রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় শরণার্থী শিবিরের তরুণদের পাশাপাশি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের জীবন-জীবিকাও চাপে পড়েছে। রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক শিক্ষা বা কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই। অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর প্রতি তিনজন তরুণের দুজন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট তাঁদের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রোহিঙ্গা সংকট: দশম বছর ও তার পরবর্তী সময়—প্রতিক্রিয়া নতুন করে ভাবনা’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষণায় বলা হয়েছে, মানবিক সহায়তা কমিয়ে দেওয়া কিংবা চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উৎসাহিত করা কার্যকর সমাধান নয়। বরং মিয়ানমারে নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাকেই প্রত্যাবাসনের প্রধান শর্ত হিসেবে দেখছেন দুই জনগোষ্ঠীর তরুণেরা।
রোহিঙ্গা তরুণদের ৪৯.৭ শতাংশ শিক্ষা ও কাজের বাইরে
ব্র্যাকের গবেষণা অনুযায়ী, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত নন। নারী ও পুরুষের মধ্যে এই ব্যবধান অত্যন্ত বেশি। তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশ শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে থাকলেও তরুণদের ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ।
বর্তমানে মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন। জীবিকাসংশ্লিষ্ট কাজে যুক্ত রয়েছেন ৩৮ দশমিক ৪ শতাংশ।

যাঁরা কাজ করছেন, তাঁদের বড় অংশ এনজিওর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দিনমজুরি ও ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান তাঁরা। কোনো প্রকল্প শেষ হয়ে গেলে অনেকের কাজও বন্ধ হয়ে যায়। ফলে নিয়মিত আয় না থাকায় মৌলিক প্রয়োজন মেটাতেও হিমশিম খেতে হয় অনেককে।
গবেষণায় আয়ের সঙ্গে মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহের সম্পর্কও পাওয়া গেছে। যেসব তরুণের কিছু আয় রয়েছে, তাঁদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে আগ্রহী। আয় নেই এমন তরুণদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ।
নাগরিকত্ব ও নিরাপত্তা ছাড়া ফিরতে চান না রোহিঙ্গারা
গবেষণায় অংশ নেওয়া রোহিঙ্গা তরুণদের ৭৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে তাঁরা মিয়ানমারে ফিরে যেতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে প্রত্যাবাসনে আগ্রহী তরুণের হার বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৬ শতাংশে।
অন্যদিকে শুধু নাগরিকত্ব দেওয়া হলেও নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকলে মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ তরুণ ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

বাংলাদেশে আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমিয়ে দিয়ে মিয়ানমারে শুধু সহায়তা ও চাকরির ব্যবস্থা করা হলে ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ শিবিরেই থেকে যেতে চান। ফিরে যাওয়ার কথা বিবেচনা করবেন ৩৫ দশমিক ৬ শতাংশ।
স্থানীয় তরুণদের ৬৬.৭ শতাংশের জীবিকায় নেতিবাচক প্রভাব
রোহিঙ্গা সংকটের প্রভাব শুধু শরণার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের ৬৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, এই সংকট তাঁদের জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলেছে।
তাঁদের মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে, কাজ পাওয়া আগের তুলনায় কঠিন হয়েছে। ৬৫ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, মজুরি কমেছে। আর ৩৬ দশমিক ৪ শতাংশ চাকরি বা কাজ হারিয়েছেন।

এ ক্ষেত্রে টেকনাফের পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। সেখানে ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ জীবিকার ক্ষতির কথা জানিয়েছেন। উখিয়ায় এ হার ৬০ দশমিক ১ শতাংশ।
স্থানীয় জনগোষ্ঠীর তরুণীদের কর্মসংস্থানেও বড় বৈষম্য রয়েছে। তরুণীদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা উচ্চতর শিক্ষা সম্পন্ন করলেও আয়মূলক কাজে যুক্ত মাত্র ২০ দশমিক ৮ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এই হার ৭০ দশমিক ২ শতাংশ। গড়ে পুরুষদের আয় নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুণ বেশি।
জোরপূর্বক প্রত্যাবাসনের পক্ষে মাত্র ২৩.৪ শতাংশ
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠীর ৭২ দশমিক ২ শতাংশ তরুণ মনে করেন, তাঁদের এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক ভালো নয় বলে মনে করেন ৫৭ দশমিক ৩ শতাংশ।
তবে অসন্তোষ থাকলেও জোরপূর্বক প্রত্যাবাসনের পক্ষে রয়েছেন মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ স্থানীয় তরুণ। তাঁদের ৯৫ দশমিক ৫ শতাংশ নিজেদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন।

স্থানীয় তরুণদের প্রধান দাবির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার, শরণার্থীশিবিরের ভেতরে কর্মসংস্থানে স্থানীয়দের সুযোগ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কৃষি, মৎস্য ও হস্তশিল্প খাতে সহায়তা।
সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ
ব্র্যাকের গবেষণা দুটি ২০২৫ সালের মার্চ ও এপ্রিলে পরিচালিত হয়। এতে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ অংশ নেন। তাঁদের মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর সদস্য। জরিপের পাশাপাশি দলীয় আলোচনা ও বিস্তারিত সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।
সংলাপে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিকট ভবিষ্যতে সম্ভব না হলেও তাঁদের জীবিকা ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা জরুরি। এটি বাংলাদেশের সমাজে একীভূত করার উদ্যোগ নয়; বরং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দেখতে হবে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংকটের অর্থনৈতিক চাপ যেন স্থানীয় জনগোষ্ঠীকে একা বহন করতে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই করতে হবে। তাঁদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ দায়িত্ব থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরে আসার সুযোগ নেই।
ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগের ওপর গুরুত্ব দেন। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এসেছেন। তাঁদের শুধু সহায়তাগ্রহীতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
সংলাপে বক্তারা বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধান সম্ভব নয়। রোহিঙ্গা তরুণদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষা এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।












