রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র একটি দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাজেকের মাচালংয়ের ১৪ কিলো এলাকার ফুরিহোলা মোনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালাতে যায়। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া যায়। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল ৯টা থেকে ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার জেএসএসের
গোলাগুলির ঘটনায় জেএসএসের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তাঁর দাবি, এ ঘটনায় সংগঠনের কোনো সদস্য জড়িত নন। অভিযোগটিকে তিনি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন।
২৯ দিন ধরে বন্ধ পর্যটন সড়কে যান চলাচল
এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে টানা ২৯তম দিনের মতো অবরোধ পালন করেছে সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণরক্ষা অধিকার কমিটি। শনিবারও অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
অবরোধের পাশাপাশি পর্যটকদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় প্রায় এক মাস ধরে সাজেক পর্যটনকেন্দ্রে অচলাবস্থা চলছে। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শত শত শ্রমিক, গাড়িচালক ও ক্ষুদ্র উদ্যোক্তা কর্মহীন হয়ে পড়েছেন।
খাদ্য ও ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা
সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাঘাইহাট বাজারসহ কয়েকটি সাপ্তাহিক হাটও বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ সংগ্রহে সংকট দেখা দিয়েছে। অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে।
সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সাজেকবাসীর পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া অবরোধ এক মাসে গড়িয়েছে। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চারটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও একটি দাবি নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
তাঁর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকেও দাবিগুলো পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।












