওয়া আয় পত্রিকাটির দাপ্তরিক করপোরেট ব্যাংক হিসাবে জমা করা হতো।
এ ছাড়া তারিনের সাবেক স্বামী দৈনিক ইত্তেফাকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন—এমন তথ্যও বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয়েছে।
বিভ্রান্তিকর প্রতিবেদন সংশোধনের আহ্বান
ইত্তেফাকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমগুলোকে প্রকাশিত বিতর্কিত তথ্য সংশোধনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারিন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে যাচাইহীন বা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য না নিয়েই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তারিন বিষয়টিকে বাবা ও মেয়ের মধ্যকার বিরোধ হিসেবে দেখারও বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, কথিত আবেদনটি জমা দেওয়ার বিষয়ে তাঁর বাবা কিংবা তিনি—কেউই অবগত ছিলেন না। তিনি বলেন, “এই আবেদনটি দাখিল করা হয়েছে, তা আমার বাবা বা আমি—কেউই জানতাম না।”












