ইউরোপের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজারে চীনা নির্মাতাদের সম্প্রসারণে নতুন বাধা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি কোটা। এই পরিস্থিতিতে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বিকল্প প্রযুক্তির দিকে ঝুঁকছে চীনের গাড়ি নির্মাতারা। বিশেষ করে রেঞ্জ-এক্সটেন্ডেড ইলেকট্রিক ভেহিকল (ইআরইভি) বা অতিরিক্ত জেনারেটরযুক্ত বৈদ্যুতিক গাড়িকে ইউরোপে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ হিসেবে দেখছে তারা।
ব্রাসেলস ও বেইজিংয়ের মধ্যে গত অক্টোবরে হওয়া সমঝোতা অনুযায়ী, চীনে তৈরি হাইব্রিড গাড়ি আমদানিতে বছরে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ইউনিটের সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই কোটা কার্যকর হতে পারে। তবে ইআরইভি গাড়ি এই সীমার আওতায় পড়বে না বলে সংশ্লিষ্ট শিল্প কর্মকর্তারা জানিয়েছেন। ফলে নতুন বিধিনিষেধের মধ্যেও এই প্রযুক্তির গাড়ি ইউরোপে বাজারজাত করার সুযোগ পাচ্ছে চীনা কোম্পানিগুলো।
হাইব্রিডের বিকল্প হয়ে উঠছে ইআরইভি
ইআরইভি প্রযুক্তির গাড়িতে মূলত একটি বৈদ্যুতিক মোটর চাকা চালায়। গাড়ির সঙ্গে থাকা ছোট পেট্রলচালিত ইঞ্জিন সরাসরি চাকা ঘোরায় না; বরং এটি জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারিতে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়ার আশঙ্কা কমে এবং দীর্ঘ দূরত্বে চলাচলের সুবিধা পাওয়া যায়।
যেসব ক্রেতা পুরোপুরি বৈদ্যুতিক গাড়িতে যেতে দ্বিধায় রয়েছেন, তাঁদের কাছে এই প্রযুক্তি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে চার্জিং স্টেশনের স্বল্পতা এবং মাঝপথে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার উদ্বেগ কমাতে পারে ইআরইভি।
চীনের অভ্যন্তরীণ বাজারে প্রযুক্তিটি ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গত অক্টোবরে দেশটির মোট বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বিক্রির ৮ দশমিক ৬ শতাংশ ছিল ইআরইভি।
তবে ইউরোপে এখনো এই গাড়ির উপস্থিতি খুব সীমিত। বাজার গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ইউরোপের বৈদ্যুতিক গাড়ির বাজারে ইআরইভির অংশ ০.৫ শতাংশেরও কম।
ইউরোপে নতুন মডেল নিয়ে আসছে চীনা কোম্পানি
ইউরোপের নীতিগত পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে একাধিক চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন পরিকল্পনা করছে।
এক্সপেং জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তিত নিয়ন্ত্রণব্যবস্থা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের পাওয়ারট্রেনের বিকল্প রাখাও তাদের লক্ষ্য।
কোম্পানিটি চলতি বছরের শুরুতে ইউরোপে প্রথম ইআরইভি মডেল বাজারে আনে। মডেলটির পূর্ণ চার্জ ও জ্বালানিতে সম্মিলিত চলার দূরত্ব ১ হাজার কিলোমিটার। এল০৩ কুপে মডেলটির প্রারম্ভিক দাম ৪১ হাজার ৯৫ ইউরো। কোম্পানির দাবি, প্রতি কিলোমিটারে এর কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ মাত্র ১১ গ্রাম।
তুলনায় জার্মানিতে বিক্রি হওয়া ভক্সওয়াগেন টিগুয়ানের প্লাগ-ইন হাইব্রিড সংস্করণের দাম শুরু ৫২ হাজার ২১৫ ইউরো থেকে। মডেলটির প্রতি কিলোমিটারে কার্বন নিঃসরণ ৩৪ গ্রাম।
চীনের ইআরইভি বাজারের অন্যতম বড় প্রতিষ্ঠান লি অটোও ইউরোপে বিশুদ্ধ বৈদ্যুতিক ও রেঞ্জ-এক্সটেন্ডেড গাড়ি বাজারজাত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
অন্যদিকে জিপের মালিকানা প্রতিষ্ঠান স্টেলান্টিসের সমর্থন পাওয়া লিপমোটর গত বছর ইউরোপে সি১০ এসইউভি দিয়ে ইআরইভি বিক্রি শুরু করে। চলতি বছরের শুরুতে তারা বি১০ মডেলও বাজারে আনে। প্যারিস মোটর শোতে প্রতিষ্ঠানটি নতুন ডি১৯ মডেল প্রদর্শন করেছে।
হুয়াওয়ের সমর্থনপুষ্ট আইটো ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান সেরেসও ইউরোপে সম্প্রসারণের পরিকল্পনা করছে। ২০২৭ সালের শরতে ইউরোপীয় ক্রেতাদের জন্য যত বেশি সম্ভব মডেল আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা।
আমদানি কোটা কমাবে চীনের রপ্তানি
ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধিনিষেধ চীনা গাড়ি নির্মাতাদের জন্য শুধু পণ্য পরিবর্তনের বিষয় নয়, বরং বড় বাজারে প্রবেশের কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করেছে।
চীনের যাত্রীবাহী গাড়ি সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটির নতুন জ্বালানিচালিত গাড়ির মোট রপ্তানির ৪ দশমিক ৬ শতাংশ ছিল ইআরইভি। এক বছর আগে এই হার ছিল ২ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচের হিসাব অনুযায়ী, নতুন সমঝোতার ফলে আগামী চার বছরে চীনে তৈরি হাইব্রিড গাড়ির সম্ভাব্য রপ্তানি কয়েক মিলিয়ন ইউনিট কমে যেতে পারে। চলতি বছরের প্রথম নয় মাসেই চীন থেকে ইউরোপীয় ইউনিয়নে ৮ লাখ ৩৮ হাজার ৫০০টি প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি রপ্তানি হয়েছে।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন দেশীয় গাড়ি নির্মাতাদের মধ্যে বছরে ৩ লাখ ৫০ হাজার গাড়ি রপ্তানির কোটা কীভাবে ভাগ করা হবে, তা নিয়ে আলোচনা করছে। একটি কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, ২০২৭ সাল থেকে তাঁদের প্রতিষ্ঠান বছরে ২০ হাজার থেকে ৩০ হাজার গাড়ি রপ্তানির অনুমতি পেতে পারে। তবে ইউরোপের মতো বড় বাজারের জন্য এই পরিমাণ যথেষ্ট নয় বলে মনে করছেন তিনি।
স্থানীয় উৎপাদনই দীর্ঘমেয়াদি সমাধান
বিশ্লেষকদের মতে, ইআরইভির মতো বিকল্প প্রযুক্তির গাড়ি রপ্তানি বাড়ানো চীনা কোম্পানিগুলোর জন্য সাময়িক স্বস্তি তৈরি করতে পারে। কিন্তু ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদি অবস্থান নিশ্চিত করতে স্থানীয় উৎপাদন বাড়ানোই হবে প্রধান কৌশল।
ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতির অন্যতম উদ্দেশ্য হলো স্থানীয় গাড়ি উৎপাদন উৎসাহিত করা এবং নিজস্ব সরবরাহব্যবস্থা শক্তিশালী করা। ফলে চীনা কোম্পানিগুলোকে হয় আমদানি কোটা মেনে চলতে হবে, নয়তো বাড়তি শুল্কের চাপ সামলাতে হবে।
অটোমোটিভ গবেষণা প্রতিষ্ঠান কিউ অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ফ্রেডেরিক গোলবের মতে, চীনা কোম্পানিগুলোর গাড়ির মডেল পরিবর্তন মূল সমস্যার স্থায়ী সমাধান নয়। ইউরোপে উৎপাদন সক্ষমতা বাড়ানোই হবে কার্যকর পথ।
তবে নতুন বিধিনিষেধের মধ্যেও ইউরোপের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর অগ্রগতি থেমে যায়নি। ডেটাফোর্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপে নতুন গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে চীনা ব্র্যান্ডগুলোর অংশ বেড়ে ১২ দশমিক ৭ শতাংশ হয়েছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বিধিনিষেধ কার্যকরের আগে অতিরিক্ত হাইব্রিড গাড়ি পাঠানোর কারণেও এই প্রবৃদ্ধি হয়েছে।
সব মিলিয়ে, ইউরোপের বাজারে চীনা গাড়ি নির্মাতাদের সম্প্রসারণের কৌশল বদলাচ্ছে। তবে বিকল্প প্রযুক্তির গাড়ি দিয়ে আমদানি সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে ইউরোপের নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় উৎপাদনে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর।












