ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা নতুন ভৌগোলিক এলাকাতেও বিস্তারের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা উৎক্ষেপণস্থল নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তাঁর ভাষ্য, নির্দেশ পেলেই শত্রুপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।
তিনি জানান, নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। সামরিক নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্রই সেই সক্ষমতা কাজে লাগানো হবে।
বেলালি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা দেশটির রয়েছে বলে দাবি করেন তিনি।
শত্রুর প্রতিরক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জ
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিপক্ষকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে বলেও মন্তব্য করেন এই সামরিক কর্মকর্তা। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় শত্রুরা দীর্ঘ সময় ধরে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।
বেলালির বক্তব্য, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলায় প্রতিপক্ষকে কোটি কোটি ডলারের প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের ওপর নির্ভর করতে হচ্ছে।
যেকোনো ভুল পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি
ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন বেলালি। তিনি বলেন, সামরিক সদস্যরা ট্রিগারে আঙুল রেখে প্রতিপক্ষের যেকোনো ভুল হিসাব কিংবা বেপরোয়া পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
তিনি আরও হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। প্রতিপক্ষ বিশ্বের যে স্থানেই অবস্থান করুক, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
মনস্তাত্ত্বিক যুদ্ধের অভিযোগ
ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা। তাঁর মতে, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে প্রতিপক্ষ সন্দেহ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার পরিণতি কী হতে পারে, তা মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতোমধ্যে বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
আলী বেলালির বক্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তাঁর এই হুঁশিয়ারি থেকে স্পষ্ট, সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইরান তার গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরছে।












