ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকায় জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন ব্যাংকের ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারী। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
রাতভর ঘটনাস্থলে পুলিশের অবস্থান
খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে। পরে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এবং গ্রামীণ ব্যাংকের ফেনী জোনাল ম্যানেজার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি। গ্রামীণ ব্যাংকের কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রধান কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা
ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












