হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের শুক্রবার (২০ নভেম্বর) বিয়ের দিন নির্ধারিত ছিল।
শুক্রবার উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে তন্নীকে তাঁর নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান।
পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবারই সুমাইয়া জান্নাত তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল। তবে দুই তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মরদেহ হস্তান্তরে ম্যাজিস্ট্রেটের অনুমতির অপেক্ষা
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।












