পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে চলছিল। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তাঁর ক্যামেরা।
সংঘর্ষের ঘটনায় বেড়া পৌর এলাকার কয়েকটি মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পুরোনো বিরোধ থেকে নতুন উত্তেজনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
আইনশৃঙ্খলা সভার পর আবার সংঘর্ষ
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে যান। সেখানে বিএনপি-সমর্থিত ব্যক্তিরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর ওপর হামলা চালানো হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।
দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া
দুপুর সাড়ে ১২টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
নিয়ন্ত্রণে আনার চেষ্টা পুলিশের
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বিকাল সাড়ে ৪টায় সংঘর্ষ পুরোপুরি থামেনি। এলাকায় উত্তেজনা থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।












