দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও বিভিন্ন কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের চেষ্টা বেড়েছে। গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে ব্যাংকটির মোট ৭২টি শাখা ও কার্যালয় হামলা কিংবা আগুন দেওয়ার চেষ্টার শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকটির বিভিন্ন জোনের নিরীক্ষা কার্যালয় থেকে ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জে সবচেয়ে বেশি আটটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর, সেখানে ছয়টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
দুই দিনেই ৪৯টি হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা
তারিখভিত্তিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, ১৮ ও ১৯ নভেম্বর—এই দুই দিনেই ঘটেছে মোট ৪৯টি ঘটনা। এর মধ্যে ১৯ নভেম্বর ২৯টি এবং আগের দিন ১৮ নভেম্বর ২০টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
এর আগে ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা বা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল।
এসব ঘটনায় পেট্রল, পেট্রলবোমা, ককটেল, কেরোসিন, ডিজেলসহ বিভিন্ন দাহ্য ও বিস্ফোরক পদার্থ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। কয়েকটি ঘটনায় কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও নিরাপত্তাকর্মী বা কর্মীদের নজরে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। কোথাও কোথাও অগ্নিসংযোগের চেষ্টা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার লক্ষ্য
শুধু শাখা কার্যালয় নয়, গ্রামীণ ব্যাংকের একাধিক আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এর মধ্যে সিলেটের কয়েকটি এলাকা ও জোনাল কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক কার্যালয় এবং বরিশালের আঞ্চলিক কার্যালয় রয়েছে। রাজশাহী ও সাতকানিয়ার কার্যালয় লক্ষ্য করেও পেট্রলবোমা ও ককটেল হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
এসব ঘটনায় কোথাও কার্যালয়ের আসবাব, নথিপত্র, ঋণ আদায়ের শিট, সাইনবোর্ড, জানালা, দরজা ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু ঘটনায় বিস্ফোরক ব্যবহার কিংবা আগুন দেওয়ার চেষ্টা করা হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
হামলার ঘটনায় ব্যাংকের উদ্বেগ ও নিন্দা
ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; বরং দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবিকা, দীর্ঘদিনের আস্থা এবং অর্জনকেও হুমকির মুখে ফেলছে।
স্বল্প আয়ের মানুষের সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানে আগুন দিয়ে কার স্বার্থ রক্ষা করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছে ব্যাংকটি।
গ্রামীণ ব্যাংক আশা প্রকাশ করেছে, প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত হবে, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মালিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান
বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক স্পষ্ট করেছে, প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর ব্যক্তিগত মালিকানাধীন নয়।
ব্যাংকটির মালিকানা ও কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
এ ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি যাচাই না করা তথ্য বিশ্বাস বা প্রচার না করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত সঠিক তথ্য জানতে নিকটস্থ শাখা অথবা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।












