ভারতের ২০২৭ সালের জনগণনার স্ব-তথ্য নিবন্ধন পোর্টালে ধর্ম পরিচয় দেওয়ার ক্ষেত্রে ‘অন্যান্য’ শ্রেণির অধীনে হঠাৎ দেখা গিয়েছিল ২৮৭টি ধর্ম ও বিশ্বাসের নাম। তালিকায় ছিল ইসকন, রামকৃষ্ণ পরমহংস, সনাতন, শ্রী রাম, শ্রীকৃষ্ণ, বাল্মীকি, রামদেব, বিষ্ণোই, সরনা, তান্ত্রিক, যোগী, শিয়া, সুন্নি, মেথডিস্ট ও পেন্টেকোস্টালসহ নানা পরিচয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর একই দিন তালিকাটি পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়।
সোমবার উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও পাঞ্জাবের জন্য জনগণনার স্ব-তথ্য নিবন্ধন পোর্টাল চালু করা হয়। এসব রাজ্যে ২০২৭ সালে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পোর্টালে ধর্মসংক্রান্ত প্রশ্নের উত্তরে ছয়টি প্রধান ধর্মের পাশাপাশি ‘অন্যান্য’ নামে একটি শ্রেণি রাখা হয়েছিল। কিন্তু এবার প্রথমবারের মতো ওই শ্রেণির অধীনে প্রায় ২৮৭টি আলাদা নামের তালিকা যুক্ত করা হয়।
ভারতের আগের জনগণনাগুলোতেও ধর্মের ক্ষেত্রে প্রধান ছয়টি পরিচয় হিসেবে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মের পাশাপাশি ‘অন্যান্য’ শ্রেণি ছিল। তবে এবার সেই শ্রেণিকে বিস্তৃত করে আলাদা আলাদা পরিচয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকার কিছু নাম আগে প্রধান ধর্মগুলোর উপসম্প্রদায় হিসেবে বিবেচিত হয়েছে। আবার কিছু নাম ২০০১ ও ২০১১ সালের জনগণনায় ‘অন্যান্য ধর্ম ও বিশ্বাস’ শ্রেণিতে পাওয়া গিয়েছিল।
তালিকা নিয়ে সরকারি ব্যাখ্যায় ভিন্নতা
তালিকাটি সরিয়ে নেওয়ার পর ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনারের দপ্তরের এক প্রতিনিধি জানান, ছয়টি প্রধান ধর্মের বাইরে অন্য কোনো ধর্মের অনুসারীরা আগের মতোই নিজেদের ধর্মের নাম লিখতে পারবেন। তাঁর ভাষায়, নির্দিষ্ট নামগুলোকে ‘অন্যান্য ধর্ম’ হিসেবে দেখানো হয়েছে—এমন দাবি সঠিক নয়।
তবে আরেক সরকারি কর্মকর্তা জানান, তালিকাটি মূলত স্বয়ংক্রিয়ভাবে শব্দ পূরণের সুবিধা হিসেবে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, কোনো উত্তরদাতা ছয়টি প্রধান ধর্মের বাইরে অন্য কোনো ধর্মের নাম জানালে গণনাকারীরা যেন বানানগত ভুল বা একই নামের ভিন্ন বানান এড়িয়ে নির্ভুলভাবে তথ্য নথিভুক্ত করতে পারেন।
ওই কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজেকে ইসকনের অনুসারী বললে তালিকার মাধ্যমে নামটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাওয়ার কথা। কিন্তু এ ধরনের নামগুলো কীভাবে সরাসরি নির্বাচনযোগ্য তালিকায় চলে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর প্রদেশে গণনাকারীদের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার বক্তব্য ছিল, ‘অন্যান্য’ শ্রেণি বেছে নিলে উত্তরদাতারা তালিকা থেকে নিজেদের ধর্মের নাম নির্বাচন করতে পারবেন। তালিকায় নাম না থাকলে নিজেরাই লিখতে পারবেন, যা অপরিবর্তিতভাবে নথিভুক্ত করা হবে।
সাবেক এক জনগণনা কর্মকর্তা তালিকাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। কারণ, আগের জনগণনাগুলোতে প্রধান ধর্মগুলোর উপসম্প্রদায় এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের তথ্য সংগ্রহের পর সেগুলো বিশ্লেষণ করে আলাদা তালিকা তৈরি করা হতো। আগে থেকে এ ধরনের ২৮৭টি নামের তালিকা ব্যবহারের নজির ছিল না।
আদিবাসীদের পৃথক ধর্মীয় পরিচয়ের দাবি
ভারতের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে জনগণনায় নিজেদের ধর্মীয় পরিচয়ের জন্য আলাদা ঘর রাখার দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, আদিবাসীদের নিজস্ব বিশ্বাস ও ধর্মীয় চর্চা হিন্দুধর্ম থেকে স্বতন্ত্র। ফলে জনগণনায় আলাদা পরিচয়ের সুযোগ থাকা প্রয়োজন।
নতুন জনগণনায় ধর্মীয় পরিচয়ের পাশাপাশি জাতিভিত্তিক তথ্য সংগ্রহের পদ্ধতিও আলোচনায় এসেছে। সব জাতির জন্য আলাদা নামের তালিকা বা নির্বাচনযোগ্য ঘর রাখার দাবি ও প্রতিবাদ থাকলেও কর্তৃপক্ষ জাতিগত পরিচয় লেখার জন্য উন্মুক্ত ঘর রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ছয় বছর পর শুরু হচ্ছে নতুন জনগণনা
ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। পরবর্তী জনগণনা ছয় বছর পিছিয়ে যাওয়ার পর ২০২৭ সালের কার্যক্রমকে কয়েকটি নতুন উদ্যোগের কারণে বিশেষ হিসেবে দেখা হচ্ছে। এটি হতে যাচ্ছে দেশটির প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনা। একই সঙ্গে প্রথমবারের মতো জাতিগত পরিচয় নথিভুক্ত করা হবে এবং নাগরিকদের নিজেদের তথ্য নিজেরাই জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
চার রাজ্যে স্ব-তথ্য নিবন্ধন পোর্টাল চালু হলেও ভারতের বাকি অংশের জন্য এটি ২০২৭ সালের জানুয়ারিতে চালুর কথা রয়েছে। ধর্মীয় পরিচয়ের তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই নতুন জনগণনার তথ্য সংগ্রহ ও শ্রেণিবিন্যাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।












