নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান অ্যাম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণ দেখিয়ে কারখানাটি গত ২৩ সেপ্টেম্বর লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হলেও তাঁদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হন। সকাল ৯টার দিকে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এ সময় কারখানার দিকে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করলেও প্রতিশ্রুতি রক্ষা করেনি। সর্বশেষ ২০ নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পাওয়ায় তাঁরা আন্দোলনে নামেন।
শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন শফিক বলেন, শ্রমিকদের অভিযোগ শোনার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
অ্যাম্বার বোর্ড মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।












