বিশ্বের বিভিন্ন দেশে সরকারি বন্ডের দাম কমছে এবং সুদের হার বাড়ছে। বিপরীত চিত্র দেখা যাচ্ছে চীনে। দেশটির সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা এতটাই বেড়েছে যে পাঁচ ও ১০ বছর মেয়াদি বন্ডের সুদের হার নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। অথচ চীনের কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে সুদের হার কমাতে আগ্রহী নয়। ফলে দেশটির আর্থিক বাজারে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি।
২০২৬ সালে চীনের শেয়ারবাজারও এশিয়ার অন্যান্য বাজারের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। দেশটির অন্যতম প্রধান শেয়ারসূচক সিএসআই ৩০০ এ বছর প্রায় ১৪ শতাংশ হারিয়েছে। কিন্তু শেয়ারবাজারের এই দুর্বলতার বিপরীতে সরকারি বন্ডের বাজারে দেখা যাচ্ছে শক্তিশালী উত্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন্ডবাজারে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সরকারি ঋণপত্রের দিকে ঝুঁকছেন।
ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর পান গংশেং সম্প্রতি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাময়িকী কিউশিতে প্রকাশিত এক নিবন্ধে দেশের ঋণ ব্যবস্থাপনা নিয়ে সতর্ক অবস্থান তুলে ধরেছেন।
চীনের সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত ঋণের পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদনের ৩০০ শতাংশ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে অর্থনীতির প্রকৃত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঋণপ্রবাহ তৈরি না করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, অতিরিক্ত অর্থায়ন উৎপাদনশীল খাতে না গিয়ে অলস অর্থ হিসেবে জমে থাকতে পারে। এতে অদক্ষ ও পুরোনো উৎপাদন সক্ষমতা কমিয়ে আনার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে।
পান গংশেংয়ের মতে, ঋণপ্রবৃদ্ধির গতি কমে যাওয়াকে শুধু মুদ্রানীতির সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি চীনের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন।
আগে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় অংশ নির্ভর করত আবাসন, অবকাঠামো ও ভারী শিল্পের মতো ঋণনির্ভর খাতের ওপর। এসব খাত জমি, ভবন ও অন্যান্য স্থাবর সম্পদ জামানত রেখে ব্যাংক থেকে বিপুল ঋণ নিত।
এখন অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি সেবা, ডিজিটাল ব্যবসা ও মানবসম্পদনির্ভর শিল্পের গুরুত্ব বাড়ছে। এসব খাতে প্রবৃদ্ধির জন্য তুলনামূলক কম ঋণের প্রয়োজন হয়।
একই উৎপাদনে ঋণের প্রয়োজন ভিন্ন
চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপস্থাপিত পরিসংখ্যানে অর্থনীতির এই পরিবর্তনের চিত্র স্পষ্ট।
তথ্যপ্রযুক্তি সেবা খাতে প্রতি ১০ ইউয়ান মূল্য সংযোজনের বিপরীতে ঋণের পরিমাণ প্রায় ১ ইউয়ান। অন্যদিকে আবাসন খাতে একই পরিমাপে ঋণের পরিমাণ ১৭ ইউয়ান এবং পরিবহন খাতে ৩৩ ইউয়ান।
অর্থাৎ নতুন অর্থনীতির খাতগুলো তুলনামূলক কম ঋণ ব্যবহার করে বেশি মূল্য সংযোজন করতে পারছে। ফলে সামগ্রিক ঋণপ্রবৃদ্ধি কমলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ধরে রাখার সুযোগ তৈরি হচ্ছে।
সুদের হার কমানোর বিকল্প কৌশল
চীনের কেন্দ্রীয় ব্যাংক মনে করে, দেশটির প্রকৃত ঋণব্যয় শুধু নীতিসুদ দিয়ে বিচার করলে ভুল হবে। কারণ নীতিসুদের সঙ্গে আবাসন ঋণ, করপোরেট বন্ডসহ অন্যান্য ঋণের সুদের হারের ব্যবধান বিভিন্ন দেশে এক রকম নয়।
চীনে এই ব্যবধান তুলনামূলক কম। ফলে যুক্তরাষ্ট্রে যে আর্থিক পরিস্থিতি তৈরি করতে প্রায় শূন্যের কাছাকাছি নীতিসুদ প্রয়োজন হতে পারে, চীনে তুলনামূলক বেশি নীতিসুদ রেখেও কাছাকাছি পরিস্থিতি তৈরি করা সম্ভব।
এর উদাহরণ হিসেবে দেশটির আবাসন ঋণের সুদের হার প্রায় ৩ শতাংশে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদ সর্বনিম্ন পর্যায়ে থাকাকালে যে ধরনের আবাসন ঋণের সুদ দেখা গিয়েছিল, চীনের বর্তমান হার তার কাছাকাছি।
নীতিসুদে পরিবর্তনের নতুন পদ্ধতি
সরাসরি নীতিসুদ কমানোর পরিবর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদ নির্ধারণের কাঠামোয় পরিবর্তন এনেছে।
চলতি মাসে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে সাত দিনের পরিবর্তে এক দিনের মেয়াদি ঋণসুবিধার সুদকে প্রধান নীতিসুদ হিসেবে গ্রহণ করেছে। নতুন হার নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ, যেখানে আগের সাত দিনের হার ছিল ১ দশমিক ৪ শতাংশ।
তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এই পরিবর্তনের ফলে কার্যত সুদের হারে নতুন কোনো ছাড় দেওয়া হয়নি। কারণ এক দিনের মেয়াদি অর্থায়নে আগে থেকেই ১ দশমিক ২৫ শতাংশ সুদ নেওয়া হতো। তবে সেটি ছিল বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য দেওয়া অর্থায়ন।
নতুন কাঠামোয় এক দিনের মেয়াদি সুদকে আনুষ্ঠানিক নীতিসুদ হিসেবে গ্রহণ করায় কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদি অর্থবাজার নিয়ন্ত্রণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে।
বন্ডবাজারে কেন এত চাহিদা
চীনের বন্ডবাজারের বর্তমান পরিস্থিতি দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরছে। একদিকে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত ঋণপ্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছে, অন্যদিকে বিনিয়োগকারীরা সরকারি বন্ডে অর্থ রাখছেন।
সরকারি বন্ডের চাহিদা বাড়লে এর দাম সাধারণত বাড়ে এবং বিপরীতে বন্ডের সুদের হার কমে যায়। চীনে পাঁচ ও ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পেছনে এই প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সব মিলিয়ে চীন এখন অর্থনীতিকে সচল রাখতে শুধু সুদের হার কমানোর ওপর নির্ভর করছে না। বরং ঋণের কাঠামো পরিবর্তন, অর্থায়নের দক্ষতা বাড়ানো এবং সম্পদনির্ভর শিল্প থেকে অপেক্ষাকৃত কম ঋণনির্ভর খাতে প্রবৃদ্ধি স্থানান্তরের কৌশল অনুসরণ করছে। এই রূপান্তর কতটা সফল হয়, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতে চীনের ঋণবাজার ও সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা।












