বিশ্বজুড়ে গণতন্ত্রের সংকট নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে নির্বাচন, রাজনৈতিক মেরুকরণ, কর্তৃত্ববাদ এবং নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতার মধ্যে আবর্তিত হয়েছে। কিন্তু এই সংকটের পেছনে ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে একটি অর্থনৈতিক বাস্তবতা—সম্পদের অস্বাভাবিক কেন্দ্রীভবন এবং সেই সম্পদের মালিকদের রাজনৈতিক ক্ষমতা দখলের প্রবণতা। প্রশ্নটি এখন আর শুধু কে কত সম্পদের মালিক, তা নিয়ে নয়; বরং কার হাতে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ, জনমত নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশ নির্ধারণের ক্ষমতা জমা হচ্ছে, সেটিই হয়ে উঠছে গণতন্ত্রের অন্যতম বড় উদ্বেগ।
একসময় ‘অলিগার্ক’ শব্দটি মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় রাষ্ট্রীয় সম্পদ দখল করে বিপুল সম্পদের মালিক হওয়া ব্যবসায়ীদের বোঝাতে ব্যবহৃত হতো। পশ্চিমা দেশগুলোতে একই ধরনের ধনীদের সাধারণত সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু গত দেড় দশকে এই ধারণায় বড় পরিবর্তন এসেছে। এখন বিশ্বের বিভিন্ন দেশে অতিধনীদের অর্থনৈতিক প্রভাব কীভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, প্রযুক্তি এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণকে প্রভাবিত করছে, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: অর্থনৈতিক বৈষম্য যখন রাজনৈতিক বৈষম্যে রূপ নেয়, তখন একটি রাষ্ট্রকে কতটা গণতান্ত্রিক বলা যায়?
সম্পদ যখন রাজনৈতিক ক্ষমতার উৎস
প্যারিসে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিগার্কিবিরোধী সম্মেলন এই প্রশ্নকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজনৈতিক বিজ্ঞানী, অর্থনীতিবিদ, আইনজ্ঞ, দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে তিনজন নোবেলজয়ী অর্থনীতিবিদ—এস্থার ডুফলো, পল ক্রুগম্যান ও জোসেফ স্টিগলিটজের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের মূল উদ্বেগ, বিশ্বের বিপুল সম্পদের মালিক একটি ক্ষুদ্র গোষ্ঠী ক্রমশ রাষ্ট্রের ওপর এমন প্রভাব বিস্তার করছে, যা শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে।
ফরাসি অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকমানের যুক্তি, বিপুল সম্পদ কেবল ভোগের সুযোগ বাড়ায় না; এটি ক্ষমতাও তৈরি করে। এই ক্ষমতার মাধ্যমে জনপরিসরের আলোচনা নিয়ন্ত্রণ করা, সরকারের নীতিনির্ধারণে প্রভাব বিস্তার, নির্বাচনে অর্থের প্রভাব বাড়ানো, প্রতিযোগীদের দুর্বল করা এবং এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব, যার সামাজিক ও নিরাপত্তাগত পরিণতি ভয়াবহ হতে পারে।
এখানেই আধুনিক অলিগার্কির বিশেষত্ব। অতীতে সম্পদশালী ব্যক্তিরা মূলত ব্যবসা ও উৎপাদনের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন। বর্তমানে সেই প্রভাবের ক্ষেত্র অনেক বিস্তৃত। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মতো ক্ষেত্রেও তাঁদের উপস্থিতি বাড়ছে।
ফলে অর্থনৈতিক ক্ষমতা আর শুধু বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যুক্ত হয়ে পড়ছে।
ধনীদের প্রভাব নিয়ে ধারণার পরিবর্তন
অলিগার্কি ধারণাটি নতুন নয়। প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল এমন শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে সমাজের অল্পসংখ্যক মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তাঁদের কাছে অলিগার্কি ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের পরিবর্তে ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থই রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হয়ে ওঠে।
আধুনিক রাজনৈতিক আলোচনায় এই ধারণা ফিরে এসেছে নতুন অর্থে। বিশেষ করে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখল আন্দোলন এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সম্পদবৈষম্যবিরোধী প্রতিবাদ বিষয়টিকে সামনে নিয়ে আসে। আন্দোলনকারীরা সমাজের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের বিপুল সম্পদ ও প্রভাবের বিরুদ্ধে প্রশ্ন তোলেন।
তবে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকেরা তখনো বিষয়টিকে মূলত শ্রেণিবৈষম্য, পুঁজির কেন্দ্রীভবন এবং আয়বণ্টনের সমস্যা হিসেবে দেখছিলেন। অলিগার্কির ধারণাটি আলাদা গবেষণার বিষয় হয়ে উঠতে সময় লেগেছে।
এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী জেফরি উইন্টার্স। দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ইন্দোনেশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা দেখতে পান। সুহার্তোর দীর্ঘ শাসনামলে যে পরিবারগুলো বিপুল সম্পদের মালিক হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার পরও তাদের অর্থনৈতিক অবস্থান ও প্রভাব উল্লেখযোগ্যভাবে অক্ষুণ্ন ছিল।
এ অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হলেও সম্পদের মালিকানা এবং সেই সম্পদ রক্ষার ক্ষমতা কেন একই গোষ্ঠীর হাতে থেকে যায়?
উইন্টার্সের গবেষণায় অলিগার্কির সংজ্ঞা তাই শুধু দুর্নীতিগ্রস্ত ধনী ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাঁর বিশ্লেষণে, অলিগার্ক হলেন এমন ব্যক্তি বা গোষ্ঠী, যাঁরা বিপুল সম্পদের মালিক হওয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সম্পদ ও অর্থনৈতিক অবস্থান সুরক্ষিত রাখেন।
এই ক্ষমতা প্রয়োগের জন্য তাঁদের সরাসরি সরকার পরিচালনা করতে হয় না। আইনজীবী, ব্যাংকার, পরামর্শক, লবিস্ট এবং রাজনৈতিক যোগাযোগের বিস্তৃত নেটওয়ার্কই অনেক সময় তাঁদের স্বার্থ রক্ষার কার্যকর মাধ্যম হয়ে ওঠে।
গণতন্ত্রের ভেতরেই ক্ষমতার অসম বণ্টন
অলিগার্কি নিয়ে বর্তমান বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শুধু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের সমস্যা নয়। গণতান্ত্রিক দেশেও অর্থনৈতিক ক্ষমতা রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে।
উইন্টার্সের বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক কাঠামোর মধ্যেই এই দ্বন্দ্বের একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে। ১৭৮৭ সালের ফিলাডেলফিয়া কনভেনশনে যে সাংবিধানিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেখানে জনগণের সম্মতি ও রাজনৈতিক অংশগ্রহণের নীতির পাশাপাশি সম্পত্তির অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল।
অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সম্পদশালী শ্রেণির অর্থনৈতিক অবস্থান রক্ষার ব্যবস্থাও তৈরি হয়েছিল। এই দুই শক্তির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা ছিল রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ।
কিন্তু সেই ভারসাম্য কত দিন কার্যকর থাকতে পারে, যখন সম্পদের মালিকদের রাজনৈতিক প্রভাব সাধারণ নাগরিকদের তুলনায় অনেক বেশি হয়ে ওঠে?
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক নাদিয়া উরবিনাতির মতে, অলিগার্কি কখনো বিলুপ্ত হয়নি। পরিবর্তন হয়েছে তার ক্ষমতা প্রয়োগের ধরনে। আগে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির সংগঠিত রাজনৈতিক শক্তি ধনীদের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখতে পারত। এখন সেই ভারসাম্য দুর্বল হয়ে পড়েছে।
বিশেষ করে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে কয়েকটি প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের নির্ভরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারও অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতা ছাড়া গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে পারে না।
প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা, নজরদারি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং তথ্য বিশ্লেষণের মতো ক্ষেত্রে বেসরকারি প্রযুক্তিপ্রতিষ্ঠানের ভূমিকা বাড়ছে। ফলে এসব প্রতিষ্ঠানের মালিকদের অর্থনৈতিক ক্ষমতা রাজনৈতিক ও কৌশলগত প্রভাবেও রূপান্তরিত হচ্ছে।
সম্পদের বিস্তার নয়, কেন্দ্রীভবনই বড় সংকট
বিশ্বে অলিগার্কি নিয়ে নতুন উদ্বেগের পেছনে সম্পদের কেন্দ্রীভবনের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত শতাব্দীর শেষভাগ থেকে করব্যবস্থায় পরিবর্তন, উত্তরাধিকার করের সীমাবদ্ধতা, ব্যক্তিগত আয়ের ওপর করহার কমানো এবং করপোরেট কর হ্রাসের ফলে অতিধনীদের সম্পদ বৃদ্ধির সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
অর্থনৈতিক গবেষকদের মতে, প্রায় পাঁচ দশক ধরে এসব পরিবর্তন সম্পদের কেন্দ্রীভবনকে ত্বরান্বিত করেছে। অন্যদিকে রাষ্ট্রের পুনর্বণ্টনমূলক সক্ষমতা অনেক ক্ষেত্রে দুর্বল হয়েছে।
বিশ্বের ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির চিত্রও এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফোর্বসের তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে বিশ্বজুড়ে ধনকুবেরদের মোট সম্পদ ছিল বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে।
বর্তমানে বিশ্বে প্রায় তিন হাজার বিলিয়নিয়ার রয়েছেন। তাঁদের সম্মিলিত সম্পদের এই বিস্তার শুধু অর্থনৈতিক বৈষম্যের পরিমাণই প্রকাশ করে না; বরং বিশ্ব অর্থনীতিতে একটি ক্ষুদ্র গোষ্ঠীর প্রভাব কতটা বেড়েছে, সেটিও তুলে ধরে।
অর্থনীতিবিদ টমাস পিকেটি তাঁর প্রথম গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’-তে সম্পদবৈষম্য বিশ্লেষণ করলেও অলিগার্কি শব্দটি খুব বেশি ব্যবহার করেননি। পরবর্তী গ্রন্থ ‘ক্যাপিটাল অ্যান্ড আইডিওলজি’-তে শব্দটির ব্যবহার বেড়ে যায়। তাঁর পর্যবেক্ষণ, সম্পদ ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন প্রত্যাশার চেয়েও দ্রুত ঘটেছে।
এই গবেষণাগুলো দেখিয়েছে, সম্পদবৈষম্য কেবল ব্যক্তিগত আয় বা জীবনযাত্রার মানের পার্থক্য নয়। এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তারের সক্ষমতাকেও অসম করে তোলে।
২০১৪ সালে রাজনৈতিক বিজ্ঞানী মার্টিন গিলেন্স ও বেঞ্জামিন পেজের একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ১৯৮১ থেকে ২০০২ সাল পর্যন্ত নীতিনির্ধারণে বিভিন্ন সামাজিক শ্রেণির প্রভাব বিশ্লেষণ করা হয়। তাঁদের অনুসন্ধানে দেখা যায়, সাধারণ নাগরিকদের পছন্দের সঙ্গে অর্থনৈতিক অভিজাতদের স্বার্থের সংঘাত হলে আইন ও নীতিনির্ধারণে সাধারণ মানুষের প্রভাব প্রায় অনুপস্থিত থাকে।
প্রযুক্তি ও গণমাধ্যম: নতুন ক্ষমতার ক্ষেত্র
আধুনিক অলিগার্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তথ্য ও প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ। একসময় গণমাধ্যমের মালিকানা রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম ছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ক্ষমতাকে আরও বিস্তৃত করেছে।
যে প্রতিষ্ঠানগুলো মানুষের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রচারের অবকাঠামো নিয়ন্ত্রণ করে, তারা জনমত গঠনের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পায়। কোন তথ্য মানুষের কাছে পৌঁছাবে, কোন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে এবং কোন বক্তব্য দৃশ্যমানতা পাবে—এসব ক্ষেত্রে প্রযুক্তিপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এটি গণতন্ত্রের জন্য নতুন ধরনের ঝুঁকি। কারণ নির্বাচনে নাগরিকের ভোটাধিকার থাকলেই রাজনৈতিক প্রভাবের সমতা নিশ্চিত হয় না। তথ্যের প্রবাহ যদি অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে জনমত গঠনের প্রক্রিয়াও অসম হয়ে উঠতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এই উদ্বেগকে আরও বাড়িয়েছে। প্রযুক্তির মালিকানা ও উন্নয়নের সিদ্ধান্ত যদি কেবল মুনাফাভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে তার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতি নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত হয়ে পড়বে।
এই কারণেই আন্তর্জাতিক অলিগার্কিবিরোধী উদ্যোগের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার প্রস্তাব করেছেন।
শুধু কর বাড়ালেই কি সমস্যার সমাধান?
অলিগার্কির বিরুদ্ধে সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো অতিধনীদের সম্পদের ওপর বিশেষ কর আরোপ। প্যারিস সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘোষণাপত্রে ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর এককালীন ২৫ শতাংশ কর এবং পরবর্তী সময়ে প্রতিবছর ন্যূনতম ২ শতাংশ সম্পদ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া গণমাধ্যমের মালিকেরা সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করলে কর্মীদের তাঁদের মালিকানা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার অধিকার দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অধীনে নেওয়া এবং কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর কথাও বলা হয়েছে।
তবে শুধু কর আরোপের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
উইন্টার্সের মতে, সম্পদের ওপর কর বাড়ানো প্রয়োজনীয় হলেও তা যথেষ্ট নয়। কারণ অলিগার্কির শক্তি শুধু সম্পদের পরিমাণে সীমাবদ্ধ নয়; বরং সেই সম্পদকে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরের জন্য যে প্রতিষ্ঠান, আইন, আর্থিক নেটওয়ার্ক ও আন্তর্জাতিক ব্যবস্থা কাজ করে, সেগুলোও বিশ্লেষণ করতে হবে।
বিশেষ করে করস্বর্গের অস্তিত্ব এই সমস্যার একটি গুরুত্বপূর্ণ দিক। অক্সফামের হিসাব অনুযায়ী, বিশ্বের করস্বর্গগুলোতে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে। এর প্রায় ৮০ শতাংশের মালিক বিশ্বের সবচেয়ে ধনী শূন্য দশমিক ১ শতাংশ মানুষ।
কেম্যান দ্বীপপুঞ্জ, জার্সি, পানামা ও সিঙ্গাপুরের মতো অঞ্চলে আর্থিক গোপনীয়তার সুযোগ ব্যবহার করে বিপুল সম্পদ আড়াল করা সম্ভব। কিন্তু এই অর্থের প্রকৃত আর্থিক নিয়ন্ত্রণ অনেক সময় এসব অঞ্চলের বাইরে নিউইয়র্ক, প্যারিস কিংবা লন্ডনের মতো বড় আর্থিক কেন্দ্রের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হয়।
তাই কর ফাঁকি বন্ধ করতে হলে শুধু করস্বর্গের ওপর চাপ সৃষ্টি করলেই চলবে না। বড় অর্থনীতির দেশগুলোকে নিজেদের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সম্পদের প্রকৃত মালিকানা প্রকাশের বাধ্যবাধকতা কার্যকর করতে হবে।
রাজনৈতিক প্রতিরোধের নতুন অধ্যায়
অলিগার্কির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধও ক্রমশ দৃশ্যমান হচ্ছে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর শেষ ভাষণে দেশের গণতন্ত্রের জন্য অতিধনীদের ক্রমবর্ধমান প্রভাবকে হুমকি হিসেবে উল্লেখ করেন।
এর আগে শব্দটি মূলত বামপন্থী অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বাইডেনের বক্তব্যের পর এটি মূলধারার রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে ওঠে।
ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজের নেতৃত্বে অলিগার্কিবিরোধী সমাবেশগুলোও এই রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
তবে এই প্রতিরোধ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ অতিধনীদের হাতে শুধু অর্থ নয়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা রাজনৈতিক যোগাযোগ, আইনি সুরক্ষা এবং আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কও রয়েছে। এসব কাঠামো পরিবর্তন করা সহজ নয়।
ইতিহাসও খুব আশাব্যঞ্জক নয়। অতীতে অলিগার্কিক শাসনব্যবস্থার অবসান অনেক সময় যুদ্ধ, বিপ্লব, অর্থনৈতিক মহামন্দা কিংবা বড় ধরনের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে ঘটেছে। ফলে বর্তমান বিশ্বেও সম্পদের কেন্দ্রীভবন ভাঙতে বড় ধরনের সংঘাত প্রয়োজন হবে কি না, সেই প্রশ্ন সামনে আসছে।
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন কাঠামোগত পরিবর্তন
অলিগার্কিবিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, এটি এখনো অনেকাংশে সম্পদ পুনর্বণ্টন এবং করব্যবস্থার সংস্কারের আলোচনায় কেন্দ্রীভূত। অথচ সংকটের গভীরতা আরও বেশি।
যদি রাজনৈতিক দলগুলোর অর্থায়ন অস্বচ্ছ থাকে, গণমাধ্যমের মালিকানা অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যক্রমের ওপর নির্ভরতা তৈরি করে এবং সাধারণ নাগরিকের নীতিনির্ধারণে অংশগ্রহণ সীমিত থাকে, তাহলে শুধু সম্পদ কর বাড়িয়ে গণতান্ত্রিক ভারসাম্য ফিরিয়ে আনা কঠিন হবে।
উইন্টার্স তাঁর নতুন গ্রন্থ ‘দ্য ব্লাইন্ড স্পট: হাউ অলিগার্কস ডমিনেট আওয়ার ডেমোক্রেসি’-তে রাজনৈতিক ক্ষমতার কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা বিলুপ্ত করা, আইনসভার দ্বিতীয় কক্ষের ভূমিকা পুনর্বিবেচনা এবং সাধারণ নাগরিকদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে গঠিত পরামর্শমূলক পরিষদের বিকাশ।
এসব প্রস্তাব নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এর মূল বক্তব্য গুরুত্বপূর্ণ: গণতন্ত্রকে কার্যকর রাখতে হলে শুধু নির্বাচনী ব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় সাধারণ মানুষের বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শেষ পর্যন্ত প্রশ্নটি ক্ষমতার মালিকানা নিয়ে
বিশ্বজুড়ে অলিগার্কি নিয়ে নতুন বিতর্ক আসলে গণতন্ত্রের মৌলিক প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছে। গণতন্ত্রের ধারণা হলো, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেক নাগরিকের সমান রাজনৈতিক অধিকার থাকবে। কিন্তু সম্পদ যখন রাজনৈতিক প্রভাব কেনার সুযোগ তৈরি করে, তখন সেই সমতা কাগজে থাকলেও বাস্তবে দুর্বল হয়ে পড়ে।
অতিধনীদের সম্পদ থাকা নিজেই গণতন্ত্রের জন্য সমস্যা নয়। সমস্যা তৈরি হয় যখন সেই সম্পদ ব্যবহার করে তাঁরা রাষ্ট্রের প্রতিষ্ঠান, গণমাধ্যম, প্রযুক্তি এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর অসামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
এ কারণে অলিগার্কির বিরুদ্ধে লড়াইকে ধনী-দরিদ্রের সাধারণ বিরোধ হিসেবে দেখলে সংকটের প্রকৃত মাত্রা বোঝা যাবে না। এটি মূলত অর্থনৈতিক ক্ষমতা ও গণতান্ত্রিক জবাবদিহির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার প্রশ্ন।
সম্পদের ওপর ন্যায্য কর, আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা, গণমাধ্যমের স্বাধীনতা, প্রযুক্তির সামাজিক জবাবদিহি এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের অংশগ্রহণ—সবকিছুকে একই সংস্কার কাঠামোর মধ্যে আনতে হবে।
প্যারিসের সম্মেলন এই বৃহত্তর আলোচনার একটি সূচনা হতে পারে। কিন্তু সম্মেলন, ঘোষণাপত্র কিংবা নতুন কর প্রস্তাব দিয়ে একা সমস্যার সমাধান হবে না। প্রয়োজন এমন রাজনৈতিক সদিচ্ছা, যা অর্থনৈতিকভাবে শক্তিশালী গোষ্ঠীর স্বার্থের মুখেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা করতে পারে।
গণতন্ত্রের ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ভর করবে একটি মৌলিক নীতির ওপর: অর্থসম্পদ কাউকে রাষ্ট্রের মালিকানা দেয় না, আর অর্থনৈতিক সাফল্য রাজনৈতিক জবাবদিহির ঊর্ধ্বে থাকার অধিকারও তৈরি করে না। এই সীমারেখা মুছে গেলে নির্বাচন ও সাংবিধানিক প্রতিষ্ঠান টিকে থাকলেও গণতন্ত্রের প্রকৃত শক্তি ক্রমশ ক্ষয় হতে থাকবে।












