ভারতের তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার পর এবার আরও দুটি অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা সংগ্রহের কথা ভাবছে ফিলিপাইন। দেশটির নজর রয়েছে ভারতের আকাশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং পিনাকা বহুনল রকেট উৎক্ষেপণব্যবস্থার দিকে। পাশাপাশি আরও ছয়টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রব্যবস্থার ব্যাটারি কেনার বিষয়েও আলোচনা এগোচ্ছে। এসব অস্ত্র হাতে পেলে সমুদ্রসীমা ও আকাশপথের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়বে ম্যানিলার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন পাঁচটির বেশি রেজিমেন্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং কয়েকটি ব্যাটারি পিনাকা রকেট উৎক্ষেপণব্যবস্থা কেনার বিষয়টি বিবেচনা করছে। দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর প্রায় দুই সপ্তাহ আগে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানান, তাঁর দেশ ভারতের কাছ থেকে আরও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী। ফিলিপাইনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষেপণাস্ত্রব্যবস্থায় কিছু পরিবর্তনের প্রস্তাবও ভারতকে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত ছয়টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রব্যবস্থার ব্যাটারি কেনার বিষয়ে আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে।
তিন অস্ত্রে তৈরি হবে বহুস্তরীয় প্রতিরক্ষা
বিশ্লেষকদের মতে, আকাশ, পিনাকা ও ব্রহ্মোস—এই তিনটি অস্ত্রব্যবস্থা একসঙ্গে ব্যবহার করতে পারলে ফিলিপাইনের প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে।
আকাশ ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথের হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি শত্রুপক্ষের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশপথের হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে ফিলিপাইনের আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলের তৈরি স্পাইডার-এমআর ব্যবস্থা, ভ্রাম্যমাণ প্রতিরক্ষা দল এবং এফএ-৫০ যুদ্ধবিমানের একটি ছোট বহর রয়েছে।
অন্যদিকে, পিনাকা হচ্ছে বহুনল রকেট উৎক্ষেপণব্যবস্থা। অল্প সময়ের মধ্যে একাধিক বিস্ফোরক রকেট ছুড়ে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক আঘাত হানতে পারে। সমুদ্র উপকূলের প্রতিরক্ষা এবং স্থলপথে সম্ভাব্য আক্রমণ মোকাবিলায়ও এটি কার্যকর হতে পারে।
ব্রহ্মোস মূলত জাহাজবিধ্বংসী ও স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। এর সঙ্গে আকাশ ও পিনাকা যুক্ত হলে ফিলিপাইন বিভিন্ন দূরত্ব থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার সুযোগ পাবে।
বিশেষজ্ঞদের ধারণা, ব্রহ্মোস মোতায়েন করা এলাকাগুলোতে আকাশ ও পিনাকা ব্যবহার করা হলে ক্ষেপণাস্ত্রব্যবস্থাগুলোকে ড্রোনসহ বিভিন্ন আকাশপথের হামলা থেকে সুরক্ষা দেওয়া সহজ হবে। এতে উপকূলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে।
তুলনামূলক কম খরচে বাড়বে সামরিক সক্ষমতা
ভারতের অস্ত্র কেনার ক্ষেত্রে শুধু সামরিক সক্ষমতা নয়, ব্যয়ের বিষয়টিও ফিলিপাইনের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, ব্রহ্মোস অত্যাধুনিক ও ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র। ফলে প্রয়োজন অনুযায়ী বিপুলসংখ্যক ব্রহ্মোস কেনা বা ব্যবহার করা ব্যয়সাপেক্ষ। অন্যদিকে, তুলনামূলক কম খরচে পিনাকা সংগ্রহ করা সম্ভব। তাই বড় মজুত তৈরি করে প্রয়োজনে বারবার ব্যবহার করার সুযোগ রয়েছে।
পিনাকার দূরপাল্লার নির্দেশিত রকেট সংস্করণও তৈরি হয়েছে। পরীক্ষায় এর নির্ভুলতা ও ধ্বংসক্ষমতার উন্নতি দেখা গেছে। ফলে কম খরচে প্রতিপক্ষের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে।
ভারতের অস্ত্রব্যবস্থার আরেকটি সুবিধা হলো বিভিন্ন ধরনের সামরিক প্ল্যাটফর্মে এগুলো ব্যবহার করা যায়। পাশাপাশি অস্ত্র সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও রাজনৈতিক শর্তের ক্ষেত্রেও তুলনামূলক নমনীয়তা রয়েছে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতের নিজস্ব সামরিক বাহিনী ব্রহ্মোস, আকাশ ও পিনাকা ব্যাপকভাবে ব্যবহার করে। ফলে এসব অস্ত্র কিনলে ফিলিপাইন চলমান উৎপাদনব্যবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন এবং আধুনিকায়নের সুবিধা পেতে পারে।
ইসরায়েলের বিকল্প সরবরাহকারী হিসেবে ভারত
ফিলিপাইনের ভারতমুখী হওয়ার পেছনে আন্তর্জাতিক অস্ত্রবাজারের পরিবর্তনও গুরুত্বপূর্ণ।
আগে ফিলিপাইনের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম সরবরাহকারী ছিল ইসরায়েল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এবং ইসরায়েলের নিজস্ব সামরিক চাহিদার কারণে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ভারত অস্ত্র সরবরাহকারী হিসেবে নতুন সুযোগ তৈরি করছে। দেশটি ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
বিশ্লেষকদের মতে, ফিলিপাইনের ধারাবাহিকভাবে ভারতীয় অস্ত্র কেনার আগ্রহ ভারতের প্রতিরক্ষা রপ্তানির গ্রহণযোগ্যতা বাড়াবে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশও ভারতীয় অস্ত্রের প্রতি আগ্রহী হতে পারে।
সামরিক সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা
ভারত ও ফিলিপাইন ২০২৫ সালের আগস্টে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করে। এরপর থেকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ আরও গুরুত্ব পেয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ব্রহ্মোসের পাশাপাশি আকাশ ও পিনাকা কেনার চুক্তি হলে দুই দেশের সামরিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছাতে পারে। শুধু অস্ত্র কেনাবেচা নয়, প্রশিক্ষণ, প্রযুক্তি সহযোগিতা, রক্ষণাবেক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগের সুযোগও তৈরি হবে।
ব্রহ্মোস চুক্তিতে ইতিমধ্যে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে নতুন অস্ত্র কেনা হলে কয়েক বছর মেয়াদি রক্ষণাবেক্ষণ চুক্তি এবং খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদের অনুকূল মূল্য নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
তবে এ ধরনের সহযোগিতা দীর্ঘমেয়াদে কার্যকর করতে হলে প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অর্থায়নের বিষয়গুলো নিশ্চিত করতে হবে। অস্ত্র কেনার চুক্তির পাশাপাশি এসব বিষয়ই দুই দেশের সামরিক অংশীদারত্বের স্থায়িত্ব নির্ধারণ করবে।
ইন্দোনেশিয়াও চলতি বছর ভারতের কাছ থেকে ব্রহ্মোস কেনার চুক্তি করেছে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বাজার সম্প্রসারণের সম্ভাবনা বাড়ছে।
সব মিলিয়ে, ফিলিপাইনের কাছে ভারতের অস্ত্র কেনা কেবল সামরিক সরঞ্জাম সংগ্রহের বিষয় নয়। এর মাধ্যমে দেশটি নিজেদের সমুদ্র ও আকাশসীমার প্রতিরক্ষা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায় দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে চাইছে।












