কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ওষুধ, লোশন, বাসমতি চাল, ধানের বীজ, মদ ও বিয়ার।
শুক্রবার (২০ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
ছয়টি সীমান্ত ফাঁড়ির আওতায় অভিযান
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর ও মাদলা সীমান্ত ফাঁড়ির টহলদল এবং কুমিল্লার বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শংকুচাইল ও বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযানে অংশ নেন।
পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ওষুধ, লোশন, বাসমতি চাল, ধানের বীজ, মদ ও বিয়ার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
চোরাচালান প্রতিরোধে তৎপরতা অব্যাহত
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে অবৈধ পণ্য জব্দের কার্যক্রমও চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনী।












