ভারতকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাবনা, বৈচিত্র্য ও উদ্ভাবনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। তাঁর মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে ভারত। দেশটির অভিজ্ঞতা দেখাচ্ছে, উন্নয়ন এবং পরিবেশ রক্ষা একই সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।
সোমবার মুম্বাইয়ে আয়োজিত আর্থশট পুরস্কারের প্রভাববিষয়ক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভারত জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই অর্জন করেছে। একই সময়ে এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা বেড়েছে ৫০ গুণেরও বেশি।
প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার সমন্বয়
সম্মেলনে আর্থশট পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী, দাতব্য সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনে প্রিন্স উইলিয়াম বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোকে প্রায়ই এমন দুটি বিকল্পের মুখোমুখি দাঁড় করানো হয়, যেখানে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যদিকে পরিবেশ সুরক্ষা। যেন একটি বেছে নিতে হলে অন্যটি বিসর্জন দিতে হবে।
তবে ভারতের অভিজ্ঞতা সেই ধারণার বাইরে ভিন্ন বাস্তবতা তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ভারত এমন এক বৈচিত্র্যময়, জটিল ও সম্ভাবনাময় চিত্র দেখাচ্ছে, যেখানে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে সমন্বয় সম্ভব।
প্রিন্স উইলিয়ামের মতে, জলবায়ু মোকাবিলায় প্রতিটি কার্যকর সমাধান পরবর্তী লক্ষ্য অর্জনের পথ সহজ করে। এভাবে একের পর এক অগ্রগতির মধ্য দিয়ে একসময় যে লক্ষ্য অসম্ভব মনে হতো, সেটিই বাস্তবসম্মত হয়ে ওঠে।
আর্থশটে ভারতের দুই উদ্যোগ
২০২৬ সালের আর্থশট পুরস্কারের ১৫টি চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে রয়েছে ভারতের দুটি উদ্যোগ—মহিলা হাউজিং ট্রাস্ট এবং মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি লিমিটেড। পরিবেশবান্ধব উদ্ভাবনে অবদানের জন্য প্রতিষ্ঠান দুটির প্রশংসা করেন প্রিন্স উইলিয়াম।
তাঁর বক্তব্যে উঠে আসে, আর্থশটের উদ্ভাবনী উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস ভারত। এই পুরস্কারের ইতিহাসে ভারতই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজয়ী ও চূড়ান্ত তালিকাভুক্ত উদ্যোগের দেশ।
তবে জলবায়ু সংকট মোকাবিলার দায়িত্ব কোনো একটি দেশ বা প্রতিষ্ঠানের নয় বলে মনে করেন তিনি। এবারের চূড়ান্ত তালিকায় বিভিন্ন মহাদেশ ও শিল্প খাতের উদ্যোগ স্থান পেয়েছে। পরিচ্ছন্ন পরিবহন, কৃষি বিমা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিপজ্জনক রাসায়নিকের ব্যবহার মোকাবিলার মতো বিষয় এতে রয়েছে। এসব উদ্যোগের অভিজ্ঞতা থেকে দেশ ও প্রতিষ্ঠানগুলোর পরস্পরের শেখার সুযোগ তৈরি হয়েছে।
মুম্বাইয়ে তিন দিনের সফরে রাজদম্পতি
প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন সোমবার মুম্বাইয়ে পৌঁছান। আর্থশট পুরস্কারের ষষ্ঠ আয়োজন উপলক্ষে তাঁদের এই সফর তিন দিনের। চার বছর পর এটি তাঁদের প্রথম যৌথ বিদেশ সফর। এক দশকের মধ্যে ভারতে তাঁদের দ্বিতীয় সফরও এটি।
সোমবার দিনের শুরুতে দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে স্থানীয় শিশুদের সঙ্গে গলি ক্রিকেট খেলেন রাজদম্পতি। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। পরে তাঁরা মুম্বাই মেট্রোতে চড়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে যান।
আর্থশট পুরস্কারের ট্রাস্টি এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নও সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এখন শহরে বসবাস করে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে নগরগুলো থেকেই। একটি শহরে কোনো কার্যকর সমাধান সফল হলে অন্য শহর সেটি অনুসরণ করতে পারে। এভাবেই একটি নতুন উদ্যোগ ধীরে ধীরে সাধারণ চর্চায় পরিণত হয়।
পাঁচ বিভাগে পুরস্কার ঘোষণা মঙ্গলবার
প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার প্রতিষ্ঠা করেন। পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই এর লক্ষ্য। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫টি উদ্যোগকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বাছাই করা হয়। সেখান থেকে পাঁচটি বিভাগে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়।
বিভাগগুলো হলো—বায়ুদূষণ কমানো, জলবায়ু সুরক্ষা, মহাসাগর পুনরুজ্জীবন, বর্জ্যমুক্ত বিশ্ব গঠন এবং প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার।
২০২৬ সালের বিজয়ীদের নাম মঙ্গলবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে। এবারের আয়োজনে ভারতের দুটি উদ্যোগের অন্তর্ভুক্তি দেশটির পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও দৃশ্যমান করেছে।












