ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত অবস্থান প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমী ভূমিকা রেখে আসছে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাটাগোনিয়া। পরিবেশ সংরক্ষণ, ভোটাধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিষ্ঠানটির সক্রিয় অবস্থান কখনো কখনো বিতর্ক তৈরি করেছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রায়ান গেলর্টের মতে, ব্যবসায়িক সিদ্ধান্ত ও সামাজিক অবস্থানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল্যবোধের ধারাবাহিকতা। পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলালে প্রতিষ্ঠান শেষ পর্যন্ত সব পক্ষের আস্থা হারায়।
২০২০ সালে প্যাটাগোনিয়ার প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া গেলর্ট সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে করপোরেট সক্রিয়তা, রাজনৈতিক চাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কর্মসংস্থান নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে পরিবেশের পক্ষে অবস্থান
পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে ভোটাধিকার সম্প্রসারণ—বিভিন্ন বিষয়ে প্যাটাগোনিয়া প্রকাশ্যে অবস্থান নিয়েছে। গত সেপ্টেম্বরে উটাহর সংরক্ষিত জাতীয় স্মৃতিসৌধগুলোর সুরক্ষা কমানোর পরিকল্পনার বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাও করে প্রতিষ্ঠানটি।
গেলর্টের বক্তব্য, প্যাটাগোনিয়া কোনো রাজনৈতিক দলের সম্প্রসারিত অংশ নয়। প্রতিষ্ঠানটির অবস্থান হলো, যারা পৃথিবীকে রক্ষায় কাজ করতে চায়, তাদের সঙ্গে তারা একমত। তাঁর মতে, কোনো প্রতিষ্ঠানের সব বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। তবে নিজের প্রতিষ্ঠানের মূল্যবোধ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং প্রয়োজনের সময় নেতৃত্বের পরিচয় দেওয়া প্রধান নির্বাহীদের দায়িত্ব।
তিনি মনে করেন, কিছু প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে নিজেদের অবস্থান বারবার পরিবর্তন করে। প্রথমে কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বলে প্রচার করে, সমালোচনা শুরু হলে আবার তা থেকে সরে আসে। এতে প্রতিষ্ঠানটি সব পক্ষের কাছেই বিশ্বাসযোগ্যতা হারায়। তাঁর দৃষ্টিতে, মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কস্টকোর অবস্থান প্রশংসনীয়।
ব্যবসার চেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ
প্যাটাগোনিয়ার পোশাকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব লোগো ব্যবহারের ব্যবসা একসময় আলোচনার জন্ম দিয়েছিল। প্রতিষ্ঠানটি কিছু সময়ের জন্য নির্দিষ্ট করপোরেট লোগোযুক্ত পোশাক বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল। পরে নীতিতে পরিবর্তন আনা হয়।
গেলর্টের ব্যাখ্যা, প্যাটাগোনিয়া দীর্ঘস্থায়ী ও মেরামতযোগ্য পণ্য তৈরি করতে চায়। কোনো পোশাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠানের লোগো সেলাই করা থাকলে সংশ্লিষ্ট কর্মী চাকরি ছেড়ে দেওয়ার পর পোশাকটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই লোগো ব্যবহারের এমন পদ্ধতি খোঁজা হচ্ছে, যাতে পণ্যের ব্যবহারযোগ্যতা নষ্ট না হয়।
কোন প্রতিষ্ঠানকে লোগোযুক্ত পোশাক দেওয়া হবে, সে সিদ্ধান্তেও শুধু বাণিজ্যিক লাভ বিবেচিত হয় না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও মূল্যবোধের সঙ্গে প্যাটাগোনিয়ার সামঞ্জস্য আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বড় অঙ্কের পোশাক কিনতে চাইলেও সিদ্ধান্তের ভিত্তি হবে না শুধু সম্ভাব্য আয়।
জলবায়ু পরিবর্তন ও এআই নিয়ে উদ্বেগ
জলবায়ু পরিবর্তন প্যাটাগোনিয়ার ব্যবসার জন্য নতুন ধরনের পণ্যের চাহিদা তৈরি করছে। আবহাওয়ার ধরন বদলে যাওয়ায় বৃষ্টিরোধী পোশাক, পোকামাকড় প্রতিরোধী উপকরণ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয় এমন পোশাকের গুরুত্ব বাড়ছে। তবে পরিবেশ রক্ষার লক্ষ্য এবং বাজারের চাহিদা—দুটিকে একসঙ্গে বিবেচনা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মসংস্থানে প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গেলর্ট। তিনি জানান, প্যাটাগোনিয়া এখনো কর্মী নিয়োগ করছে এবং উপযুক্ত ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতর থেকেই পদোন্নতি দেওয়ার নীতিতে অটল রয়েছে।
তাঁর আশঙ্কা, এআই খাতে বিপুল বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক দক্ষতা বাড়াতে হবে, যার একটি সম্ভাব্য পথ কর্মীসংখ্যা ও শ্রমব্যয় কমানো। প্যাটাগোনিয়াতেও কয়েক বছর আগে পুনর্গঠনের অংশ হিসেবে ৩৫টি পদ বিলুপ্ত করা হয়েছিল। গেলর্টের ভাষায়, সংখ্যাটি ছোট মনে হলেও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের কাছে তা মোটেও ছোট ঘটনা ছিল না। তিনি ওই সিদ্ধান্তকে নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখেন।
করপোরেট আস্থার সংকট
গেলর্টের মতে, ব্যবসা ও সরকারের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থার ঘাটতি। কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এক কথা বলে অন্য কাজ করলে কিংবা কর্মীদের ওপর সিদ্ধান্তের প্রভাবকে গুরুত্ব না দিলে সেই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
প্যাটাগোনিয়ার অবস্থান থেকে স্পষ্ট, প্রতিষ্ঠানটির কাছে ব্যবসায়িক সাফল্য শুধু বিক্রি বা মুনাফার হিসাব নয়। পরিবেশগত দায়, কর্মীদের প্রতি দায়িত্ব এবং ঘোষিত মূল্যবোধের সঙ্গে বাস্তব সিদ্ধান্তের সামঞ্জস্যও করপোরেট নেতৃত্বের গুরুত্বপূর্ণ মাপকাঠি।












