বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাবা সিদ্দিকী হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতারের নামে অভিনেতার মোবাইল ফোনে একটি ভয়েস বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করছে মুম্বাই পুলিশ।
বৃহস্পতিবার পুলিশের এক কর্মকর্তা জানান, সাইফ আলী খানের ফোনে আসা ভয়েস বার্তায় বলা হয়েছে, বাবা সিদ্দিকীর মতো পরিণতি হবে অভিনেতারও। তবে হুমকিটি সত্যিই জিশান আখতার দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর পরিচয় ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা যাচাই করা হচ্ছে।
পুলিশের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করেও এ ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়ে থাকতে পারে। হুমকির উৎস এবং বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত চলছে।
সম্প্রতি বলিউডের আরও কয়েকজন তারকা একই ধরনের হুমকি পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুর।
এর আগে আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে এআই ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। বৈভব মিশ্র নামের ওই ব্যক্তি আইআইটির সাবেক শিক্ষার্থী। পুলিশের দাবি, কোনো অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ভয় দেখিয়েছিলেন।
সাইফের ওপর আগেও হামলা হয়েছিল
চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে নিজের বাসায় এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন সাইফ আলী খান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কয়েক দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকী। তিন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
অমিতাভের বাড়িসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ভুয়া হুমকি
বলিউড তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি মুম্বাই ও পুনেতে একের পর এক বোমা হামলার ভুয়া হুমকিও ছড়ানো হচ্ছে।
গত ১২ নভেম্বর ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামের একটি সংগঠনের পরিচয়ে পাঠানো ই-মেইলে একাধিক স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিল অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন জলসা, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মহালক্ষ্মী স্টেডিয়াম, মুম্বাই মেয়রের কার্যালয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখা এবং পুনে মিউনিসিপ্যাল করপোরেশনের সদর দপ্তর।
খবর পেয়ে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি।
এর আগে ৬ নভেম্বর বোমা হামলার আরেকটি ভুয়া ই-মেইলের পর বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ, মহালক্ষ্মী রেসকোর্স এবং অমিতাভ বচ্চনের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়। সাইবার পুলিশ ই-মেইল প্রেরকদের আইপি ঠিকানা শনাক্তের চেষ্টা করছে।
এ ছাড়া গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও ডেপুটি মেয়র সঞ্জয় ঘাডির কাছে পাঠানো এক ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি, একটি স্কুল এবং ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্জের নির্ধারিত কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছিল।
নিরাপত্তা উদ্বেগের মধ্যে সম্প্রতি নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভ বচ্চনকে স্বচ্ছ বুলেটপ্রুফ সুরক্ষা বেষ্টনীর আড়ালে দেখা যায়।












