বিদেশি বিনিয়োগ আকর্ষণে কৌশল বদলাচ্ছে ভিয়েতনাম। এত দিন দেশটির বিনিয়োগ নীতির প্রধান লক্ষ্য ছিল বড় কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিপুল পরিমাণ পুঁজি আনা। এখন সেই অবস্থান থেকে সরে এসে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে শুধু উৎপাদন কার্যক্রম নয়, উন্নত প্রযুক্তি ও গবেষণার সুযোগও প্রত্যাশা করছে হ্যানয়।
এই পরিবর্তনের সর্বশেষ উদাহরণ তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টা কম্পিউটার। প্রতিষ্ঠানটি অ্যাপলের ম্যাকবুক সংযোজনের সঙ্গে যুক্ত। সম্প্রতি ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ফাম জিয়া তুক কোয়ান্টার নিং বিন প্রদেশের কারখানা পরিদর্শন করে সেখানে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি) স্থাপনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়ানো এবং স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন তিনি।
উৎপাদন থেকে প্রযুক্তি হস্তান্তরে গুরুত্ব
কয়েক বছর ধরে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ভিয়েতনাম। চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য দেশটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২৩ সাল থেকে কোয়ান্টা ভিয়েতনামে উৎপাদন সম্প্রসারণ করছে। এর ফলে চীনের বাইরে ম্যাকবুক উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে দেশটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কোয়ান্টা ভিয়েতনামে তাদের বিনিয়োগ দ্বিগুণ করে ২৪ কোটি ডলারে উন্নীত করার অনুমোদন দেয়। প্রতিষ্ঠানটি সেখানে দ্বিতীয় কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। এর ফলে ২০২৮ সালের মধ্যে বার্ষিক কম্পিউটার উৎপাদনক্ষমতা দ্বিগুণ হয়ে ৯০ লাখ ইউনিটে পৌঁছানোর কথা।
তবে ভিয়েতনাম সরকার এখন শুধু উৎপাদনক্ষমতা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। কোয়ান্টাকে স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহ বাড়ানো এবং ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক সরবরাহ ও উৎপাদনব্যবস্থার সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
২০২৫ সালে কোয়ান্টার ভিয়েতনামি কার্যক্রমে স্থানীয় উপকরণের ব্যবহার বা স্থানীয়করণের হার ছিল ৯ দশমিক ৫১ শতাংশ। ২০২৪ সালে এই হার ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ এক বছরে স্থানীয় শিল্পের অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
উপপ্রধানমন্ত্রী তুক জানিয়েছেন, শুধু যন্ত্র সংযোজনের পরিবর্তে চিপসংশ্লিষ্ট ব্যবসাসহ উন্নত প্রযুক্তির খাতে সম্প্রসারণ করলে সরকার কোয়ান্টাকে সহযোগিতা করবে।
সেমিকন্ডাক্টর ও গবেষণায় নতুন বিনিয়োগ
ভিয়েতনামের নতুন বিনিয়োগ কৌশলের কেন্দ্রে রয়েছে সেমিকন্ডাক্টর শিল্প। দেশটির সামরিক মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান ভিয়েতেল সম্প্রতি নিজেদের নকশায় তৈরি প্রথম নিরাপত্তা চিপ উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগ প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করবে।
সরকার ভিয়েতেলকে দেশের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপনের দায়িত্বও দিয়েছে। ২০২৭ সালে সেখানে পরীক্ষামূলক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ভিয়েতনামে উন্নত কার্যক্রম বাড়াচ্ছে। কোয়ালকম কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি চিপ নকশা নিয়ে গবেষণা সম্প্রসারণ করছে। স্যামসাং ও এলজিও সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদনে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ ছাড়া চিপ নকশার সঙ্গে যুক্ত বিএস, এডিটেকনোলজি ও অ্যালচিপ ভিয়েতনামে গবেষণা দল গঠন করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভার উৎপাদনেও প্রতিযোগিতা
ভিয়েতনামে বিনিয়োগ বাড়াচ্ছে কোয়ান্টার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও। অ্যাপলের সরবরাহকারী ফক্সকন ও কমপাল ইলেকট্রনিকস সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভার সংযোজন সম্প্রসারণ করছে। গত সেপ্টেম্বরে উইস্ট্রন নিং বিনের একটি কারখানায় সার্ভার উৎপাদনের জন্য ৫ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ করেছে।
এদিকে নিং বিন প্রদেশও পর্যটননির্ভর অর্থনীতির পাশাপাশি প্রযুক্তি ও শিল্প উৎপাদনের কেন্দ্র হয়ে উঠতে চায়। গত বছর প্রদেশটির উৎপাদন ও প্রক্রিয়াজাত শিল্পে ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ক্যামেরা ও গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদনও এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বিনিয়োগের পরিমাণ নয়, গুণগত মান
ভিয়েতনামের নতুন নীতিতে বিদেশি বিনিয়োগের মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে। আগে কোনো প্রতিষ্ঠান কত অর্থ বিনিয়োগ করবে এবং কত মানুষের কর্মসংস্থান তৈরি করবে, সেটিই ছিল প্রধান বিবেচ্য। এখন প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সক্ষমতা, স্থানীয় সরবরাহব্যবস্থার বিকাশ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সুযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভিয়েতনামে বিনিয়োগ উন্নয়নের সঙ্গে যুক্ত জাপানের একটি সরকারি সংস্থার সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, আগে বিনিয়োগের পরিমাণ ও কর্মসংস্থান সৃষ্টিই ছিল সরকারি কর্মকর্তাদের প্রধান অগ্রাধিকার। এখন সেই অবস্থান পরিবর্তিত হয়ে বিনিয়োগের গুণগত মানের দিকে যাচ্ছে।
এই পরিবর্তনের মধ্য দিয়ে ভিয়েতনাম বৈশ্বিক উৎপাদনব্যবস্থায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। বড় কারখানা ও সস্তা শ্রমের সুবিধার পাশাপাশি উন্নত প্রযুক্তি, গবেষণা এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানোই হয়ে উঠছে দেশটির নতুন বিনিয়োগ কৌশলের মূল লক্ষ্য।












