মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসিকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে উল্লেখ করেছে আদালত প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বক্তব্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার একটি ফৌজদারি আপিলের দীর্ঘ সময় ধরে শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির নামে গণমাধ্যমে প্রকাশিত কোনো মন্তব্য করা হয়নি।
কোন মামলার শুনানি চলছিল
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকার প্রথম নম্বরে থাকা এস.এম. আমিনুজ্জামান ফারুক ও অন্যান্য বনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির শুনানি হয়। এটি ফৌজদারি আপিল নম্বর ৮/২০২৪।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে এতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রশীদ হোসেনসহ সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, আদালতের কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে মনগড়া বলল আদালত
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, শুনানির সময় প্রধান বিচারপতি ‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ কিংবা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এ ধরনের কোনো বক্তব্য দেননি।
অথচ তাঁর নামে এমন মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের ভাষ্য অনুযায়ী, এসব সংবাদ সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার জনমনে বিভ্রান্তি তৈরি করে। একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান
সুপ্রিম কোর্ট প্রশাসন বলেছে, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল।
এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে আদালত প্রশাসন।
বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির নামে প্রকাশিত বক্তব্যের বিষয়ে আদালতের অবস্থান স্পষ্ট করে দিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।












