বাংলাদেশের উন্নয়ন এখন গভীর আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে, বিনিয়োগ দুর্বল হচ্ছে, ব্যাংক খাতের ঝুঁকি বাড়ছে এবং সরকারের রাজস্ব আহরণ প্রয়োজনের তুলনায় অনেক কম। জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা শিল্প উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে, কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হওয়ায় দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে।
বিশ্বব্যাংকের ২০২৬ সালের একাধিক মূল্যায়নে দেখা গেছে, এসব সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত; একটির চাপ অন্যটিকে আরও গভীর করছে। রাজস্ব আয় কম থাকায় সরকার উন্নয়ন ও জনসেবায় প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারছে না। বিনিয়োগ কমলে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মসংস্থান দুর্বল হলে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমে যায়, যা আবার ব্যবসা ও বিনিয়োগের চাহিদা সংকুচিত করে।
এই চক্র ভাঙতে না পারলে বাংলাদেশের উন্নয়ন শুধু ধীর হবে না, বরং গত দুই দশকে অর্জিত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি অংশও ঝুঁকিতে পড়তে পারে।
তিন বছরের প্রবৃদ্ধি-মন্থরতা, সামনে আরও দুর্বল সময়
বিশ্বব্যাংকের ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। ২০২৭ অর্থবছরেও প্রবৃদ্ধি একই হারে থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জ্বালানি সরবরাহের উন্নতি এবং সংস্কার কার্যক্রম দ্রুত হলে ২০২৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে উঠতে পারে।

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থরতা দেখা যাচ্ছে। বিনিয়োগের গতি কমেছে, রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল হয়েছে এবং উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রবৃদ্ধি কমার পেছনে সাময়িক চাহিদার ঘাটতির পাশাপাশি দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাও কাজ করছে। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুর্বলতা এবং কম রাজস্ব আহরণ—এই তিনটি বাধা বিনিয়োগ ও উৎপাদনকে একসঙ্গে চাপে ফেলছে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ অর্থবছরে রাজস্ব আহরণ ছিল জিডিপির ৮ দশমিক ৩ শতাংশ। সংস্থাটি একে বিশ্বের সর্বনিম্ন রাজস্ব আহরণের হারগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। একই সময়ে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৯ শতাংশে উঠেছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
রাজস্বের এই দুর্বলতা সরকারের উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমিয়ে দেয়। ঋণের সুদ ও নিয়মিত ব্যয়ের দায় মেটানোর পর অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়। অর্থাৎ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য যে সরকারি বিনিয়োগ প্রয়োজন, আর্থিক দুর্বলতার কারণে সেটিই বাধাগ্রস্ত হচ্ছে।
বিনিয়োগের সংকোচন দীর্ঘমেয়াদি উন্নয়নকে দুর্বল করবে
উন্নয়ন পিছিয়ে পড়ার সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হচ্ছে বিনিয়োগের স্থবিরতা থেকে। বিশ্বব্যাংক বলছে, আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। ২০২৫ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের অনুপাত ছিল ৩০ দশমিক ৬ শতাংশ, যা ২০২৬ সালের জুনে বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশ হয়েছে।
ব্যাংক খাতে ঝুঁকি এত বেশি হলে নতুন উদ্যোক্তা ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়ন পাওয়া কঠিন হয়ে পড়ে। ব্যাংকগুলো ঋণ বিতরণে সতর্ক হয়, ঋণের খরচ বাড়ে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে যায়।
সরকারের ঋণের চাহিদা বাড়লে একই ব্যাংকিং ব্যবস্থার ওপর বেসরকারি খাতের অর্থায়নও চাপে পড়ে। এতে শিল্পপ্রতিষ্ঠান সম্প্রসারণ, প্রযুক্তির উন্নয়ন এবং নতুন কারখানা স্থাপনের জন্য অর্থায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এর প্রভাব শুধু একটি বা দুটি অর্থবছরে সীমাবদ্ধ থাকে না। নতুন বিদ্যুৎকেন্দ্র, পরিবহন অবকাঠামো, বন্দর, শিল্পাঞ্চল কিংবা দক্ষতা উন্নয়নের প্রকল্পে বিনিয়োগ পিছিয়ে গেলে ভবিষ্যতের উৎপাদন সক্ষমতা কমে যায়। অর্থনীতির প্রতিযোগিতামূলক শক্তিও দুর্বল হয়।

দারিদ্র্য কমার বদলে আবার বাড়ছে
বিশ্বব্যাংকের ৯ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ বলছে, ২০২৬ অর্থবছরে শ্রমবাজারে দুর্বল চাহিদা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। একই অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি আনুমানিক ৩ দশমিক ৪ শতাংশে নেমেছে।
বিশ্বব্যাংকের ব্যবহৃত দৈনিক ৩ ডলারের আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী, ২০২৬ অর্থবছরে দারিদ্র্যের হার ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেড়ে ১০ দশমিক ১ শতাংশ হয়েছে। সংস্থাটি বলছে, দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার সামান্য ওপরে রয়েছে। ফলে আয়, খাদ্যদাম বা কর্মসংস্থানে সামান্য ধাক্কাও তাদের আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ। জ্বালানি সংকটে কারখানাগুলোর কার্যক্রমের সময় কমেছে, উৎপাদন ব্যাহত হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই হয়েছে। দুর্বল চাহিদার কারণে নতুন নিয়োগও সীমিত হয়েছে।
এখানে উন্নয়নপ্রক্রিয়ার একটি মৌলিক দুর্বলতা স্পষ্ট: প্রবৃদ্ধি বাড়লেও তা যদি পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি না করে, তাহলে দারিদ্র্য কমানোর ক্ষমতা হারায় অর্থনীতি।
জনমিতিক সুবিধা কাজে লাগানোর সময় ফুরিয়ে আসছে
বাংলাদেশের সামনে আরও একটি দীর্ঘমেয়াদি ঝুঁকি রয়েছে—তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতাকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে না পারা।
বিশ্বব্যাংকের ৩ নভেম্বর প্রকাশিত ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর জনসংখ্যার বয়স কাঠামো বদলাতে থাকবে।
অর্থাৎ, বাংলাদেশের হাতে জনমিতিক সুবিধা কাজে লাগানোর জন্য প্রায় দুই দশকের গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে এখনই পর্যাপ্ত মানসম্মত চাকরি, দক্ষতা উন্নয়ন, নারী শ্রমশক্তির অংশগ্রহণ এবং উৎপাদনশীল বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে।

বিশ্বব্যাংকের হিসাবে, দেশে প্রায় ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, যা মোট কর্মীর প্রায় ৮৪ শতাংশ। এমনকি বিশ্ববিদ্যালয়-স্নাতকদের ৪৪ শতাংশও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত। আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে পারছে না; ছোট প্রতিষ্ঠানগুলোতেও সাম্প্রতিক সময়ে গড়ে কর্মীসংখ্যা কমেছে।
এই পরিস্থিতি চলতে থাকলে তরুণ জনগোষ্ঠী অর্থনীতির উৎপাদনশীল শক্তিতে পরিণত হওয়ার বদলে বেকারত্ব, অনিশ্চিত কাজ ও কম উৎপাদনশীলতার চাপে আটকে যেতে পারে। জনমিতিক সুবিধার সময় পেরিয়ে গেলে একই হারে প্রবৃদ্ধি অর্জন আরও কঠিন হবে।
শিক্ষার দুর্বলতা ভবিষ্যৎ শ্রমশক্তির সক্ষমতা কমাচ্ছে
উন্নয়নের আরেকটি মৌলিক ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। ৬ নভেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ বয়সোপযোগী একটি সহজ লেখা পড়ে বুঝতে পারে না।
প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার অর্জিত হলেও শেখার মানের বড় ঘাটতি রয়ে গেছে। এর অর্থ, বিপুলসংখ্যক শিশু স্কুলে গেলেও ভবিষ্যতের শ্রমবাজারে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জন করতে পারছে না।
বিশ্বব্যাংক ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এই উদ্যোগের লক্ষ্য শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানো। তবে প্রকল্পের অর্থায়ন নিজে থেকে শিক্ষার সংকট সমাধান করবে না; শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় ব্যবস্থাপনা ও জবাবদিহিতে বাস্তব উন্নতি প্রয়োজন।

শিক্ষার এই ঘাটতি শ্রমবাজারের সংকটকে আরও গভীর করতে পারে। দক্ষ কর্মী না থাকলে শিল্পের উৎপাদনশীলতা বাড়বে না, প্রযুক্তি গ্রহণের গতি ধীর হবে এবং উচ্চ মূল্য সংযোজন হয় এমন খাতে বাংলাদেশের প্রবেশ কঠিন হবে।
উন্নয়ন পিছিয়ে পড়ার পাঁচটি প্রধান ঝুঁকি
বর্তমান পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব পাঁচটি ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা দিতে পারে।
প্রথমত, সরকারি বিনিয়োগের অর্থ সংকুচিত হলে অবকাঠামো ও জনসেবা সম্প্রসারণের গতি কমবে। দ্বিতীয়ত, ব্যাংক ও জ্বালানি খাতের দুর্বলতা বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উৎপাদনকে বাধাগ্রস্ত করবে। তৃতীয়ত, কর্মসংস্থান দুর্বল থাকলে দারিদ্র্য ও আয়বৈষম্য কমানো কঠিন হবে। চতুর্থত, শিক্ষার মান ও দক্ষতার ঘাটতি ভবিষ্যৎ শ্রমশক্তির উৎপাদনশীলতা কমাবে। পঞ্চমত, জনমিতিক সুবিধার সময় কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি করা আরও কঠিন হয়ে পড়বে।
এগুলো পরস্পরকে শক্তিশালী করে। কম বিনিয়োগ মানে কম কর্মসংস্থান; কম কর্মসংস্থান মানে ভোগ ও চাহিদা দুর্বল হওয়া; দুর্বল চাহিদা মানে ব্যবসার আয় ও বিনিয়োগে আরও চাপ। এভাবেই অর্থনীতি দীর্ঘস্থায়ী নিম্ন প্রবৃদ্ধির চক্রে আটকে যেতে পারে।












