কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন প্রজন্মের ডিজিটাল সহকারীরা এখন শুধু প্রশ্নের উত্তর দিচ্ছে না, ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজও সম্পন্ন করছে। রেস্তোরাঁয় দুর্লভ আসন বুক করা, চাকরির বিজ্ঞাপনে আবেদন পাঠানো, প্রতিদিনের খাবারের পরিকল্পনা তৈরি কিংবা পণ্যের দাম কমানোর দর-কষাকষি—এ ধরনের কাজ নিজেরাই করতে পারছে এআই এজেন্ট।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রযুক্তিবিষয়ক লেখক ব্রায়ান এক্স. চেন মেটার ‘মিউজ’ এবং ওপেনএআইয়ের ‘ডটস’—এই দুই এআই এজেন্ট ব্যবহার করে পাঁচ ধরনের কাজ পরীক্ষা করেছেন। তাঁর অভিজ্ঞতায়, পুনরাবৃত্তিমূলক ও সময়সাপেক্ষ কাজের বড় অংশই এখন এ ধরনের সফটওয়্যারের হাতে ছেড়ে দেওয়া সম্ভব।
চ্যাটবটের চেয়ে আলাদা এআই এজেন্ট
চ্যাটবট সাধারণত প্রশ্নের উত্তর দেয় বা তথ্য সরবরাহ করে। এআই এজেন্টের কাজ আরও বিস্তৃত। নিজস্ব কম্পিউটার ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ, ফরম পূরণ, ইমেইল পাঠানো এবং অনলাইন বুকিংয়ের মতো কাজ করতে পারে।
মেটার মিউজ চালুর পর অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওপেনএআই নিয়ে আসে ডটস, যার পরীক্ষামূলক ব্যবহারের জন্য মাসে ১০০ ডলার খরচ করতে হয়। এদিকে অ্যানথ্রপিকও তাদের ক্লড চ্যাটবটের জন্য ‘ডুয়েট’ নামের একটি এআই এজেন্ট পরীক্ষা করার ঘোষণা দিয়েছে।
১. কঠিন রেস্তোরাঁয় টেবিল বুকিং
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁ সান মুন স্টুডিওতে আসন পাওয়া বেশ কঠিন। মাত্র ১২ আসনের এই রেস্তোরাঁয় সপ্তাহান্তের দুপুরে বুকিং পেতে কয়েক সপ্তাহ আগেই চেষ্টা করতে হয়।
লেখক মিউজ ও ডটসকে নির্দেশ দেন, আসন খালি হলেই যেন তারা বুকিংয়ের চেষ্টা করে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর ডটস একদিন তাঁকে জানায়, নভেম্বরের শেষ দিকে একটি বুকিংয়ের নিশ্চিতকরণ পাতায় পৌঁছাতে পেরেছে।
একই পদ্ধতি কনসার্ট, খেলাধুলার টিকিট, সীমিত সংস্করণের জুতা, গেম কনসোল কিংবা স্মার্টফোন কেনার ক্ষেত্রেও কাজে লাগতে পারে।
২. জিমে পৌঁছেই ব্যায়ামের পরিকল্পনা
লেখক নিয়মিত একটি রক ক্লাইম্বিং জিমে যান। প্রতিবার ব্যায়াম শুরুর আগে তাঁকে নিজের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করতে হয়। তিনি এজেন্টদের নির্দেশ দেন, জিমে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন দিনের ব্যায়ামের পরিকল্পনা পাঠানো হয়।
ডটস তা করতে পারেনি, কারণ ব্যবহারকারীর তাৎক্ষণিক অবস্থানের ভিত্তিতে কাজ শুরু করার সক্ষমতা তার ছিল না। তবে মিউজ জিমে প্রবেশের পরপরই পরিকল্পনা পাঠায়। একইভাবে নির্দিষ্ট দোকানে পৌঁছালে কেনাকাটার তালিকা কিংবা অফিসে গেলে করণীয় কাজের তালিকাও পাঠানোর নির্দেশ দেওয়া যেতে পারে।
৩. চাকরির আবেদন ও যোগাযোগ
লেখক তাঁর সাবেক গৃহকর্মীর জন্য নতুন কাজ খুঁজতে গিয়ে অনলাইনে একাধিক বিজ্ঞাপনে একই ধরনের সুপারিশ পাঠানোর ঝামেলায় পড়েন। পরে মিউজ ও ডটসকে প্রতিদিন নতুন চাকরির বিজ্ঞাপন খুঁজে উপযুক্ত বিজ্ঞাপনে তাঁর তৈরি করা সুপারিশ পাঠানোর নির্দেশ দেন।
ডটস ব্রাউজারের নানা ত্রুটির কারণে কাজটি ঠিকভাবে করতে পারেনি। কিন্তু মিউজ একদিনেই আটটি বিজ্ঞাপনে সাড়া দেয়। এক ঘণ্টার মধ্যে দুজন অভিভাবক তাঁর গৃহকর্মীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।
৪. প্রতিদিনের খাবারের পরিকল্পনা
পরিবারের রাতের খাবার এবং শিশুর স্কুলের দুপুরের খাবার ঠিক করা অনেক অভিভাবকের জন্য নিয়মিত সময়সাপেক্ষ কাজ। লেখক এজেন্টদের পরিবারের খাবারের পছন্দ ও ফ্রিজে থাকা উপকরণের তথ্য দিয়ে প্রতিদিন সকাল সাতটায় খাবারের পরামর্শ পাঠাতে বলেন।
মিউজ শিশুর জন্য গ্রিলড চিজ ও স্ট্রবেরি এবং রাতের খাবারে বিফ স্টুর পরামর্শ দেয়। ডটস দুপুরে মাখন মেশানো নুডলসের সঙ্গে কুচি করা মুরগির মাংস এবং রাতের খাবারে একই ধরনের বিফ স্টুর প্রস্তাব করে। লেখক দুই এজেন্টের পরামর্শই গ্রহণ করেন।
৫. পণ্যের দাম কমাতে দর-কষাকষি
গাড়ির জন্য নতুন টায়ার কেনার প্রয়োজন হলে লেখক নিজে বাজার যাচাই না করে মিউজ ও ডটসকে ভালো মানের টায়ারের দাম খুঁজে কাছের দোকানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। অনলাইনে পাওয়া সর্বনিম্ন দামের সঙ্গে মিলিয়ে দেওয়ার অনুরোধও করতে বলেন।
দুই এজেন্টই মিশেলিনের উচ্চ রেটিং পাওয়া টায়ারের একটি সেট খুঁজে পায়, যার দাম স্থানীয় দোকানের প্রস্তাবের চেয়ে ৮০ ডলার কম। এরপর তারা দোকানের ওয়েবসাইটে মূল্য সমন্বয়ের আবেদন পাঠায়। পরে দোকান থেকে ইমেইলে জানানো হয়, তারা অনলাইনের সর্বনিম্ন দামের সঙ্গে মিলিয়ে দিতে রাজি।
খরচ ও সক্ষমতায় এগিয়ে মিউজ
লেখকের পরীক্ষায় মিউজ তুলনামূলকভাবে বেশি কার্যকর হয়েছে। মাসে ১০০ ডলার খরচের ডটসের তুলনায় বিনা মূল্যের মিউজ আপাতত বেশি সুবিধাজনক বলে তাঁর পর্যবেক্ষণ।
ওপেনএআইয়ের এন্টারপ্রাইজ পণ্যের প্রধান আলেকজান্ডার এমবিরিকোস জানিয়েছেন, ডটস মূলত আরও জটিল কাজের জন্য তৈরি করা হয়েছে—যেমন একজন ফ্রিল্যান্সারকে তাঁর ব্যবসা পরিচালনায় সহায়তা করা। অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের মাধ্যমে প্রযুক্তিটি পরীক্ষা শেষ হলে ভবিষ্যতে ডটস বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
এআই এজেন্টের ব্যবহার এখনো বিকাশের পর্যায়ে। তবে লেখকের পরীক্ষাগুলো দেখিয়েছে, দৈনন্দিন জীবনের একঘেয়ে ও বারবার করতে হয় এমন অনেক কাজ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় করা সম্ভব হচ্ছে। ফলে ব্যক্তিগত ডিজিটাল সহকারীর ভূমিকা শুধু তথ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি কাজ সম্পাদনের দিকে এগোচ্ছে।
মেটা, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠান এই প্রযুক্তি উন্নত করায় ভবিষ্যতে চাকরির আবেদন, কেনাকাটা, বুকিং কিংবা দৈনন্দিন পরিকল্পনার মতো কাজে এআই এজেন্টের ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।
মেটা ও ওপেনএআইয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করার ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লেখক। এজেন্টকে যেসব অ্যাপ ও তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হবে, সেগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি।












