২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপিকে পরাজিত করতে জোটবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস ও বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তাঁর দল জোটের শরিকদের সঙ্গে নিয়ে রাজ্যের মানুষের সামনে একটি শক্তিশালী বিকল্প তুলে ধরবে। তাঁর মতে, উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন চান এবং সামাজিক ন্যায়বিচার, সমান সুযোগ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।
সোমবার নিজের সরকারি বাসভবনে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খাড়গে। বৈঠকে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি এবং ইন্ডিয়া জোটের সঙ্গে আসন সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম এবং রাজ্য কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্রসহ অন্য জ্যেষ্ঠ নেতারা।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খাড়গে জানান, উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চান। তাঁদের প্রত্যাশা সামাজিক ন্যায়বিচার, সমান সুযোগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আরও শক্তিশালী করা। কংগ্রেস ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে নিয়ে এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজেপিকে পরাজিত করার প্রত্যয়
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কে সি বেণুগোপাল। তিনি বলেন, পরিস্থিতি যা-ই হোক, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের সরকার গঠিত হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও জোটের শরিকদের সঙ্গে নিয়ে বিজেপিকে পরাজিত করার লক্ষ্য নিয়ে এগোবে কংগ্রেস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় বেণুগোপাল বিজেপির শাসনামলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিজেপির তথাকথিত ‘দ্বৈত ইঞ্জিন’ সরকার উত্তরপ্রদেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ক্ষতি করেছে। রাজ্যের মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে চান বলেও দাবি করেন তিনি।
আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় নতুন মাত্রা
কংগ্রেসের এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সাম্প্রতিক বক্তব্য। দুই দিন আগে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের নির্বাচনে কংগ্রেস উত্তরপ্রদেশের মোট ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছে।
এই আসনসংখ্যা নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকে জোটের বিষয়টি গুরুত্ব পাওয়ায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।
উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক রাজ্যগুলোর একটি। সেখানে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে সমন্বয় কতটা কার্যকর হয়, সেটিই আগামী নির্বাচনের প্রস্তুতিতে বড় বিষয় হয়ে উঠতে পারে।












