ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একটি হাসপাতাল ট্রাস্টের বিরুদ্ধে মস্তিষ্কের ক্যানসার রোগীদের বছরের পর বছর অপ্রয়োজনীয় কেমোথেরাপি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুল রোগ নির্ণয়, চিকিৎসা বন্ধ করলে মৃত্যুর আশঙ্কা দেখানো এবং অতিরিক্ত কেমোথেরাপির কারণে গুরুতর শারীরিক ক্ষতির ঘটনায় স্বাধীন ও পূর্ণাঙ্গ সরকারি তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বুধবার প্রকাশিত এক পর্যালোচনা প্রতিবেদনে ইউনিভার্সিটি হসপিটালস কভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার এনএইচএস ট্রাস্টের নিউরো-অনকোলজি বিভাগের চিকিৎসাসেবায় গুরুতর ব্যর্থতার চিত্র উঠে এসেছে। রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের (আরসিপি) পরিচালিত এই পর্যালোচনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ইয়ান ব্রাউনের অধীনে চিকিৎসা নেওয়া ২০টি ঘটনা পরীক্ষা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন রোগীকে দীর্ঘ সময় ধরে প্রচলিত চিকিৎসানীতির বাইরে টেমোজোলোমাইড (টিএমজেড) নামের কেমোথেরাপির ওষুধ দেওয়া হয়েছে। সাধারণত এই ওষুধ ছয়টি চক্রে, প্রায় ছয় মাস ধরে প্রয়োগ করার কথা। কিন্তু একজন রোগীকে ১৩ বছরে ১০০টির বেশি চক্রে এই চিকিৎসা দেওয়া হয়েছিল। অতিরিক্ত কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় পরে তাঁর লিউকেমিয়া দেখা দেয়।
ক্যানসার না থাকলেও ১১ বছর কেমোথেরাপি
ভুক্তভোগীদের একজন ৩৫ বছর বয়সী বেকি জোনস। মাত্র ২১ বছর বয়সে তাঁকে জানানো হয়েছিল, তাঁর গ্রেড-৪ গ্লিওব্লাস্টোমা হয়েছে এবং বেঁচে থাকার সম্ভাব্য সময় মাত্র ছয় থেকে ১২ মাস।
এরপর তাঁকে ১১ বছর ধরে কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, তাঁর কখনোই মস্তিষ্কে টিউমার ছিল না। পরীক্ষার চিত্রে টিউমারের পরিবর্তে তুলনামূলক কম গুরুতর একধরনের ক্ষত বা টিউমেফ্যাকটিভ ডিমায়েলিনেশন থাকার প্রমাণ পাওয়া যায়।
বেকি বলেন, কেমোথেরাপি যেন মিষ্টির মতো বিলিয়ে দেওয়া হয়েছে—এমন ঘটনা জানতে পেরে তিনি ভীষণ ক্ষুব্ধ। তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। অপ্রয়োজনীয় চিকিৎসার কারণে তাঁদের ভবিষ্যৎ থেকে তিনি হারিয়ে যেতে পারতেন—এই চিন্তা তাঁকে প্রতিনিয়ত কষ্ট দেয়।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন এবং চিকিৎসাব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যাতে অন্য কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে।
৮৩ রোগীকে দীর্ঘমেয়াদি চিকিৎসা
আরসিপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ওই ট্রাস্টে ৮৩ জন রোগীকে দীর্ঘ মেয়াদে টেমোজোলোমাইড দেওয়া হয়েছিল। পর্যালোচনা দল ২০টি চিকিৎসার ঘটনা বিশ্লেষণ করে ছয়জনের গুরুতর, পাঁচজনের মাঝারি এবং আটজনের স্বল্পমাত্রার ক্ষতি শনাক্ত করেছে। বাকি একজনের ক্ষেত্রে ক্ষতির মাত্রা নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু রোগীর ক্যানসার বাড়তে থাকলেও তাঁদের কেমোথেরাপি চালিয়ে যাওয়া হয়েছিল। অথচ ওই পর্যায়ে উপসর্গ নিয়ন্ত্রণ ও জীবনমান উন্নয়নে সহায়ক চিকিৎসা দেওয়াই বেশি উপযুক্ত হতে পারত।
দীর্ঘদিন অপ্রচলিত চিকিৎসাপদ্ধতিতে কেমোথেরাপি নেওয়ার কারণে রোগীদের দ্বিতীয় ধরনের ক্যানসারসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি হয়েছিল।
ভুল রোগ নির্ণয়ে ১০ বছর চিকিৎসা
আরেক ভুক্তভোগী ৫৪ বছর বয়সী মার্ক পল্টন। তিন সন্তানের এই বাবা ২০১৪ সালে জানতে পারেন, তাঁর অলিগোডেনড্রোগ্লিওমা নামের আক্রমণাত্মক মস্তিষ্কের টিউমার হয়েছে।
এরপর প্রায় এক দশক কেমোথেরাপি নেওয়ার পর ২০২৪ সালে তিনি জানতে পারেন, তাঁর রোগের প্রকৃত ধরন ছিল অ্যাস্ট্রোসাইটোমা।
মার্ক বলেন, ১০ বছর ধরে যে চিকিৎসা তাঁকে নিতে হয়েছে, তার প্রয়োজন ছিল কি না—এ নিয়ে তিনি ক্ষুব্ধ। ক্যানসার শনাক্ত হওয়ার পর হাসপাতালকে নিরাপদ আশ্রয় মনে করেছিলেন। কিন্তু এক দশক পর জানতে পারেন, চিকিৎসাব্যবস্থার ব্যর্থতার কারণে তাঁকে দীর্ঘদিন ভুগতে হয়েছে।
চিকিৎসা বন্ধ করলে মৃত্যুর ভয় দেখানোর অভিযোগ
পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, কিছু রোগীকে সরাসরি অথবা পরোক্ষভাবে বোঝানো হয়েছিল যে কেমোথেরাপি বন্ধ করলে তাঁদের ক্ষতি হবে কিংবা মৃত্যু ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের বিভ্রান্তিকর তথ্যও দেওয়া হয়েছিল।
এক রোগী চিকিৎসা নিয়ে প্রশ্ন তুললে তাঁকে বলা হয়েছিল, চিকিৎসক আইনগতভাবে এই চিকিৎসা চালিয়ে যেতে বাধ্য।
অতিরিক্ত কেমোথেরাপির কারণে কয়েকজন রোগীর দীর্ঘস্থায়ী ক্লান্তি, বমিভাব এবং অন্যান্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। একজন রোগীর ক্ষেত্রে চোখসংক্রান্ত শিংলসের গুরুতর সংক্রমণও হয়েছিল।
হাসপাতালের ক্ষমা, স্বাধীন তদন্তের দাবি
অধ্যাপক ইয়ান ব্রাউন ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওই হাসপাতালে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে অবসরের সময় তাঁর রোগীদের দায়িত্ব অন্য চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হলে সহকর্মীরা চিকিৎসাপদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তী সময়ে বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিবেদনে তাঁকে ‘ডা. ওয়াই’ নামে উল্লেখ করা হয়েছে। তিনি পর্যালোচনায় অংশ নেননি এবং বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতাল ট্রাস্টের প্রধান নির্বাহী অধ্যাপক অ্যান্ডি হার্ডি এবং চেয়ারম্যান সু নোয়েস এক বিবৃতিতে চিকিৎসাসেবার ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। তাঁরা বলেছেন, রোগীরা যে মানের চিকিৎসা পাওয়ার অধিকারী, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। তাঁদের হতাশ করার দায় স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তাঁরা।
এদিকে ৪০ জনের বেশি রোগীর পক্ষে আইনি পদক্ষেপ নিচ্ছে আইনজীবী প্রতিষ্ঠান ব্র্যাবনার্স। প্রতিষ্ঠানটি পুলিশের কাছে অভিযোগ পাঠানোর পাশাপাশি একটি স্বাধীন ও আইনগত ক্ষমতাসম্পন্ন সরকারি তদন্তের দাবি জানিয়েছে।
ট্রাস্ট জানিয়েছে, বর্তমানে জীবিত যেসব রোগী টিএমজেড নিয়েছেন, তাঁদের চিকিৎসা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। অধ্যাপক ব্রাউনের অধীনে ১২টির বেশি চক্রে কেমোথেরাপি নেওয়া জীবিত রোগীদের জন্য একটি বিস্তৃত স্বাধীন পর্যালোচনাও করা হবে।
এ ছাড়া যেসব রোগী মারা গেছেন এবং অপ্রচলিত চিকিৎসাপদ্ধতিতে কেমোথেরাপি নিয়েছিলেন, তাঁদের চিকিৎসার ইতিহাস পর্যালোচনার বিষয়ে এনএইচএস ইংল্যান্ডের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
তবে ভুক্তভোগীদের দাবি, শুধু হাসপাতালের অভ্যন্তরীণ পর্যালোচনা বা ক্ষমা চাওয়ায় এই ঘটনা শেষ হতে পারে না। চিকিৎসায় কীভাবে এত বড় অনিয়ম ঘটল, কারা এর জন্য দায়ী এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব প্রশ্নের জবাব পেতে তাঁরা পূর্ণাঙ্গ সরকারি তদন্ত চান।












