পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা কার্যত সংকুচিত হয়ে পড়েছে। দেশটির ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক ও নির্বাহী বিভাগের প্রভাবাধীন করা হয়েছে। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার পাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ছে। আন্তর্জাতিক কমিশন অব জুরিস্টসের (আইসিজে) এক প্রতিবেদনে এসব উদ্বেগ তুলে ধরা হয়েছে।
গত বুধবার প্রকাশিত ‘জুডিশিয়াল ক্যাপচার: ইনডিপেনডেন্স অব দ্য জুডিসিয়ারি ইন পাকিস্তান আফটার দ্য ২৬থ অ্যান্ড ২৭থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক সাংবিধানিক ও আইনগত পরিবর্তনের ফলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত এবং ফেডারেল সাংবিধানিক আদালতের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বোচ্চ আদালতেও নির্বাহী বিভাগের প্রভাব
আইসিজের মহাসচিব সান্তিয়াগো ক্যান্টনের মতে, ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে।
তিনি সতর্ক করে বলেন, বিচার বিভাগ সরকারের প্রভাবাধীন হলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ওপর আদালতের নজরদারি দুর্বল হয়ে পড়ে। ফলে সরকারের ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের জবাবদিহি নিশ্চিত করার কার্যকর ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়।
এর সবচেয়ে বড় প্রভাব পড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ওপর। স্বাধীন বিচার বিভাগ না থাকলে রাষ্ট্রীয় নিপীড়ন বা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে যায়।
আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থতার আশঙ্কা
প্রতিবেদনে বলা হয়েছে, দুটি সংশোধনীর সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ এবং বিচার বিভাগের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের মৌলিক নীতিমালায় নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারছে না।
আইসিজের পর্যবেক্ষণে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার পশ্চাৎযাত্রা, মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্রমাগত ক্ষয় পাওয়ার বিষয়টি উঠে এসেছে।
সংস্থাটির মতে, এসব পরিবর্তন শুধু বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক কাঠামোকেই দুর্বল করছে না, নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকারও ঝুঁকির মুখে ফেলছে।
বিচারক নিয়োগে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ
বিচারক নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে আইসিজে। সংস্থাটির আশঙ্কা, নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক ও নির্বাহী বিভাগের প্রভাব বাড়লে বিচার বিভাগের নিরপেক্ষতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতের ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কাজে লাগিয়ে বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ফলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার নামে নেওয়া সাংবিধানিক ও আইনগত ব্যবস্থাগুলোও নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
সংশোধনী বাতিল বা পরিবর্তনের সুপারিশ
পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর যেসব ধারা আন্তর্জাতিক আইন এবং বিচার বিভাগের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থি, সেগুলো সংশোধন অথবা বাতিল করার সুপারিশ করেছে আইসিজে।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, স্বাধীন বিচার বিভাগ কেবল আদালতের প্রাতিষ্ঠানিক স্বার্থের বিষয় নয়; এটি গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি। পাকিস্তানে এই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা না গেলে দেশটির আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।












