রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে অনেকেই সকালে উঠে নতুন কোনো ধারণা পান। কিন্তু একবার ভাবুন, ঘুম থেকে উঠে যদি দেখেন, শুধু সমস্যার সমাধানই নয়, সেই সমাধান কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাপও তৈরি হয়ে আছে! কল্পবিজ্ঞানের মতো শোনালেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির অগ্রগতি এমন সম্ভাবনার পথ তৈরি করছে। এই ধারণার নাম নিউরাল কোডিং—যেখানে মানুষের মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে সফটওয়্যার তৈরির নির্দেশনা বের করার চেষ্টা করা হবে।
তবে সম্ভাবনার পাশাপাশি এখানে বড় কিছু প্রশ্নও রয়েছে। প্রযুক্তিটি কতটা বাস্তবসম্মত, মানুষের চিন্তাকে সফটওয়্যারে রূপান্তরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং ব্যক্তিগত মস্তিষ্কের তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এসব প্রশ্নের উত্তর প্রযুক্তি বাজারে পৌঁছানোর আগেই খুঁজে দেখা জরুরি।
সফটওয়্যার তৈরিতে মানুষের নির্দেশনার প্রয়োজন কমছে
কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সফটওয়্যার তৈরির পদ্ধতি ইতিমধ্যে দ্রুত বদলে যাচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এআই গবেষক আন্দ্রেই কারপাথি ‘ভাইব কোডিং’ শব্দবন্ধটি ব্যবহার করেন। এই পদ্ধতিতে ব্যবহারকারী সাধারণ ভাষায় নিজের প্রয়োজন বা ধারণা জানালে এআই সেই অনুযায়ী কোড লিখতে পারে। ২০২৫ সালে কলিন্স অভিধানও শব্দটিকে বছরের আলোচিত শব্দ হিসেবে স্বীকৃতি দেয়।
শুরুতে এআই ছিল মূলত কোড লেখার সহকারী। এখন অনেক ব্যবস্থা নির্দিষ্ট লক্ষ্য পেলে নিজেরাই কাজের পরিকল্পনা করতে, কোড তৈরি করতে, পরীক্ষা চালাতে এবং ভুল সংশোধন করতে পারে। ব্যবহারকারী রাতে কোনো কাজের নির্দেশনা দিয়ে ঘুমাতে গেলে এআই কয়েক ঘণ্টা ধরে সেই কাজ চালিয়ে সকালে ফলাফল হাজির করতে পারে।
অর্থাৎ, মানুষের ঘুমের মধ্যেও সফটওয়্যার তৈরির কাজ চলার ধারণা ইতিমধ্যে বাস্তবতার কাছাকাছি এসেছে। তবে এখনো এই প্রক্রিয়ায় মানুষের লিখিত বা মৌখিক নির্দেশনা প্রয়োজন হয়।
নিউরাল কোডিংয়ের লক্ষ্য সেই ধাপটিও বদলে দেওয়া। এখানে ব্যবহারকারীকে নিজের চাহিদা লিখে বোঝাতে হবে না। মস্তিষ্কের সংকেত গ্রহণ করবে একটি ব্রেন-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই। এরপর এআই সেই সংকেত বিশ্লেষণ করে মানুষের অভিপ্রায় বুঝতে এবং সম্ভাব্য সফটওয়্যার তৈরি করতে চেষ্টা করবে।
মস্তিষ্কের সংকেত পড়ার প্রযুক্তিতে অগ্রগতি
মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া ভাষা ও চিন্তার সংকেত শনাক্ত করার ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণাগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
২০২৫ সালের আগস্টে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘সেল’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখান, মস্তিষ্কে স্থাপন করা সেন্সরের সাহায্যে মানুষের মনের ভেতরে নীরবে বলা বাক্য শনাক্ত করা সম্ভব। সর্বোচ্চ ৭৪ শতাংশ নির্ভুলতায় এই পদ্ধতি প্রায় এক লাখ ২৫ হাজার শব্দের শব্দভান্ডার থেকে সংকেত বিশ্লেষণ করতে পেরেছিল।
২০২৬ সালের মার্চে চীনের চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা একটি স্থাপনযোগ্য বিসিআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দেয়। মেরুদণ্ডের আঘাতে পক্ষাঘাতগ্রস্ত কিছু রোগীকে আবার হাত দিয়ে বস্তু ধরতে সহায়তা করাই এর উদ্দেশ্য। ঘটনাটি চিকিৎসাক্ষেত্রে মস্তিষ্ক-কম্পিউটার প্রযুক্তির ব্যবহারিক অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
একই বছরের জুনে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণার ফল ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত হয়। এতে দেখা যায়, এএলএসে আক্রান্ত এক ব্যক্তি প্রায় দুই বছর ধরে বাড়িতে মস্তিষ্কে স্থাপন করা যন্ত্র ব্যবহার করেছেন। এই সময়ে তিনি তিন হাজার ৮০০ ঘণ্টার বেশি সময় প্রযুক্তিটি কাজে লাগিয়ে প্রতি মিনিটে গড়ে ৫৬টি শব্দের গতিতে যোগাযোগ করেছেন। এমনকি পূর্ণকালীন চাকরিও চালিয়ে গেছেন।
ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণাও নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ২০২১ সালে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সচেতন স্বপ্নের মধ্যে থাকা ব্যক্তিরা সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন এবং চোখের নড়াচড়ার মাধ্যমে উত্তর জানাতে পারেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে একই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, দ্রুত চোখের নড়াচড়ার ঘুম বা আরইএম পর্যায়ে নির্দিষ্ট শব্দ শোনালে স্বপ্নের বিষয়বস্তু অমীমাংসিত ধাঁধার দিকে প্রভাবিত হতে পারে। যেসব ধাঁধা স্বপ্নে এসেছে, সেগুলোর ৪২ শতাংশ পরে সমাধান করা গেছে। স্বপ্নে আসেনি এমন ধাঁধা সমাধানের হার ছিল ১৭ শতাংশ।
মস্তিষ্কের সংকেত পাঠ, চিন্তার ভাষাগত রূপ শনাক্ত এবং ঘুমের মধ্যে সমস্যা সমাধানের এই গবেষণাগুলো একসঙ্গে বিবেচনা করলে নিউরাল কোডিংয়ের সম্ভাবনাকে একেবারে অবাস্তব বলা যায় না। তবে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে: এখন পর্যন্ত ঘুমন্ত মানুষের মস্তিষ্ক থেকে সরাসরি সফটওয়্যারের নকশা বা কোড তৈরি করে দেখানোর নির্ভরযোগ্য প্রমাণ নেই।
বর্তমান বিসিআই গবেষণার সবচেয়ে শক্তিশালী ফল এসেছে অল্পসংখ্যক পক্ষাঘাতগ্রস্ত রোগীর ওপর পরিচালিত পরীক্ষায়। এসব ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে যন্ত্র স্থাপন করতে হয়েছে এবং প্রত্যেক ব্যক্তির জন্য আলাদাভাবে ব্যবস্থা প্রস্তুত করতে হয়েছে। মাথায় পরার সাধারণ যন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের সংকেত পড়া এখনো অনেক বেশি কঠিন। তাই নিউরাল কোডিংয়ের প্রথম ব্যবহারিক প্রয়োগ ঘুমন্ত মানুষের চেয়ে জেগে থাকা মানুষের ক্ষেত্রেই দেখা যেতে পারে।
চিন্তা আর সফটওয়্যারের নির্দেশনা এক নয়
প্রযুক্তির সম্ভাবনা যত বড়, ঝুঁকিগুলোও তত গুরুত্বপূর্ণ। প্রথম সমস্যা হলো, মানুষের চিন্তা সরাসরি সফটওয়্যার তৈরির পূর্ণাঙ্গ নির্দেশনা নয়।
কোনো ব্যক্তি একটি অ্যাপ চান—এটুকু জানা আর অ্যাপটি কীভাবে কাজ করবে, কোন তথ্য ব্যবহার করবে, কী ধরনের নিরাপত্তা থাকবে এবং কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবে, তা নির্ধারণ করা এক বিষয় নয়। সফটওয়্যার প্রকৌশলে ধারণা থেকে কার্যকর পণ্য তৈরির মাঝখানে প্রয়োজনের বিশ্লেষণ, নকশা, বিকল্প মূল্যায়ন, পরীক্ষা এবং পর্যালোচনার মতো একাধিক ধাপ থাকে।
মস্তিষ্কের সংকেত থেকে মানুষের অভিপ্রায় বোঝা গেলেও এসব প্রকৌশলগত সিদ্ধান্তের বিকল্প তৈরি হয় না। এআই কোনো ধারণাকে কোডে রূপান্তর করতে পারে, কিন্তু সেই কোড ব্যবহারের উপযোগী কি না, তা যাচাই করার দায়িত্ব মানুষেরই থাকতে হবে।
ঘুমের সময় বিষয়টি আরও জটিল। স্বপ্নে মানুষের চিন্তা অনেক বেশি বিচ্ছিন্ন, আবেগনির্ভর ও অনিয়ন্ত্রিত হতে পারে। কোনো স্বপ্নের দৃশ্য বা ভাবনাকে বাস্তব জীবনের সিদ্ধান্ত কিংবা প্রকাশযোগ্য সফটওয়্যারের নির্দেশনা হিসেবে ধরে নেওয়া বিপজ্জনক হতে পারে। ব্যক্তিগত স্বপ্নকে অনুমতি ছাড়া প্রযুক্তির মাধ্যমে প্রকাশ্য পণ্যে রূপান্তরের ধারণাও গ্রহণযোগ্য নয়।
সহজ প্রযুক্তি কি মানুষের চিন্তার ক্ষমতা কমাবে?
দ্বিতীয় উদ্বেগটি মানুষের নিজস্ব চিন্তা ও দক্ষতার সঙ্গে সম্পর্কিত। কোনো ধারণাকে ভাষায় প্রকাশ করা, তার সীমাবদ্ধতা নির্ধারণ করা এবং কোডে রূপ দেওয়ার চেষ্টা—এই প্রক্রিয়াতেই অনেক সময় মানুষ নিজের প্রয়োজন সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।
যদি মস্তিষ্কের সংকেত থেকেই সব নির্দেশনা তৈরি হয়ে যায়, তাহলে চিন্তাকে সুসংগঠিত করার এই পরিশ্রম কমে যেতে পারে। কিন্তু এই পরিশ্রম শুধু সময়সাপেক্ষ কাজ নয়; এটি শেখা, যুক্তি প্রয়োগ এবং সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণ অংশ।
সফটওয়্যার তৈরির প্রক্রিয়া থেকে মানুষের অংশগ্রহণ অতিরিক্ত কমে গেলে নিজের তৈরি ব্যবস্থাটি কীভাবে কাজ করছে, কোথায় ভুল হতে পারে এবং ভুলের দায় কার—এসব বিষয়ে বোঝাপড়া দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। প্রযুক্তি যত সহজ হবে, তার ওপর নির্ভরশীলতা তত বাড়তে পারে। তাই নিউরাল কোডিংকে মানুষের চিন্তার বিকল্প হিসেবে নয়, বরং চিন্তাকে কাজে লাগানোর সহায়ক প্রযুক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
নিরাপত্তা যাচাইয়ে আরও কঠোর হতে হবে
তৃতীয় বড় প্রশ্ন সফটওয়্যারের নিরাপত্তা। এআই দিয়ে তৈরি কোড যে সব সময় নিরাপদ হয় না, তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভেরাকোড ২০২৫ সালে শতাধিক এআই মডেলের তৈরি কোড পরীক্ষা করে দেখে, ৪৫ শতাংশ কোডে আগে থেকেই পরিচিত নিরাপত্তা ত্রুটি রয়েছে। ২০২৬ সালের হালনাগাদ পরীক্ষায়ও উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ পাওয়া যায়নি।
যেখানে মানুষের লিখিত নির্দেশনা থেকেও নিরাপত্তা ত্রুটিপূর্ণ কোড তৈরি হচ্ছে, সেখানে মস্তিষ্কের সংকেত থেকে অনুমান করা নির্দেশনার ক্ষেত্রে ঝুঁকি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে অর্থ, স্বাস্থ্য কিংবা ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করে এমন সফটওয়্যারের ক্ষেত্রে মানুষের অনুমোদন ছাড়া কোনো কোড কার্যকর করা উচিত নয়।
এআইয়ের তৈরি প্রতিটি ফল পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় সংশোধনের মধ্য দিয়ে যেতে হবে। শুধু ব্যবহারকারীর অভিপ্রায় শনাক্ত করতে পারলেই কোনো ব্যবস্থা ব্যবহারের অনুমোদন পেতে পারে না।
মস্তিষ্কের তথ্যের গোপনীয়তা রক্ষা
সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটি ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে। মানুষের মস্তিষ্কের তথ্য সাধারণ ব্যক্তিগত তথ্যের চেয়েও বেশি অন্তরঙ্গ। এই তথ্যের মাধ্যমে চিন্তা, ভাষা, আবেগ কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হতে পারে।
২০২৫ সালের নভেম্বরে ইউনেসকো নিউরোটেকনোলজির নৈতিকতা নিয়ে প্রথম বৈশ্বিক মানদণ্ড গ্রহণ করে। অন্যদিকে, চিলি ২০২১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপের সুরক্ষাকে স্বীকৃতি দেয়। এসব উদ্যোগ দেখায়, প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মস্তিষ্কের তথ্যের অধিকার ও সুরক্ষা নিয়ে আইনি কাঠামো তৈরি করাও জরুরি।
ভারতের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এ নিউরাল তথ্যকে স্বতন্ত্র তথ্যশ্রেণি হিসেবে বিবেচনা করা হয়নি। এ ধরনের প্রযুক্তি সাধারণ মানুষের নাগালে পৌঁছানোর আগে এই ঘাটতি নিয়ে আলোচনা প্রয়োজন।
এ ক্ষেত্রে স্ট্যানফোর্ডের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ধারণা দেখা যায়। তাঁদের তৈরি ব্যবস্থা ব্যবহারকারীর নির্ধারিত একটি গোপন সংকেত বা পাসওয়ার্ড মনে মনে উচ্চারণ না করা পর্যন্ত সক্রিয় হতো না। ব্যবস্থাটি ৯৮ শতাংশের বেশি নির্ভুলতায় সেই সংকেত শনাক্ত করতে পারত। অর্থাৎ, প্রযুক্তির নকশার মধ্যেই ব্যবহারকারীর সম্মতি নিশ্চিত করার ব্যবস্থা রাখা সম্ভব।
প্রযুক্তির প্রথম অগ্রাধিকার হওয়া উচিত রোগীদের স্বাধীনতা
নিউরাল কোডিং নিয়ে আলোচনায় আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না। মস্তিষ্কে স্থাপনযোগ্য এসব প্রযুক্তির বিকাশের প্রধান উদ্দেশ্য ছিল পক্ষাঘাতগ্রস্ত মানুষের যোগাযোগ ও চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা। যাঁরা শারীরিক সীমাবদ্ধতার কারণে কথা বলতে বা দৈনন্দিন কাজ করতে পারেন না, তাঁদের স্বাধীনতা বাড়ানোই এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক দিক।
সফটওয়্যার তৈরি বা বাণিজ্যিক ব্যবহারের নতুন সম্ভাবনা সেই মূল উদ্দেশ্যকে যেন আড়াল না করে। প্রযুক্তির উন্নয়ন ও বাজার সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং রোগীদের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে।
ভারতে বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার ডেভেলপার জনগোষ্ঠী রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাত ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি নৈতিকতা, নিরাপত্তা ও মানুষের দায়বদ্ধতার বিষয়গুলোও সমান গুরুত্ব পেতে হবে।
নিউরাল কোডিংয়ের ক্ষেত্রে একটি মৌলিক নীতি হওয়া উচিত—মস্তিষ্ক থেকে পাওয়া সংকেতকে নির্দেশের চূড়ান্ত রূপ না ধরে সম্ভাব্য অভিপ্রায় হিসেবে বিবেচনা করা। সেই অভিপ্রায় যাচাই করবেন সচেতন মানুষ। সফটওয়্যারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের অনুমোদন থাকবে, তৈরি কোডের নিরাপত্তা পরীক্ষা হবে এবং মস্তিষ্কের তথ্যের ওপর ব্যক্তির নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।
একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সফটওয়্যার সম্পর্কে নিজেরা যুক্তি দিয়ে চিন্তা করা ও সমস্যা সমাধানের দক্ষতা শেখাতে হবে। এআই বা নিউরাল ইন্টারফেস কাজ সহজ করতে পারে, কিন্তু প্রযুক্তিটি কী করছে তা বোঝার ক্ষমতা মানুষের কাছেই থাকতে হবে।
একদিন হয়তো মানুষ ঘুম থেকে উঠে দেখবে, তার স্বপ্ন বা মস্তিষ্কের সংকেত থেকে একটি অ্যাপ তৈরি হয়েছে। কিন্তু সেই দিন প্রযুক্তির সাফল্য শুধু অ্যাপটি তৈরি হওয়ায় নির্ধারিত হবে না। আসল সাফল্য হবে, ব্যবহারকারী যেন বুঝতে পারেন অ্যাপটি কীভাবে তৈরি হয়েছে, সেটি ব্যবহারের অনুমতি তিনি দিয়েছেন এবং এর ফলাফলের দায়ও তিনি সচেতনভাবে গ্রহণ করতে পারছেন।












